রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ২ নভেম্বর সন্ধ্যায় ঘোষিত নতুন দাম রাত ৮টা থেকে কার্যকর হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান ব্যয়, সংসারের বাড়তি খরচ এবং সাধারণ মানুষের সীমিত আয়ের বাস্তবতায় এলপিজির এ মূল্যবৃদ্ধি নতুন করে উদ্বেগ ও দুর্ভোগ তৈরি করেছে। বিশেষ করে যেসব পরিবার রান্নার জন্য সম্পূর্ণভাবে সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীল, তাদের জন্য এই বাড়তি ব্যয় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
এলপিজি এখন আর কেবল শহরের উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের জ্বালানি নয়। দেশের বিপুলসংখ্যক পরিবার রান্নার কাজে এ গ্যাস ব্যবহার করে। শহরাঞ্চলের পাশাপাশি জেলা ও উপজেলা শহরেও পাইপলাইনের গ্যাসের সীমিত প্রাপ্যতা কিংবা সংযোগ না থাকার কারণে অনেক পরিবারকে সিলিন্ডার কিনতে হয়। ফলে এলপিজির দাম বাড়লে তা সরাসরি সাধারণ মানুষের পারিবারিক বাজেটে প্রভাব ফেলে। চাল, ডাল, তেল, মাছ, মাংস, শাকসবজিসহ প্রতিটি নিত্যপণ্যের দাম সামলাতে গিয়ে যখন মানুষ হিমশিম খাচ্ছে, তখন রান্নার জ্বালানির ব্যয় বৃদ্ধি তাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। নভেম্বরের নতুন দাম অনুযায়ী, মাত্র ১১ মাসে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৭৫৪ টাকা। বৃদ্ধির হার প্রায় ৫৭ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ বছরের শুরুতে যে সিলিন্ডার কিনতে একজন ভোক্তাকে ১ হাজার ৩০৬ টাকা খরচ করতে হতো, এখন একই সিলিন্ডারের জন্য তাঁকে ২ হাজার ৬০ টাকা ব্যয় করতে হচ্ছে। এ হিসাবও কেবল সরকার নির্ধারিত দামের। বাস্তবে অনেক এলাকায় ভোক্তাদের আরও কয়েকশ টাকা বেশি দিতে হচ্ছে।
দামের এ ধারাবাহিক পরিবর্তন ভোক্তাদের জন্য এক ধরনের অনিশ্চয়তাও তৈরি করছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয়ের প্রয়োজনীয়তা থাকতে পারে। কিন্তু মূল্য সমন্বয়ের প্রক্রিয়া, আমদানি ব্যয়, বাজার পরিস্থিতি এবং ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্যের মধ্যে স্বচ্ছতা ও সামঞ্জস্য থাকা জরুরি। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশে দ্রুত দাম বাড়ানো হবে, অথচ আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার সুফল ভোক্তারা কতটা পাচ্ছেন, সে প্রশ্নও গুরুত্বপূর্ণ। বিইআরসির মূল্য নির্ধারণের পদ্ধতি ও সংশ্লিষ্ট হিসাব সাধারণ মানুষের কাছে আরও সহজবোধ্য ও স্বচ্ছ হওয়া প্রয়োজন। তবে এলপিজি বাজারের সবচেয়ে উদ্বেগজনক দিক শুধু দাম বৃদ্ধি নয়, সরকার নির্ধারিত দামে গ্যাস না পাওয়ার বাস্তবতা। বিভিন্ন এলাকার ভোক্তাদের অভিযোগ, ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে তাঁদের ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। কোথাও কোথাও এ বাড়তি দাম দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। দোকানভেদে বিক্রয়মূল্যের পার্থক্য, সরবরাহের অনিয়ম এবং কৃত্রিম সংকটের অভিযোগও রয়েছে। অর্থাৎ বিইআরসি যে দাম নির্ধারণ করছে, বাজারে তার কার্যকর প্রতিফলন ঘটছে না। একজন ভোক্তা যখন নির্ধারিত দামের চেয়ে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দিয়েও গ্যাস পাচ্ছেন না, তখন কাগজে-কলমে মূল্য নির্ধারণ তাঁর কী কাজে আসছে?
এ পরিস্থিতিতে সরবরাহ সংকটের প্রকৃত কারণ অনুসন্ধান করা জরুরি। আমদানি, পরিবহন, মজুত, বোতলজাতকরণ ও পরিবেশনের কোন পর্যায়ে সমস্যা তৈরি হচ্ছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে হবে। দেশে পর্যাপ্ত এলপিজি আমদানি ও সরবরাহ হচ্ছে কি না, আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো নিয়মিত বাজারে পণ্য ছাড়ছে কি না এবং পরিবেশক ও খুচরা বিক্রেতাদের পর্যায়ে কোনো ধরনের অস্বাভাবিক মজুত বা কারসাজি চলছে কি না, এসব বিষয়ে কার্যকর তদন্ত প্রয়োজন। সরবরাহে ঘাটতি থাকলে তার তথ্যও জনসমক্ষে প্রকাশ করতে হবে। কারণ, প্রকৃত সংকটের তথ্য গোপন রেখে শুধু দাম বাড়িয়ে বাজার পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে বিইআরসি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং প্রতিযোগিতা কমিশনের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিইআরসি দাম নির্ধারণের পাশাপাশি সে দাম কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ নিতে পারে। বাজারে নিয়মিত অভিযান পরিচালনা, অনুমোদিত বিক্রয়মূল্য দৃশ্যমান স্থানে প্রদর্শন, অতিরিক্ত দাম আদায়কারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। শুধু বিচ্ছিন্ন অভিযান কিংবা সাময়িক জরিমানা দিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না। বাজার তদারকির একটি নিয়মিত ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এলপিজি বাজারে প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করাও জরুরি। আমদানি ও বিপণন ব্যবস্থায় অল্প কয়েকটি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হলে বাজারে সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে একচেটিয়া প্রভাব বিস্তারের আশঙ্কা থাকে। নতুন প্রতিষ্ঠানকে ন্যায্য প্রতিযোগিতার সুযোগ দেওয়া, আমদানি ও মজুতের তথ্য প্রকাশ এবং বাজারে পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে পরিবেশক ও খুচরা বিক্রেতাদের পর্যায়ে অস্বাভাবিক মুনাফা আদায়ের প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে। কোনো পর্যায়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের জিম্মি করার সুযোগ থাকা উচিত নয়।
