ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা জটিল আবর্তে হাবুডুবু খেতে শুরু করেছে। ভুল নীতির কারণে স্বৈরাচারী সরকারের সাড়ে ১৫ বছরে অনেক সম্ভাবনা হাতছাড়া হয়েছে। ওই সরকার আদতে ভারতের পুতুল সরকার হিসেবেই চিহ্নিত হয়েছিল। সরকারের মন্ত্রী-এমপিদের কথাবার্তায় বিভিন্ন সময়ে তা জনগণের কাছে পরিষ্কার হয়েছে। আমাদের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরীতা নয়’ হলেও অতিমাত্রায় ভারতপ্রীতি ও ভারতনির্ভরতার কারণে ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকার পরও বাংলাদেশ তার সম্ভাব্য অগ্রযাত্রা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় পররাষ্ট্রনীতি পরিবর্তনের বড় প্রত্যাশা থাকলেও বিএনপি সরকারের পররাষ্ট্রনীতিতে মোটাদাগে তার কোনো ছাপ পরিলক্ষিত হচ্ছে না। ইরান যুদ্ধের বাস্তবতায় দেশের জ্বালানি নিরাপত্তাসহ অর্থনৈতিক পরিস্থিতি উত্তরণের সম্ভাব্য প্রক্রিয়াগুলো যেন হাতছাড়া হয়ে যেতে বসেছে। বিশেষত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ভূমিকা, দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। বিগত সময়ে শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী যেভাবে দেশের পররাষ্ট্রনীতি একচ্ছত্র ভারতনির্ভর করে তোলার মধ্য দিয়ে নিজেদের গদি রক্ষার কৌশল গ্রহণ করেছিলেন, তেমনি বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতমুখিতা দেখাচ্ছেন। তিনি প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে ভারতকে রেখে নিজের নীতি কৌশল গ্রহণ করেছেন বলে প্রতিয়মান হয়। তারেক রহমানের নীতি হচ্ছে, সবার আগে দেশ। কিন্তু ড. খলিলুর রহমানের নেতৃত্বে পরিচালিত পররাষ্ট্রনীতি দেশের স্বার্থ রক্ষা করতে পারছে কি?

দেশের স্বার্থের প্রশ্নে শহীদ জিয়ার জাতীয়তাবাদী ভাবধারা ও খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং এই ক্রান্তিকালে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখেই দেশের মানুষ বিএনপি নেতৃত্বাধীন জোটকে ভোট দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় বসিয়েছে। মানুষের প্রত্যাশা এবং বিএনপি’র নির্বাচনী মেনিফেস্টোর প্রতিশ্রুতি সম্পর্কে সরকারের মন্ত্রী-আমলাদের বেখেয়াল হওয়ার কোনো সুযোগ নেই। পরিবর্তিত রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতায় ড. খলিলুর রহমানের অতিমাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতি পক্ষপাত পররাষ্ট্রনীতিতে এক ধরনের ভারসাম্যহীনতা সৃষ্টি করছে।

দেশের জ্বালানির চাহিদা মেটাতে হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীলতার বাস্তবতায় ইরান যুদ্ধে বাংলাদেশ কোনো পক্ষে অবস্থান না নিয়েও অন্যায়-অন্যায্য ও চাপিয়ে দেয়া যুদ্ধের বিপক্ষে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পক্ষে কথা বলতে পারতো। এমনকি ইউরোপ-অস্ট্রেলিয়াসহ পশ্চিমা মিত্র দেশগুলোও যখন ইসরাইল-আমেরিকার আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিচ্ছে, তখন ৯০ ভাগ মুসলমানের বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত তা বাৎলে দেয়ার অপেক্ষা রাখে না। ইরান, সউদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিএনপির ট্রাডিশনাল পররাষ্ট্রনীতির অংশ হলেও ড. খলিলুর রহমান এর ব্যত্যয় ঘটিয়ে দেশের স্বার্থ ও পররাষ্ট্রনীতিকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগপ্রাপ্ত হয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ন কবির। মন্ত্রণালয়ের কার্যক্রমে তার তেমন কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দীর্ঘদিন ধরে দলে আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগে ভূমিকা পালন করলেও এখন পররাষ্ট্রীতিতে কাক্সিক্ষত ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে তার অবস্থানও যেন গৌণ হয়ে পড়েছে। অর্থনৈতিক সক্ষমতা, জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্যপূর্ণ নীতি পারস্পরিক সম্পর্কযুক্ত বিষয়। ইরান যুদ্ধের বাস্তবতায় জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন দেশ যখন নিজস্ব তহবিল গঠনসহ বহুমুখী তৎপরতা নিয়ে মাঠে নামছে, বাংলাদেশ তখন ঋণের খোঁজে তৎপরতা দেখাচ্ছে। এটা মোটেই সুবিবেচনা প্রসূত নয়।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি ছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের মর্যাদা সমুন্নত রাখতে শিরদাঁড়া সোজা করে কথা বলা। বিশেষত ভারতের সাথে সমান মর্যাদার প্রশ্নে আপসহীন ভূমিকা দেশের মানুষের কাছে প্রশংসনীয় বার্তা দিয়েছিল। নতুন সরকারের পররাষ্ট্র নীতিতে তারই ধারাবাহিকতার প্রতিফলন ঘটবে, এমনটাই প্রত্যাশিত ছিল। দৃশ্যমান বাস্তবতা বিপরীত বার্তা দিচ্ছে। বিশেষত আরব দেশসমূহ চীন ও ইরানের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক ধরে রাখতে না পারলে জ্বালানি নিরাপত্তাসহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন হয়ে পড়তে পারে। একমুখী পররাষ্ট্রনীতি থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের পররাষ্ট্রনীতিকে এক বহুমুখী ভারসাম্যপূর্ণ নীতির উপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন।

তিনি একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার মধ্য দিয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। সেই সাথে চীনের সাথে নতুন বাণিজ্যিক-কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং গার্মেন্ট রফতানির বাজার হিসেবে ইউরোপ-আমেরিকায় বাজার সৃষ্টির ক্ষেত্রেও অসামান্য ভূমিকা পালন করেছিলেন। এরশাদ এবং শেখ হাসিনা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রাখতে চরমভাবে ব্যর্থ হয়েছিলেন। বিএনপির কাছে মানুষ জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির প্রতিফলন দেখতে চায়। চলমান জ্বালানি সংকট ও ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতায় ইরান, আরব দেশসমূহ ও চীনসহ উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদারদের সহযোগিতা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার ভিত্তিক দায়িত্ব। কিন্তু আমরা দেখছি, সরকার আমদানিনির্ভর ভারতের কাছে জ্বালানি সহায়তা চাইলেও চীনের সহায়তার প্রস্তাব নিয়ে নিরবতা অবলম্বন করছে। দেশের মানুষ জ্বালানি ও খাদ্যনিরাপত্তার মতো অতি গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশকে আর ভারতের মতো আগ্রাসী প্রতিবেশীর উপর নির্ভরশীল দেখতে চায় না। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপসহ কার্যকর পরিবর্তন অপরিহার্য। পররাষ্ট্রনীতিতে ভারসাম্য ও জাতীয় স্বার্থ রক্ষায় ড. খলিলুর রহমানের ব্যর্থতা প্রমাণিত হয়েছে। এহেন বাস্তবতায় নতুন চিন্তার অবকাশ রয়েছে। সরকারের কাছে জনগণের প্রত্যাশা ও আঞ্চলিক বাস্তবতা সামনে রেখে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে যথাযথ হোমওয়ার্ক ও দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে।