রাজধানীতে মশার উৎপাত ও যন্ত্রণা ভয়াবহ আকার ধারণ করছে। দিন কিংবা রাত সবসময়ই নগরবাসী মশার আক্রমণের শিকার হচ্ছে। সন্ধ্যা নামার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে মশা ঘিরে ধরে। স্বস্তিতে বসার কোনো উপায় নেই। রমজানে মসজিদে দীর্ঘসময় নিয়ে তারাবি নামাজ পড়তে গিয়েও মুসল্লিরা মশার যন্ত্রণার মধ্যে পড়ছেন। শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। মশার উৎপাতে ঘরে-বাইরে, অফিস-আদালতে কোথাও মানুষের স্বস্তি নেই। দুই সিটি করপোরেশন মশা নিধনের কার্যকর কোনো উদ্যোগ নিতে পারছে না। ন্যূনতম পদক্ষেপও দেখা যাচ্ছে না। কীটতত্ত্ববিদদের মতে, জানুয়ারির চেয়ে চলতি ফেব্রুয়ারিতে মশার হার ৪০ শতাংশ বেড়েছে। মার্চে এ হার আরও বাড়বে। মশার মধ্যে ৯০ শতাংশই কিউলেক্স। শঙ্কার বিষয় হচ্ছে, ডেঙ্গুবাহি এডিস মশাও বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। কিউলেক্স ও এডিস উভয় প্রজাতির মশার সমান্তরাল বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠছে। এখন কিউলেক্স মশার উৎপাত এতটাই বেড়েছে যে, মানুষের স্বস্তি বলে কিছু নেই। মশানিধনের কয়েল, স্প্রে কোনো কিছুই কাজ করছে না।
রমজানে মানুষ বহুবিদ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকট থেকে শুরু করে মশার ভয়াবহ উৎপাতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষ যে স্বস্তিতে রোজা ও এবাদত বন্দেগী করবে, তার কোনো উপায় নেই। নতুন সরকারের মেয়াদ মাত্র চারদিন হলো। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান রমজান মাসটিকে যাতে ব্যবসায়ীরা মুনাফার লাভের মাসে পরিণত না করেন, এজন্য আহ্বান জানিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ শনাক্ত করার উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে। আজ থেকে বাণিজ্যমন্ত্রী মাঠে নামবেন বলে জানা গেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের দ্রুত উদ্যোগ নেয়া জরুরি। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া উচিৎ হবে না।
যেখানে মানুষের আরামে রোজা পালন করার কথা, সেখানে তাদেরকে রোজা রেখে নানা দুশ্চিন্তা ও পেরেশানিতে থাকতে হচ্ছে। অন্যদিকে, গ্যাস সংকটে রাজধানীর অধিকাংশ মানুষ নাকাল হচ্ছে। ইফতার ও সেহরী তৈরিতে তাদের অশেষ ভোগান্তিতে পড়তে হচ্ছে। দেশে প্রতিদিন প্রায় ৪০০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে, প্রায় ২৬০ কোটি ঘনফুট। চাহিদার প্রায় অর্ধেকের মতো সরবরাহ করা হচ্ছে। অনেক জায়গায় গ্যাস থাকলেও চাপ নেই। অথচ গ্যাস না পেলেও মানুষকে মাস শেষে ঠিকই গ্যাসের বিল দিতে হচ্ছে। বিদ্যুৎ সংকটও রয়েছে। কোনো কোনো এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না। প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। দ্রব্যমূল্য মানুষের হাতের নাগলের মধ্যে রাখা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা এবং আইনশৃঙ্খলার উন্নতি করা। এই তিন অগ্রাধিকার কতটা পূরণ হচ্ছে, এ সপ্তাহের মধ্যে তার ধারণা পাওয়া যাবে। নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশাও তাই। তারা আশা করছে, গণতান্ত্রিক সরকার জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।
বর্তমানে মানুষ যেসব সমস্যা ও সংকটের মুখোমুখি হচ্ছে, সরকারের উচিৎ দ্রুত সেগুলোর সমাধান করা। যেসব সমস্যা মানুষের জীবনে সরাসরি আঘাত করে, সেগুলো নিরসনে উদ্যোগী হওয়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরাসরি মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। মানুষ যদি দুবেলা দুমুঠো ঠিকমতো খেতে না পারে, তবে তা সরকারের ব্যর্থতা হিসেবে পরিগণিত হয়। আমরা আশা করব, সরকার দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদেক্ষেপ নেবে। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে যে ব্যবসায়িক সিন্ডিকেট রয়েছে, তা ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছেন। গ্যাস সংকট কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়, সরকারকে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। মশার উপদ্রব কমাতে দুই সিটি করপোরেশনকে অধিক তৎপর হওয়া দরকার। মশা নিয়ন্ত্রণ করে নগরবাসীকে স্বস্তি দেয়ার ব্যবস্থা নিতে হবে। সরকারকে জনগণের চলতি সমস্যা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাধান করতে হবে। বড় বড় প্রকল্পের কাজের চেয়ে মানুষের চলমান সমস্যা দ্রুত সমাধানে অগ্রাধিকার দিতে হবে। বড় বড় প্রকল্পের কাজের চেয়ে বর্তমান সমস্যার সমাধান করাই শ্রেয়। বড় প্রকল্প সময় সাপেক্ষ এবং তা সময় নিয়ে করা যাবে। মানুষ এই মুহূর্তে যেসব সমস্যা ও সংকটে পড়ে রয়েছে, তা থেকে তাদের উদ্ধার করা জরুরি।
