টানা শীতে কাঁপছে সারাদেশ। শীতের সঙ্গে ঘন কুয়াশা। নজিরবিহীন বিপর্যয়কর অবস্থা নেমে এসেছে জনজীবনে। গ্রাম থেকে শহর কোথাও এতটুকু স্বস্তি নেই। গ্রাম ও শহরের গরিব ও প্রান্তিক মানুষের অবস্থা সবচেয়ে বেশি শোচনীয়। শীতের পাশাপাশি শৈতপ্রবাহে তাদের, বিশেষত বৃদ্ধ ও শিশুদের অবস্থা খুবই কাহিল। ঘর থেকে বেরুনোর উপায় নেই। অথচ, গ্রাম-শহরের কর্মজীবী মানুষের পেটের দায়ে বেরুতেই হচ্ছে। বেরুলেই কী কাজ মিলছে? না, তেমন নিশ্চয়তা নেই। শীতে এমনিতেই কাজ কমে যায়। শীতে সরকারের রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ কার্যক্রম চলে। এসব কর্মসূচিতে কর্মজীবী মানুষ কাজ পায়। এবার সেই সুযোগও কম। অর্থাভাবে সরকার উন্নয়ন কার্যক্রম সেভাবে চালাতে পারছে না, যাতে বিপুল সংখ্যক মানুষ কাজের সুযোগ পায়।
তীব্র শীতে ও কাজকর্ম কমে যাওয়ায় দরিদ্র ও কর্মজীবী মানুষের চুলায় হাড়ি চড়ছে না ঠিক মতো। এ মুহূর্তে শীতার্ত মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন শীতবস্ত্র ও খাদ্য। আবহাওয়া দফতরের তথ্য মতে, শীত ও কুয়াশা আগের মতো আরো দু’দিন বহাল থাকার পর ৫ জানুয়ারি থেকে আরোও বাড়তে পারে। শৈতপ্রবাহও প্রবলতর হতে পারে। এমন কি, কুয়াশার পরিধি ও গভীরতা বাড়তে পারে। পর্যবেক্ষকদের মতে, শীতে কুয়াশা স্বাভাবিক হলেও এক-দুই দিন স্থায়ী হয়। এবার কুয়াশার স্থায়িত্ব বেড়েছে। গত শুক্রবার কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি ফ্লাইট নামতে পারেনি। এমন পরিস্থিতি আগেও দেখা গেছে। ঘন কুয়াশায় ফেরি চলাচলও বিঘিœত হচ্ছে। বরাবরের মতো এবার শীতের প্রকোপ উত্তর অঞ্চল ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে তুলনামূলকভাবে বেশি। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে শীতের সঙ্গে মৃদু শৈতপ্রবাহ এখনো বইছে। এটা বাড়ার সঙ্গে দেশের সব অঞ্চলেই ছড়িয়ে পড়তে পারে। তখন জনজীবনে বিপর্যয় আরো বাড়বে। শীত বাড়ার সাথে সাথে শীতজনিত রোগব্যাধি বাড়ছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। আগামীতে এ অবস্থা ভয়াবহ রূপ নিতে পারে। তীব্র শীতে কর্মসংকটের পাশাপাশি কৃষিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। রবিশস্য শাক-সবজি ও তরিতরকারির ক্ষতি হয়। এবারও তার লক্ষণ ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে।
বিদ্যমান পরিস্থিতিতে শীতকাতর মানুষের পাশে দাঁড়ানো জরুরি। দরিদ্র ও প্রান্তিক মানুষ, তা গ্রামেই হোক বা শহরে, তাদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া আবশ্যিক কর্তব্য। সরকরি ও বেসরকারিভাবে তাদের এই সেবা নিশ্চিত করা যেতে পারে। অতীতে শীতকালে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের প্রতিযোগিতা হতে দেখা যেতো। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার তরফে শীতবস্ত্র বিতরণ করা হতো। এবার এখনো সরকারিভাবে, রাজনৈতিক দলগুলোর তরফে কিংবা সামাজিক সংগঠন এনজিওর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণে তেমন কোনো কর্মসূচি লক্ষ করা যাচ্ছে না। মানবিক অনুভূতি ও সামাজিক কর্তব্য পালনের প্রেরণা কি তাহলে কমে গেছে? আমরা তা মনে করি না। আশা করি, অবিলম্বে সরকার এবং বিভিন্ন সংগঠন ও সংস্থা শীতবস্ত্র বিতরণের কর্মসূচি নিয়ে শীতার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে।
বস্ত্রের পাশাপাশি শীতগ্রস্ত মানুষের জন্য খাদ্যের প্রয়োজন বেশি। এটা মোটেই এড়িয়ে যাওয়ার মতো নয়। কৃষিশ্রমিক, নির্মাণশ্রমিকসহ দৈনন্দিন শ্রমিক, রিকশাচালক, ঠেলাওয়ালা ইত্যাদি এবং হতদরিদ্র মানুষের খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান দেয়া দরকার। কর্ম সংকটের কারণে তারা নিরালম্ব হয়ে পড়েছে। সরকারিভাবে রিলিফ হিসেবে এবং বেসরকারিভাবে সহায়তা হিসেবে খাদ্যাভাবী লোকজনদের মধ্যে খাদ্যসহ জরুরি সামগ্রী বিতরণের বিকল্প নেই। শীতে যেহেতু দরিদ্র, শ্রমজীবী ও সহায়-সম্বলহীন মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অতীতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। এবার এ ধরনের দুঃখজনক ঘটনা যাতে না ঘটে, সে জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ এখনই নিতে হবে। সরকারি হাসপাতাল ও ক্লিনিকেও যাতে একই পদক্ষেপ নেয়া হয়, তার জন্য সরকারকে প্রচেষ্টা চালাতে হবে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিকরা স্বেচ্ছায় এই সামাজিক সেবার কর্মসূচি প্রতিপালন করবেন বলে আমরা আশা করি।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে ৫১টি রাজনৈতিক দলের ও স্বতন্ত্রপ্রার্থী মিলে ২৫৬৯ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। এখন চলছে মনোয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। ৪ জানুয়ারি পর্যন্ত চলবে একাজ। অতঃপর ৯ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন প্রার্থীরা। এ প্রক্রিয়া শেষ হলে মনোনীত প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় শামিল হবেন। নির্বাচন অতীতে আমাদের দেশে উৎসবের মেজাজে অনুষ্ঠিত হয়েছে। এবার অনেক বছর পর সেই উৎসবমুখর নির্বাচন হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সঙ্গতকারণেই বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর চূড়ান্ত পর্যায়ের নির্বাচনী প্রচারণায় নেমে পড়বেন তারা। সব দেশের মতো আমাদের দেশেও নির্বাচনকেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। পর্যবেক্ষকরা আশা করেন, এবার প্রচারণায় আড়ম্বর প্রদর্শন না করে, অধিক অর্থ ব্যয় না করে রাজনৈতিক দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীরা সেই অর্থ শীতদুর্গত এবং দরিদ্র মানুষের সহায়তায় ব্যয় করবেন। এভাবে তাদের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যরোধের পরিচয় দেবেন। সবচেয়ে বড় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে দৃষ্টান্ত স্থাপনকারী সিদ্ধান্ত নেবেন বলে তাদের প্রত্যাশা। বলা বাহুল্য, তিনি যদি দলের নির্বাচনী ব্যয় কমিয়ে সেই অর্থ দুর্দিনে-দুঃসহময়ে পড়া মানুষদের সহায়তায় কাজে লাগান, অন্যন্য দলও তা অনুসরণ করতে অনুপ্রাণিত হবে। স্বতন্ত্র প্রার্থীরাও বিষয়টি বিবেচনায় নেবেন। এভাবে দরিদ্র, কর্মসংকটে পড়া ও প্রান্তিকজনের বড় ধরনের উপকার ও কল্যাণ হবে।
