প্রাকৃতিক পরিবেশ আমরা উপলব্ধি করি, রাজনৈতিক পরিবেশও উপলব্ধি করা যায়। যখন ৭৮ শতাংশ বৃটিশ নাগরিক ইসরাইলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করেন, তখন বোঝা যায় তারা এতদিন চোখ বন্ধ করে ছিলেন না। তবে সময়ের দাবি পূরণে তারা কিছুটা বিলম্ব করে ফেলেছেন। ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চ (ন্যাটসেন) পরিচালিত এক জরিপে বৃটিশ নাগরিকদের এ মতামত জানা গেছে। গত সপ্তাহে প্রকাশিত এ জরিপে বলা হয়েছে, প্রতি পাঁচজন বৃটিশ নাগরিকের মধ্যে প্রায় চারজনই ইসরাইলকে বিশ্বশান্তির জন্য বড় হুমকি হিসেবে দেখেন। ২০০৫ সালের এ হার ছিল ৪৮ শতাংশ, যা চলতি বসন্তে বেড়ে দাঁড়িয়েছে ৭৮ শতাংশে। গাজায় আড়াই বছর ধরে চলা গণহত্যা এবং ইরানে ইসরাইল ও আমেরিকার যৌথ হামলার ঠিক পরপরই এ পরিসংখ্যান সামনে এসেছে। এর আগে গত জুলাই মাসে ‘কাউন্সিল ফর বৃটিশ-অ্যারাব আন্ডারস্ট্যান্ডিং’-এর উদ্যোগে পরিচালিক ‘ইউগভ’-এর একটি জনমত জরিপে দেখা যায়, বৃটিশ জনগণের মাত্র ১৭ শতাংশ মনে করেন ইসরাইল গাজায় কোনো গণহত্যা চালাচ্ছে না। ইরানের বিরুদ্ধে যুদ্ধ বৃটেনের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে, যার মাশুল গুণতে হচ্ছে দেশটির সাধারণ মানুষকে। পরিবারগুলোকে জ্বালানি, খাদ্য এবং গৃহঋণ বাবদ আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।
গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড তাদের বেস রেট ৩.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে। গত তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এ প্রথম সুদের হার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। এ সিদ্ধান্তের ফলে মটগেজ গ্রহীতাদের কিস্তির পরিমাণ বেড়ে গেছে এবং নতুন গৃহঋণ নেওয়া বা পুরানো ঋণ নবায়নের খরচও বেড়ে গেছে। অথচ ইরানের সাথে যুদ্ধ শুরুর আগে অর্থনীতিবিদরা সুদের হার কমার পূর্বাভাস দিয়েছিলেন। উল্লেখ্য, গত তিন বছরে ইসরাইল সম্পর্কে বৃটিশ নাগরিকদের মনোভাবে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। ২০২৪ সালের শরৎকালেই গাজায় ইসরাইলের গণহত্যা শুরুর এক বছর পর, দেশটির ৭৩ শতাংশ নাগরিক ইসরাইলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি বলে মনে করতেন। ইসরাইল গাজায় অন্তত ৭৪ হাজার ৬৪৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে ২২ হাজারের বেশি শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬২ জন। আরো প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। গত বছরের অক্টোবরে ঘোষিত তথাকথিত যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি হামলায় ১ হাজার ৬১৩ ফিলিস্তিনী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৮৩৩ জনের বেশি।
বিশ্ববাসী জানেন, গাজা তথা মধ্যপ্রাচ্যে ধ্বংসযজ্ঞের মূল অপরাধী ইসরাইল হলেও দেশটিকে সঙ্গ দিয়েছে আমেরিকা। তাই আমেরিকা সম্পর্কেও বৃটিশ নাগরিকদের মধ্যে নেতিবাচক মনোভাব বাড়ছে। বর্তমানে দেশটির ৭৪ শতাংশ নাগরিক বিশ্বশান্তির জন্য আমেরিকাকে গুরুতর হুমিক মনে করছেন। ১৯৯৪ সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময় ২২ শতাংশ বৃটিশ নাগরিক আমেরিকাকে একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করতেন। এরপর ২০০৫ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে ইরাকে অবৈধ আগ্রাসনের দুই বছর পর এ হার বেড়ে ৪৭ শতাংশে দাঁড়ায়। উপলব্ধি করা যায়, বিশ্বশান্তির জন্য ইসরাইল এবং আমেরিকা বর্তমানে কতটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর হুমকির এ হার ক্রমেই বেড়ে চলেছে। প্রশ্ন জাগে, কোনো সভ্য দেশ কি বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে উঠতে পারে? সভ্য দেশ তো নিজ দেশে শান্তি প্রতিষ্ঠায়ও অবদান রাখার কথা। কিন্তু ইসরাইল ও আমেরিকা তো এর বিপরীত মেরুতে অবস্থান করছে। অথচ দেশ দুটি জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় বেশ প্রাগ্রসর। ফলে উপলব্ধি করা যায় জ্ঞান-বিজ্ঞান, অর্থনীতি ও শক্তিতে বড় হলেই কোনো দেশ সভ্য হয়ে যায় না। সভ্য হওয়ার জন্য প্রয়োজ নৈতিকতা এবং মানবিক উপলব্দি। এর অভাবে পৃথিবী এখন ক্রমেই মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। অনেকের বিবেচনায় পৃথিবীতে বিরাজ করছে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিবেশ। মানুষ আর কোনো বিশ্বযুদ্ধ চায় না। আমেরিকা ও ইসরাইলের নাগরিকরাও চায় না আর কোনো যুদ্ধ। এবারের নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা তাদের রায় দিয়ে দিয়েছেন। এবার শাসক নামে উন্মাদদের বোধোদয় ঘটলে হয়।
