গত শুক্রবার নজিরবিহীন সামরিক হামলা চালিয়ে তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র। গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ভেনেজুয়েলায় হামলা ও তাদের বন্দি করে নিয়ে যাওয়ার কথা বলেছেন। ভেনেজুয়ালার বিরুদ্ধে মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধের জন্য তেল ব্যবহার করছে বলে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। এছাড়া ভেনেজুয়েলা থেকে বহু মানুষ যুক্তরাষ্ট্রে আশ্রয় নিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ। এ নিয়ে দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক চলছিল। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ২০১৩ সালে মারা যাওয়ার পর তার ঘনিষ্ট মাদুরো প্রেসিডেন্ট হন।

পরবর্তীতে আর্থিক সংকটে থাকা দেশটিতে মাদুরোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এরপরও ২০২৪ সালের নির্বাচনে মাদুরো বিজয় লাভ করেন। দেশটির বিরোধীদলগুলোর অভিযোগ ছিল, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজই বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। মাদুরো প্রভাব খাটিয়ে ভোটে কারচুপি করেছেন। ডোনাল্ড ট্রাম্প মাদুরোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন। মূলত মাদক চোরাচালান ও মাদুরোর বৈধতার প্রশ্ন তুলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা ও স্ত্রীসহ মাদুরোকে তুলে নিয়ে যায়। একে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনকালের পরিবর্তন বলা হচ্ছে। তবে ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি পরিচালনা করব। পাশাপাশি যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার সব তেলের খনি নিয়ন্ত্রণে নেবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এই কারাগারে হাই-প্রোফাইল বন্দিদের রাখা হয়। ইতোমধ্যে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার এবং অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালত সূত্র জানিয়েছে, মাদুরো এবং তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। মাদক ও অস্ত্র মামলার বিচারের আগ পর্যন্ত মাদুরোকে ব্রুকলিন ডিটেনশন সেন্টারে রাখা হবে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, রাশিয়া, চীন, স্পেনসহ বিভিন্ন দেশ।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও সস্ত্রীক প্রেসিডেন্টকে তুলে নেয়ার ঘটনাকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আগ্রাসী, বর্বর, অসভ্য, ত্রাসসৃষ্টিকারি ও সন্ত্রাসী কর্মকা- হিসেবে অভিহিত করেছেন। আধুনিক সভ্যতায় এ ধরনের হামলা নজিরবিহীন এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্বর যুগে ‘জোর যার মুল্লুক তার’, এমন প্রবণতা ছিল। ক্ষমতাশালীরা দুর্বলদের পদানত করাসহ সম্পদ কেড়ে নিত। প্রাচীন বাংলায় রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল বংশের প্রতিষ্ঠার আগ পর্যন্ত (৭ম-৮ম শতকে) বিরাজমান যে চরম অরাজকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, যাকে ‘মাৎস্যন্যায়’ বলা হয়। সেখানে ‘বড় মাছ ছোট মাছকে গ্রাস করে’ এমন নীতি বলবৎ ছিল। ভেনেজুয়েলায় হামলা করে যুক্তরাষ্ট্র যেন সেই নীতিরই প্রতিফলন ঘটিয়েছে।

দুর্বল রাষ্ট্রগুলোর ওপর প্রবল প্রতাপে আক্রমণ করা যুক্তরাষ্ট্রের কাছে নতুন কিছু নয়। তবে সব জায়গায়ই যুক্তরাষ্ট্রকে পরাজিত হতে হয়েছে। কোথাও জিততে পারেনি। ভিয়েতনাম, কোরিয়া, পানামা, ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান প্রভৃতি দেশে হামলা চালিয়েছে। ভিয়েতনামসহ এশিয়ায় কমিউনিজম ছড়িয়ে পড়ার শঙ্কায় ষাটের দশকের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ভিয়েতনামে হামলা চালায়। ভিয়েতনাম একে ‘আমেরিকান ওয়ার’ হিসেবে আখ্যায়িত করে। প্রায় ১১ বছর যুদ্ধ করে যুক্তরাষ্ট্র ভিয়েতনামের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। এতে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস) এর হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫৮ হাজার ২২০ জন সেনা নিহত হয়। রেজিম চেঞ্জের নাম করে ইরাক, লিবিয়া, আফগানিস্তান, সিরিয়ায় হামলা চালিয়েও তাকে পরাজিত হতে হয়েছে।

সবগুলো দেশ থেকে তাকে অসম্মানজনকভাবে বিদায় নিতে হয়েছে। আফগানিস্তানে যে তালেবানের বিরুদ্ধে বিশ বছর যুদ্ধ করেছে, সেই তালেবানের কাছেই পরাজিত হয়ে রাতের আঁধারে যুক্তরাষ্ট্রকে পালাতে হয়েছে। দেশটিতে এখন তালেবান সরকার। ইরাক, লিবিয়া, সিরিয়াও তার নিয়ন্ত্রণে নেই। দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র যেসব দেশে খবরদারি করতে গেছে, সেসব দেশ বিশৃঙ্খল ও ধ্বংস হলেও সেখান থেকে তাকে পততাড়ি গুটিয়ে আসতে হয়েছে। একটি দেশ কীভাবে চলবে, তার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার একমাত্র দেশটির জনগণের। সেখানে কোনো স্বৈরাচার কিংবা অগণতান্ত্রিক সরকার ক্ষমতাসীন হলে, তার বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। তারাই আন্দোলন-সংগ্রাম করে বিতাড়ন করবে। এক্ষেত্রে বাইরের দেশের হস্তক্ষেপের কোনো অধিকার নেই। সাম্প্রতিককালে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় স্বৈরাচারবিরোধী যে গণঅভ্যুত্থান হয়েছে, তা দেশগুলোর জনগণই করেছে। তারা আন্দোলন করে রেজিম পরিবর্তন করেছে। এখানে বাইরের কোনো দেশের হস্তক্ষেপের প্রয়োজন হয়নি। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যা করেছে, তা দস্যুতা ছাড়া কিছু নয়। সেখানে রেজিম পরিবর্তন করার প্রয়োজন হলে, তা জনগণের ওপরই ছেড়ে দেয়া উচিৎ ছিল। তা না করে, যুক্তরাষ্ট্র যেভাবে আগ্রাসন ও মানুষ হত্যা করে দেশটির প্রেসিডেন্টকে উৎখাত ও গ্রেফতার করে নিয়ে গেছে, তা কোনো সভ্য আচরণ হতে পারে না। যুক্তরাষ্ট্র নিজেকে সবচেয়ে বড় গণতান্ত্রিক ও মানবিক হিসেবে জাহির করে। অথচ দেশে দেশে সে আগ্রাসী ভূমিকা এবং মানুষ হত্যার ঘৃণ্য নজির স্থাপন করছে। এটা কি গণতান্ত্রিক ও মানবিক আচরণ? এটা কি অন্যের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত হস্তক্ষেপ নয়? যুক্তরাষ্ট্রের এ ধরনের অভব্য আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা করে যেভাবে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, তা একটি স্বাধীন দেশ জোর করে দখল করা ছাড়া কিছুই নয়। বর্তমান বিশ্বপ্রেক্ষাপটে এ ধরনের দখলদারিত্ব কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এতে বিশ্বে যে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, তা যুক্তরাষ্ট্রের জন্য ভালো কিছু নয়। কোনো দেশের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করাই শ্রেয়। ভেনেজুয়েলায় হামলার আগে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। সেটা সে দিতে পারে। তবে হামলা চালিয়ে দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে রেজিম পরিবর্তন করার পদক্ষেপ বিশ্বের জন্য অশনি সংকেত। ছোট ও দুর্বল রাষ্ট্র হলেই তাকে যুক্তরাষ্ট্র বা অন্যকোনো দেশের কথা মতো চলতে হবে, কুর্নিশ করতে হবে, এমন প্রবণতা বিশ্বকে অস্থিতিশীল ও ভারসাম্যহীন করে তুলবে। এর দায় যুক্তরাষ্ট্র এড়াতে পারে না। আমরা দেখেছি, সন্ত্রাস নির্মূল ও শান্তি স্থাপনের কথা বলে যুক্তরাষ্ট্র যত পদক্ষেপ নিয়েছে, তাতে বিশ্বে কেবল অশান্তি সৃষ্টি করেছে। শান্তির পরিবর্তে অশান্তি বেড়েছে। দেশে দেশে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তি দুর্বল করেছে। ছোট দেশগুলোর স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার শঙ্কা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করি, পরাশক্তি ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো বিশ্বে একটি ভারসাম্যমূলক শান্তিময় পরিবেশ সৃষ্টিতে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেবে। ছোট দেশ বলে কারো স্বাধীনতা-সার্বভৌমত্বকে খাটো করে দেখবে না।