মেঘালয়ের সীমান্তবর্তী বাংলাদেশের আদিবাসীদের গ্রামগুলো একসময় কার্তিক-অগ্রহায়ণ মাস এলেই নানান আদিবাসী উৎসবে মুখরিত থাকত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই মৌসুমে গ্রামগুলো প্রায় পুরুষশূন্য দেখা যায়। ঘরে ঘরে কেবল অপেক্ষমাণ কিছু মুখ। আদিবাসী গ্রামগুলোতে চরমাগা, দেওয়ালি, ওয়ানগালা কিংবা বাস্তুপূজা আর হয় না। পরিবারের অধিকাংশই নিরুদ্দেশ থাকলে কি আর উৎসব জমে ওঠে!

সুনামগঞ্জের তাহিরপুর, মধ্যনগর, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর এবং নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা অঞ্চলে হাওরবাসীর এই নিরুদ্দেশ যাত্রা শুরু হয়েছে বেশি দিন হয়নি। বছর বছর মেঘালয় পাহাড়ের পাহাড়ি বালু ও আবর্জনায় খুন হয়ে যাচ্ছে হাওরের একরের পর একর জমি আর জলপ্রবাহ। হাওরের অধিকাংশ বিল, জলাশয় ইজারা নিয়ে দখল করে রেখেছে ধনী আর প্রভাবশালীরা। ফলে হাওরে এ সময়ে কাজ নেই। মাছ ধরার জলপ্রবাহ নেই।

মানুষের চলে যেতে হয় সীমান্ত পেরিয়ে উত্তর-পূর্ব ভারতের পাথর ও কয়লা খনিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে। অনেকেই জীর্ণ জীবনটা নিয়ে ফিরে আসেন; অনেকেই চলে যান কয়লা কি পাথরের স্তূপের তলায়। তারপর আর কেউ তাদের খবর জানে না। দেশের সবচেয়ে বড় খাদ্য উৎপাদনকারী এলাকা ‘হাওরাঞ্চল’। সেখানকার মানুষ আজ খাদ্যের সন্ধানে ভাটির দুনিয়া থেকে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে প্রকৃতির অন্যান্য জীব-প্রাণবৈচিত্র্য, হাজার বছরের লালিত সংস্কৃতি।

দুনিয়ার সবচেয়ে বড় ব-দ্বীপ নদীমাতৃক বাংলাদেশের মোট আয়তনের ছয় ভাগের এক ভাগ জুড়ে হাওর জলাভূমি। বাংলাদেশে হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড দেশে ৪১৪টি হাওর আছে বলে তাদের এক দলিলে উল্লেখ করে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সংখ্যাটা ৪২৩। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬০টি উপজেলার ৫৩৯টি ইউনিয়নে বিস্তৃত হাওরাঞ্চলে প্রায় দুই কোটি মানুষের বসবাস। ধান আর মাছ দিয়ে হাওর বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের শরীর।

হাওরের রাধারমণ, হাসন রাজা, শাহ আবদুল করিম, শীতালং শাহ, আরকুম শাহ, দূরবীন শাহ, জালালের মতো কারিগরদের জ্ঞান ও মূর্ছনায় নিরন্তর প্রাণ পায় বাংলাদেশ। কয়লা, পাথর, বালু, গ্যাস, তেল সরবরাহ করে হাওর। এখানেই আছে দুনিয়ার দুর্লভ মিঠাপানির জলাবনের অবশেষ চিহ্নগুলো। দেশকে এত যে বিলায়, সেই হাওরের দুর্দশা আর কাটে না। রাষ্ট্র হাওরের জল-দানা আর সুরে বাঁচে, অথচ নির্দয়ের মতো হাওরকে বারবার বঞ্চিত রাখে, উপেক্ষা করে।

২০১২ সালে একটি হাওর উন্নয়ন মহাপরিকল্পনা এবং ২০২৫ সালে আরেকটি নতুন মহাপরিকল্পনা পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড তৈরি করেছে। কিন্তু বিস্ময়ের বিষয়, দুটো পরিকল্পনার কোনোটাতেই হাওরের সবচেয়ে বড় বিপদ, অর্থাৎ সীমান্তের ওপারে উত্তর-পূর্ব ভারতের অবৈধ ও অগণিত পাথর, কয়লা খনি, পাহাড়ে ভাঙন, বাঁধ, জলবিদ্যুৎ প্রকল্প এসবের প্রণিধানযোগ্য উল্লেখ নেই। এ ছাড়া ২০১২-৩২ মেয়াদি এ পরিকল্পনা তিন ধাপে বাস্তবায়নের লক্ষ্য থাকলেও গত ১২ বছরে মাত্র ১ শতাংশ অগ্রগতি হয়েছে, যা পরিকল্পনার ধীরগতি ও ব্যর্থতার ইঙ্গিত দেয়।

এককালে পাহাড়ি এলাকা থেকে বৃষ্টির পানি নেমে হাওর এলাকায় বর্ষায় তৈরি করত ঋতুভিত্তিক বন্যা। ওই বন্যার সঙ্গে মানুষের পরিচয় নিবিড় ছিল। কিন্তু এখন যখন তখন যে কোনো জায়গা দিয়েই যে কোনো হাওরেই নামে পাহাড়ি ঢলের পানি। কারণ মেঘালয় পাহাড়ে প্রাকৃতিক বনভূমির আচ্ছাদন নেই। পাশাপাশি কয়লা আর পাথর খনির জন্য এলোপাতাড়ি পাহাড় খননের ফলে এসব পাহাড় ভেঙে পাহাড়ি ছড়ার মাধ্যমে বাংলাদেশের একটির পর একটি হাওর নিরুদ্দেশ করে দিচ্ছে।

নেত্রকোনার প্রধান নদী সোমেশ্বরী, মহাদেও, লেঙ্গুরা, কংশ, উবদাখালীতে বছরে আট মাস পানি থাকছে না। চর পড়ায় নদীগুলো সমানে বেদখল হয়ে যাচ্ছে। চোখের সামনে মেঘালয় পাহাড়ের বালুর স্তূপে নিহত হয়েছে সুনামগঞ্জের তাহিরপুরের অন্যতম পচাশোল হাওর, স্রোতবহা নয়াছড়া (নয়া খাল) এবং সিলেটের কোম্পানীগঞ্জের পাথরচাওলীর হাওর। দেশের দ্বিতীয় রামসার অঞ্চল টাঙ্গুয়ার হাওরের কাছাকাছি পাথর ও কয়লা খনির পাশাপাশি পশ্চিম খাসি পাহাড়ে গড়ে তোলা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম খনি প্রকল্প। দেশের গুরুত্বপূর্ণ খাদ্য অঞ্চল হাওরের ও হাওরবাসী জনগণের শরীর, মগজের সীমানার নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র বাধ্য। উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে তথাকথিত উন্নয়ন বাহাদুরি বন্ধ না হলে হাওরের নিরুদ্দেশ যাত্রা কোনোকালেই থামবে না।

হাওরাঞ্চলের নির্দয় নিরুদ্দেশ যাত্রা নিয়ে রাষ্ট্রকে প্রশ্ন করে আজ সবাই মিলে এক জোট হয়ে দাঁড়াতে হবে। এই হাওরাঞ্চলই অন্যায় নানকার প্রথা, টংক প্রথার বিরুদ্ধে, এমনকি ভাসান পানিতে সবার প্রবেশাধিকারের দাবিতে বারবার গর্জে ওঠার সাহস জুগিয়েছে বাংলাদেশকে। হাওরের প্রাণ ও প্রকৃতির ন্যায়বিচার নিশ্চিত করে নিরুদ্দেশ হওয়া থেকে হাওরকে বাঁচানোর দায়িত্ব সকলের, তবে সবার আগে রাষ্ট্রের।

লেখক: সাংবাদিক raselahamed1980bk@gmail.com