রাজধানীর উপকণ্ঠে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরিয়া যেই তুলকালাম অঘটন ঘটিয়াছে, উহা উদ্বেগজনক হইলেও বিস্ময়কর নহে। শিক্ষার্থী ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়া সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানাইয়াছে, রবিবার সন্ধ্যায় আশুলিয়ার খাগান এলাকায় এক শিক্ষার্থীর থুতু অপর শিক্ষার্থীর শরীরে লাগিবার জের ধরিয়া উভয় পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতির পর সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উক্ত এলাকায় অবস্থিত ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভাড়া বাসায় ভাঙচুর চালান। এই পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়িলে দুই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ স্ব স্ব শিক্ষার্থীদের শান্ত করিয়া আলোচনার মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধানে সম্মত হয়। কিন্তু মধ্যরাত্রে ড্যাফোডিলের শিক্ষার্থীরা লাঠিসোটা, ধারালো অস্ত্র লইয়া সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকিয়া প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। সিটি ইউনিভার্সিটির অভিযোগ, ইহাতে তাহাদের গুরুত্বপূর্ণ নথিপত্র লুট, তৎসহিত ২০ হইতে ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। প্রতিবেদনমতে, প্রভাত পর্যন্ত চলমান ঐ সংঘর্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হইয়াছেন, যাহার অনেকেই বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
বস্তুত বিবিধ কারণে সমাজের বিভিন্ন অংশের মধ্যে অস্থিরতা, বিশেষত সাম্প্রতিক সময়ে এতটাই বৃদ্ধি পাইয়াছে, সামান্য কারণে উহা বিস্ফোরণের দিকে ধাবিত হয়। তাই আলোচ্য সংঘর্ষ দুঃখজনক হইলেও আদৌ বিস্ময়কর নহে। স্মরণ করা যাইতে পারে, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভ্রাতৃঘাতী সংঘর্ষ অতীতে খোদ রাজধানীর বুকেই বহুবার প্রত্যক্ষ করা গিয়াছে। সামান্য ঘটনায় কিছুদিন পরপরই সংঘর্ষে সংশ্লিষ্ট হইতেছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। গত বৎসর নভেম্বরে পুরাতন ঢাকার সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে তিন প্রতিষ্ঠানেই যেই ধ্বংসযজ্ঞ চলিয়াছিল, তাহা ছিল অভূতপূর্ব।
অন্যদিকে কিশোরগঞ্জের ভৈরবকে দেশের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে মহাসড়কের পর সোমবার রেলপথ অবরোধ করিতে গিয়া স্থানীয় বাসিন্দারা যেই বিভীষিকার জন্ম দেন উহাও সেই সামাজিক অস্থিরতারই আরেক নিদর্শন। সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, নোয়াখালী হইতে ছাড়িয়া আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে বিক্ষুব্ধ লোকজনের রোষানলে পড়ে। আন্দোলনকারীরা এক পর্যায়ে ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করিয়া ইটপাটকেল নিক্ষেপ করে। ফলস্বরূপ বন্ধ হইয়া যায় উভয় দিকে ট্রেন চলাচল। স্বভাবতই বিভিন্ন গন্তব্যের যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েন। ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করিয়া প্রায়শ সংঘর্ষের ঘটনা ঘটিবার কথা কাহারও অজানা নহে। যাহার জেরে বহু হতাহতের ঘটনা ঘটে এবং জনজীবন স্থবির হইয়া পড়ে।
বিশ্লেষণ করিলে আলোচ্য দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় একদিকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের উত্তপ্ত পরিস্থিতিতে স্বীয় শিক্ষার্থীদের উপর ধারাবাহিক নজরদারির ঘাটতি যদ্রূপ ধরা পড়িবে, তদ্রূপ আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় মুহূর্তে তৎপর না হইবার দুর্বলতাও বাহির হইয়া আসিবে। বিশেষত ক্ষতিগ্রস্ত সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অভিযোগ করিয়াছে, বারংবার আহ্বান জানাইবার পরও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সময়মতো আগাইয়া আসে নাই। অন্যদিকে ভৈরবকে জেলা ঘোষণা দাবিও নূতন নহে। ইতোপূর্বে এই ইস্যুতে সেখানে আন্দোলন হইয়াছে। তাই স্থানীয় প্রশাসনের এই বিষয়ে পূর্বপ্রস্তুতি থাকা অত্যাবশ্যক ছিল। কিন্তু পরিস্থিতি বলিতেছে, স্থানীয় প্রশাসন উক্ত বিষয়ে সতর্ক থাকে নাই।
আমরা দেখিয়াছি, অতীতে অনুরূপ ঘটনাবলির পর প্রতিটি ক্ষেত্রে এক বা একাদিক তদন্ত কমিটি গঠিত হইত। কিন্তু সেই সকল তদন্তের ফল জনগণ জানিতে পারিত না। জানিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুপারিশগুলি কার্যকর করিত না। আমাদের প্রত্যাশা, আলোচ্য ক্ষেত্রে সরকার নেতিবাচক ঐতিহ্য হইতে বাহির হইয়া আসিবে। স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন, তৎসহিত কার্যকর সমাধানেরও পথ খোঁজা হইবে।
