শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদনে নারায়ণগঞ্জের ব্যবসায় পরিস্থিতির যেই হতাশাজনক চিত্র ফুটিয়া উঠিয়াছে, উহা উদ্বেগজনক বটে। ফুটপাত হইতে বড় ব্যবসা প্রতিষ্ঠান; বর্তমানে নারায়ণগঞ্জের সকলেরই ব্যবসা খারাপ। ডাব বিক্রেতার ২০ সহস্র টাকার ডাব বিক্রয় করিতে যদি ১৫ দিন লাগিয়া যায়, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারের পরিস্থিতি সহজেই অনুমেয়। এমনকি প্রধান খাদ্য চাউলের বাজারেও এই মন্দাভাব চলিতেছে। ব্যবসায়ীগণ জানাইয়াছেন, বর্তমানে ব্যবসা দুই বৎসর পূর্বাপেক্ষা ২০ শতাংশ হ্রাস পাইয়াছে। দুই বৎসর পূর্বে সেইখানে ৮০টি আটাকল ছিল; এখন ৬০টিও চালু নাই। একসময় নারায়ণগঞ্জের পরিচিতি ছিল পাট দিয়া। অন্তর্বর্তী সরকারের নির্দেশনার কারণে চার মাস যাবৎ কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকায় সেই ব্যবসায়ও মন্দ যাইতেছে। রড বিক্রয় ৪০ শতাংশের মতো হ্রাস পাইয়াছে। ফলে এই খাতের ১৪টা মিল এখন বন্ধ। যেইগুলি চলিতেছে, অধিকাংশের উৎপাদন প্রায় অর্ধেকে নামিয়া গিয়াছে। নারায়ণগঞ্জের সর্ববৃহৎ ব্যবসা নিট গার্মেন্ট খাতের ৪৫টি প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় এখন কয়েক লক্ষ শ্রমিক বেকার।
এদিকে ব্যবসা-বাণিজ্যের এই মন্দাবস্থার অনিবার্য ফলস্বরূপ নারায়ণগঞ্জে বিভিন্ন সামাজিক সমস্যার উদ্ভব হইয়াছে। একদিকে মধ্যবিত্ত পরিবারসমূহকে পুঁজি বা সঞ্চয় ভাঙিয়া জীবিকা নির্বাহ করিতে হইতেছে, অন্যদিকে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ উপায়ান্তর না পাইয়া কেহ ভিক্ষাবৃত্তিতে নামিয়াছেন, কেহ ছিনতাই, পকেট কাটা ইত্যাদি অপরাধে যুক্ত হইতে বাধ্য হইতেছেন। ইহার প্রভাবে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরায় ব্যবসা-বাণিজ্যকে সংকুচিত করিতেছে। যেমন নিতাইগঞ্জ পাইকারি ও খুচরা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জানাইয়াছেন, তাহাদের তৈরি খাদ্যের সকল পদ নারায়ণগঞ্জ হইতে ৪০টি জেলায় নদী ও সড়কপথে যায়। কিন্তু ইদানীং ভয়ে অনেক ব্যবসায়ী আসেন না। ফলে তাহাদের ব্যবসা বিশেষত গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে অধিক পরিমাণে হ্রাস পাইয়াছে। শুধু আইনশৃঙ্খলার অবনতিই নহে; সরকারের কতিপয় সিদ্ধান্ত এই অচলাবস্থা সৃষ্টি করিয়াছে। মূল্যস্ফীতি হ্রাসের নামে ঋণের সুদহার আকাশচুম্বী করায় দ্রব্যমূল্য তেমন হ্রাস না পাইলেও ব্যবসার পরিচালন ব্যয় অসহনীয় পর্যায়ে তুলিয়াছে, যাহার ভার বহন অনেক বৃহৎ ব্যবসায়ীর জন্যও দুরূহ। উহার সহিত যুক্ত হইয়াছে সরকারের অক্ষমতাজাত গ্যাস-বিদ্যুতের সংকট।
প্রতিবেদনটি শুধু নারায়ণগঞ্জের চিত্র তুলিয়া ধরিলেও বস্তুত এই সংকট দেশের সর্বত্র। কারখানা শুধু নারায়ণগঞ্জেই নহে; গাজীপুরসহ দেশের বহু স্থানে বন্ধ হইয়াছে। কিছুদিন পূর্বে বিটিএমএর সভাপতি এক অনুষ্ঠানে বলিয়াছিলেন, ইতোমধ্যে টেক্সটাইল খাতের অর্ধেক সংখ্যক কারখানা বন্ধ হইয়া পড়িয়াছে। সরকার উপযুক্ত পদক্ষেপ না লইলে আগামী ছয় মাসের মধ্যে বাকি অর্ধেকও বন্ধ হইয়া যাইবে। বিজিএমইএর নেতারাও রপ্তানি সংকটসহ নানাবিধ সমস্যায় তৈরি পোশাক খাতের বহু কারখানা বন্ধ হইবার তথ্য জানাইয়াছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সরকারের মধ্যে এই বিষয়ে কোনো তৎপরতা লক্ষ্য করা যাইতেছে না। স্মরণ করা যাইতে পারে, অন্তর্বর্তী সরকার ১৮ মাস পূর্বে দায়িত্ব গ্রহণের পর ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরাইতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশিষ্ট অর্থনীতিবিদগণ বেশ কিছু প্রণিধানযোগ্য পরামর্শ দিয়াছিলেন; সেইগুলিও অদ্যাবধি বিবেচনায় লওয়া হয় নাই। অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষ। তাই ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রতিই আমাদের প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের ভুলের পুনরাবৃত্তি যেন না ঘটে। অর্থনীতির জ্বলন্ত সমস্যাগুলির প্রতি শুরুতেই তাহারা নজর দিবেন।
