পবিত্র মাহে রমাদান শেষ হতে চলেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী কাল অথবা পরুশুদিন উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ঘোষিত পুরস্কারের প্রত্যাশায় এই ঈদ অনেক বেশি মহিমান্বিত ও আনন্দঘন। সিয়াম সাধনার পাশাপাশি জাকাত ও ফিতরা আদায় শেষে পাপ-পঙ্কিলতামুক্ত হয়ে অনাবিল আনন্দ লাভ এই ঈদের বিশেষ সওগাত। পবিত্র কোরআন নাজিলের এই মাসে রোজা পালন, তারাবি নামাজসহ বেশি বেশি ইবাদত-বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভের প্রয়াস, প্রতিটি ফরজ ও নফল ইবাদতের অতিরিক্ত ফজিলত এবং হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ লাইলাতুল কদরে গোনাহ মাফের অনন্য সুযোগ ইত্যাদি অভিব্যঞ্জনায় রোজা এবং ঈদুল ফিতর ধর্মপ্রাণ মুসলমানের কাছে অত্যন্ত তাৎপর্যবহ ও আধ্যাত্মিক সুষমামন্ডিত উৎসব। কেবল আনন্দ-উল্লাস নয়, ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাকের অনুগ্রহ, ক্ষমা ও সন্তুষ্টিলাভ এবং মানব কল্যাণের সুযোগ রয়েছে এর মধ্যে। কঠোর সিয়াম সাধনা, সংযম, দান-খয়রাত, পরার্থপরতা, ত্যাগ ও সার্বজনীন কল্যাণে আত্মনিবেদনের সমন্বয়ে ঈদ-উৎসব অনেক বেশি বাস্তবিক শুভময়তা এবং পারলৌকিক মুক্তির প্রত্যাশায় নিবেদিত।
ইতোমধ্যে রাজধানী ছেড়ে লাখ লাখ মানুষ নাড়ির টানে বাড়ি ফিরেছে এবং ফিরছে। প্রিয়জনদের সাথে ঈদ করা আমাদের দেশে ঐতিহ্যে পরিণত হয়েছে। সারাবছর দেখা না হলেও অন্তত ঈদ উপলক্ষে অনেকের সাথে দেখা-সাক্ষাৎ হয়। আত্মীয়-স্বজনদের সাথে সময় কাটানো যায়। এক পারিবারিক ও সামাজিক মেলবন্ধনের সৃষ্টি হয়। অন্য যেকোনো আনন্দ-উৎসব ও ঈদের আনন্দ-উৎসবের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন: ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন, আসমানী তাকিদ। আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন হাত মিলাও হাতে।
দে যাকাত মুর্দা-মুসলিমের আজ ভাঙ্গাইতে নিদ।’ ঈদের এই সার্বজনীন ও পারলৌকিক কল্যাণ, সাম্য-সৌহার্দ্যের বার্তা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে ও কর্মে যথার্থভাবে প্রতিফলিত হলেই ঈদের অন্তর্নিহিত আহবান সফল ও সার্থক হবে। মুসলমানদের মধ্যে ধনী-দরিদ্র, অবস্থানগত পার্থক্য ও উঁচু-নিচু ভেদাভেদের কোনো সুযোগ নেই। আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে সকল মানুষই তাদের সাধ্যানুযায়ী ঈদ-উৎসবে অংশগ্রহণ করে। প্রতি বছর ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ শহর ও কর্মস্থল থেকে গ্রামে যায়। এ সময় সড়ক-মহাসড়কে ব্যাপক চাপ সৃষ্টি হয়। বিগত বছরগুলোতে আমরা দেখেছি, মাইলের পর মাইল যানজটে পড়ে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছিল। এমনকি পথেই ঈদ হয়ে গেছে। তবে গতবারের মতো এবারও পরিস্থিতি একেবারেই ভিন্ন।
বাস, ট্রেনের টিকেট নিয়ে মানুষকে যেভাবে ভোগান্তিতে পড়তে হতো, তা ছিল না। ট্রেনের টিকেটের জন্য ভোর রাত থেকে মানুষকে কমলাপুর রেল স্টেশনে লাইন দিতে হয়নি। বাস, ট্রেন, লঞ্চ স্বাভাবিকভাবে সময় মতো যাতায়াত করছে। ঈদের ছুটি আগের চেয়ে দীর্ঘ হওয়ায় মানুষ স্বস্তির সাথে বাড়িতে যেতে পারছে। বিগত অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতায় নির্বাচিত নতুন সরকার ঈদযাত্রা নির্বিঘœ করতে সক্ষম হয়েছে। ঈদে স্বাভাবিকের তুলনায় সড়ক-মহাসড়কে গাড়ির সংখ্যা ও চাপ বেশি হওয়া স্বাভাবিক। তবে আগের মতো যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হচ্ছে না। যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে। মানুষ আনন্দ ও স্বস্তির সাথে ঈদযাত্রা করতে পারছে। যানবাহন চালকদের সতর্ক থাকতে হবে, মসৃণ ও যানজটমুক্ত সড়ক পেয়ে যাতে তারা বেপরোয়া হয়ে না উঠে। এতে দুর্ঘটনার আশঙ্কা প্রবল থাকে। যাত্রীদেরও এ ব্যাপারে সচেতন থাকতে হবে। এ কথাও স্মরণে রাখা দরকার, ঘরে ফেরার পথটি যেমন অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে, ঈদ শেষে কর্মস্থলমুখী হওয়ার পথটিও মসৃণ হওয়া সকলের কাম্য। আমরা আশা করব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কাজটি করতে সক্ষম হবে। ঈদের এ সময়টাতে ছিনতাইকারীসহ অন্যান্য অপরাধী বেপরোয়া হয়ে উঠে। অনেক মানুষ বাসাবাড়ি ছেড়ে গ্রামে ঈদ করতে যায়। ফলে এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অধিক সতর্ক থাকা আবশ্যক। সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
অন্য যেকোনো বছরের তুলনায় এবার নগর ছেড়ে মানুষ বেশি গ্রামে যাচ্ছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। এ কারণে গ্রাম-গঞ্জে সম্ভাব্য প্রার্থীরা সবার সাথে দেখা-সাক্ষাৎ, ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। অপরদিকে ইসলামের শিক্ষা এই, প্রত্যেক মুসলমান ভাই ভাই। ফলে ঈদকে উপলক্ষ করে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ দৃঢ় করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে মানুষের দুঃখ-কষ্ট ও বিপদাপদে পাশে দাঁড়ানো উচিত। মাহে রমজান ও ঈদুল ফিতরের শিক্ষাও তাই। মানুষের মধ্যে ইসলামের অহিংসা, ক্ষমা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা জাগরিত হোক। ইরান-ইসরাইল আমেরিকার যুদ্ধের কারণে সারা বিশ্ব আজ এক নতুন বাস্তবতার সম্মুখীন। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের কারণে জ্বালানি সংকটের আশঙ্কা ও মূল্যবৃদ্ধি বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই সংকট মোকাবেলায় সরকার যথেষ্ট সতর্ক ও সফলতার স্বাক্ষর রেখেছে। জ্বালানি সংকটের দোহাই দিয়ে ঈদে বিদ্যুৎ বিভ্রাটের কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। জ্বালানি সরবরাহে সরকারি নির্দেশনা মেনে চলা জরুরি। পৃথিবী থেকে ধ্বংসাত্মক যুদ্ধ সংঘাত-হানাহানির অবসান হোক। ফিলিস্তিন ও আল আকসার মুক্তির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ও বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হোক। সবার মধ্যে প্রকৃত ধর্মবোধ ও নৈতিক মূল্যবোধ, সম্প্রীতি জাগ্রত হোক, পবিত্র ঈদ উপলক্ষে এটাই আমাদের আন্তরিক কামনা। ঈদ আনন্দময় হোক, এই প্রত্যাশার সঙ্গে সঙ্গে আমরা ইনকিলাবের সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, হকার, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
