সমাজে শিক্ষকের, বিদ্বজ্জনের সম্মান ছিল; এখনো যে নেই তা কিন্তু নয়। তবে প্রশ্ন হলো, তেমন শিক্ষক ও বিদ্বজ্জনের সংখ্যা এখন কেমন? সমাজে পেশাজীবী শিক্ষকের সংখ্যা তো কম নয়, রাজনৈতিক প্রোপাগান্ডায় বুদ্ধিজীবী ও বিদ্বজ্জনের সংখ্যাও অনেক। কিন্তু তাদের দিয়ে সমাজের, দেশের প্রয়োজন কতটা পূরণ হচ্ছে? তাদের অনেকেই নিজেদের ব্যক্তিগত প্রয়োজন পূরণেই অধিক ব্যস্ত। এমন লক্ষ্যে তারা সরকারের কাছে, এমনকি ক্ষমতাসীন দলের ছাত্রনেতাদের কাছে মাথানত করতেও কুণ্ঠিত নন। তবে এর ব্যক্তিক্রমও আছে। তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর নিয়াজ আহমেদ খান। দলীয় রাজনৈতিক প্রভাবের কারণে দেশে শিক্ষকরা হেনস্তা হচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। সাবেক এই ভিসি বলেছেন, ‘রাজনীতি আমাদের বারবার আশাহত করেছে। আমরা যারা দলীয় রাজনীতির বাইরে, আমরা রাজনীতির প্রতি বিরক্ত, বীতশ্রদ্ধ। কিন্তু সমাধান এই নয় যে আমি রাজনীতি ছাড়া চলবো, বিরাজনীতিকরণ সমাধান নয়। রাজনৈতিক লোকজন যেন আমাদের সম্মান করে, সেই পথ আমাদের তৈরি করতে হবে।’

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে প্রফেসর নিয়াজ আহমেদ খান আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়তে করণীয়’ শিরোনামে এই সভার আয়োজন করে বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স (বিএসএ)। নিয়াজ আহমেদ খান বলেন, ‘আমাদের সমাজে ক্ষমতার মানে হচ্ছে আরেকজনকে ভয় দেখানো। এই মানসিকতা মোকাবিলা করার উপায় ঐক্যবদ্ধ থাকা। আমি রাজনীতিকে বাদ দিয়ে চলতে বলছি না। আমি বলছি রাজনৈতিক লোকজন আমার সঙ্গে আসুক, কিন্তু আমি তার পেছনে যাব না। তার জন্য শিক্ষকদের মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে হবে। সব পর্যায়ের শিক্ষকদের এটা প্ল্যাটফর্মে থাকতে হবে।’

প্রফেসর নিয়াজ আহমেদ খান যেন সময়ের কথা বললেন। তিনি বললেন, রাজনৈতিক লোকজন যেন আমাদের সম্মান করে, সেই পথ আমাদের তৈরি করতে হবে। আরো বলেছেন, রাজনৈতিক লোকজন আমার সঙ্গে আসুক, কিন্তু আমি তার পেছনে যাব না। এই যে রাজনীতিবিদদের পেছনে না যাওয়ার অঙ্গীকার এটাতো বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। আমরা তো সাম্প্রতিক সময়ে এবং বর্তমানেও লক্ষ্য করছি, যারা রাজনীতিবিদদের পেছনে দাঁড়াতে অভ্যস্ত তারাই শিক্ষা সংশ্লিষ্ট বড় বড় পদে অধিষ্ঠিত হয়ে আছেন। এমন লোভী ও মেরুদণ্ডহীন শিক্ষকরা কি করে দেশে শিক্ষার মান বাড়াবেন এবং শিক্ষাঙ্গনে কাঙ্ক্ষিত শৃংখলা প্রতিষ্ঠিত করবেন? আসল কাজটি করতে হলে, সমাজে বিদ্বজ্জনের মর্যাদা ফিরে পেতে হলে শিক্ষকদের মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে শিক্ষকদের প্ল্যাটফর্মে। যেসব শিক্ষকরা বাটার ও ব্রেডের পিছনে ঘুরছেন, তাদের দ্বারা সময়ের দাবি পূরণ সম্ভব নয়। সমাজ এখন জ্ঞানদীপ্ত ও আত্মমর্যাদাসম্পন্ন শিক্ষকদের অপেক্ষায় আছে, যারা জ্ঞানভিত্তিক সমাজ পরিগঠনে দিশা দেবেন।