একীভূতকরণের প্রক্রিয়াধীন পাঁচ ইসলামী ব্যাংকের সাধারণ শেয়ারধারীদের শেয়ার শূন্য করার বিপরীতে তাহারা কোনো ক্ষতিপূরণ পাইবেন কিনা, তাহা লইয়া সৃষ্ট ধোঁয়াশা দুঃখজনক। বুধবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন বলিতেছে, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় কেহই এই বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করিতেছে না। আরও হতাশাজনক, দায়িত্বশীলদের তরফ হইতে একেক সময় একেক রকম বক্তব্য দেওয়া হইতেছে। বাংলাদেশ ব্যাংকের পরামর্শ অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লেনদেন স্থগিত করিবার সময় পাঁচ ব্যাংকের ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার দেড় টাকা হইতে সর্বোচ্চ তিন টাকা দরে ক্রয়-বিক্রয় হইতেছিল। অথচ এই সকল শেয়ারে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ মূল্য ছিল আরও অধিক, ক্রমাগত পতন হইবার কারণেই এই গুলির দর কমিয়া গিয়াছে। দর পতন এতটাই হইয়াছে, বিনিয়োগকারীরা লোকসানের মুখে পড়িয়াছেন। শেয়ারের অংশ শূন্য করিবার যেই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক গ্রহণ করিয়াছে, সেইখানে মুনাফা না পাইলেও সাধারণ শেয়ারধারীরা বিনিয়োগের অর্থ পাইবার অধিকার রাখেন।

প্রসঙ্গত, বিগত শাসনামলে যেইভাবে ব্যাংকগুলো লুট হইয়াছে, সেই ক্ষেত্রে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের দায় উপেক্ষার সুযোগ নাই। ইহাতে সরকারের যোগসাজশও ছিল ‘ওপেন সিক্রেট’। পাঁচটি ব্যাংকের অধিকাংশ ব্যাংকই গত সরকারের আমলে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। অপরদিকে এক্সিম ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের হস্তে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যাংকগুলিকে ‘অকার্যকর’ ঘোষণা, তৎসহিত এইগুলির পর্ষদ ভাঙিয়া দিয়াছে; এমডিদের অপসারণ করিয়াছে এবং তৎস্থলে প্রশাসক বসাইয়াছে।

আমরা মনে করি, বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হইয়া সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের শেয়ার শূন্য করার পদক্ষেপকে বেআইনি ও বৈষম্যমূলক বলিয়া যে অভিযোগ করিয়াছেন, উহা অযৌক্তিক নহে। এই ক্ষেত্রে তাহারা সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার যেই বিষয়টি তুলিয়া ধরিয়াছেন, উহাও অস্বীকার করিবার অবকাশ নাই। বিনিয়োগকারীরা তাহাদের অর্থের সুরক্ষা তো বটেই, একই সঙ্গে মুনাফার লক্ষ্যেও ব্যাংকে আমানত রাখিয়া থাকেন। আমানতকারীদের শতভাগ সুরক্ষা প্রদান করা ব্যাংক ও তাহার নিয়ন্ত্রক সংস্থার জরুরি কর্ম। অন্যদিকে, চলিত মাসের শুরুতে যখন সমস্যাগ্রস্ত ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, এক্সিম, গ্লোবাল এবং ইউনিয়ন ব্যাংক একীভূত করা হইয়াছিল তখন বাংলাদেশ ব্যাংক ঘোষণা করিয়াছিল, পাঁচটি ব্যাংক একীভূতকরণের পর শেয়ারধারীদের ক্ষতিপূরণ দেওয়া হইবে। কিন্তু বুধবার প্রকাশিত সমকালের প্রতিবেদন বলিতেছে, ইহা লইয়াও ধোঁয়াশা তৈয়ার হইয়াছে। কারণ মঙ্গলবার সাংবাদিকরা সচিবালয়ে পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ বিষয়ে জানিতে চাহিলে অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের নিকট প্রশ্ন করিবার পরামর্শ দিয়াছিলেন। যদিও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানাইয়াছে, তাহাদের কিছুই করণীয় নাই। পরে অবশ্য বিষয়টি দেখিবেন বলিয়া আশ্বাস দিয়াছেন অর্থ উপদেষ্টা। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বই প্রধান বলিয়া আমরা মনে করি। কেবল একীভূতকরণের পরই নহে, সর্বাবস্থায় ব্যাংকের পরিস্থিতি কতটা খারাপ বা ভালো, উহার তদারকি কেন্দ্রীয় ব্যাংককেই করিতে হইবে। কাহারও খারাপ প্রবণতা দেখিলে সময় থাকিতেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। আমরা বিশ্বাস করি, কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ ও অনান্য ব্যাংকের সহযোগিতায় ব্যাংক খাতের সংকট উতরানো কঠিন নহে।

তবে আলোচ্য পাঁচ ব্যাংকের শেয়ারধারীদের ক্ষতিপূরণের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতেই দেখিতে হইবে। তাহাদের অনেকে নিশ্চয় ক্ষুদ্র বিনিয়োগকারী। আমানতকারীদের শতভাগ সুরক্ষার বিপরীতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাহাতে নিঃস্ব না হয়, তজ্জন্য বাংলাদেশ ব্যাংককে আগাইয়া আসিতে হইবে। মনে রাখিতে হইবে, বিনিয়োগকারীদের আস্থায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একীভূতকরণের পূর্বেই তাহাদের স্বার্থ সর্বাগ্রে চিন্তা করা জরুরি ছিল। অর্থ উপদেষ্টা যেহেতু আশ্বাস দিয়াছেন; আর বিলম্ব না করিয়া কেন্দ্রীয় ব্যাংকের সহিত আলাপ করিয়া দ্রুত সিদ্ধান্ত লইয়া ক্ষতিপূরণের ব্যবস্থা করিতেই হইবে।