এনটিএমসির বিলুপ্তিসহ টেলিযোগাযোগ আইনে গুরুত্বপূর্ণ সংশোধনী ২০২৫ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে গৃহীত হয়েছে। বিদ্যমান টেলিযোগাযোগ আইনে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের ন্যূনতম নিরাপত্তাসহ নিরবচ্ছিন্ন সেবার নিশ্চয়তা না থাকলেও যত্রতত্র ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের নামে জনসাধারণকে যথেচ্ছ হয়রানির শিকারে পরিণত করা ছিল রাষ্ট্রীয় নিপীড়নের অন্যতম হাতিয়ার। তথ্যপ্রযুক্তি চলমান বিশ্বব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে প্রত্যেক নাগরিক তথ্যের মহাসরণি ও মহাসমুদ্রে প্রবেশ করতে পারে। শিক্ষা, বাণিজ্য, আর্থিক লেনদেন, ব্যক্তিগত ও বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির নেটওয়ার্ক অনিবার্য বাস্তবতা হিসেবে আবির্ভূত হয়েছে। ইন্টারনেটের ব্যবহার যতই বাড়ছে এর সঠিক ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা ততই যেন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের মাধ্যমে অপতথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা অনেক সহজ হওয়ায় তথ্যপ্রযুক্তি নিরাপত্তা এখন রাষ্ট্র ও সমাজের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রদায়িক সম্প্রীতি, ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তার প্রশ্নে তথ্যপ্রযুক্তির নিরাপত্তা ও অপব্যবহার রোধ রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত। বিদ্যমান তথ্যপ্রযুক্তি আইনে একই সঙ্গে পেশাদার তথ্যসন্ত্রাসী ও আইনের অপব্যবহারের সুযোগে রাষ্ট্রীয় মদতে সাইবার টেররিজমের শিকার হচ্ছে দেশের সাধারণ মানুষ। তথ্যপ্রযুক্তি আইনের অপব্যবহার দেড় দশকের আওয়ামী দুঃশাসনের অন্যতম অনুসঙ্গ ছিল। অন্তর্বর্তী সরকার তথ্যপ্রযুক্তি আইনের সংশোধনীর মাধ্যমে আইনের অপব্যবহার কমিয়ে আনার যে উদ্যোগ নিয়েছে, তা খুবই ইতিবাচক ও প্রশংসনীয়।

ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্যের অবাধ প্রবাহের নিশ্চয়তার অধিকার ও আইনগত বাধ্যবাধকতা রক্ষার তাগিদ অগ্রাহ্য করে বিগত ফ্যাসিস্ট আমলে প্রণীত ও সংশোধিত তথ্যপ্রযুক্তি আইনের কিছু ধারা ছিল সরাসরি নিবর্তনমূলক। পরিবর্তনশীল বাস্তবতায় ২০১৩ সালে তথ্যপ্রযুক্তি আইনের যে সংশোধনী আনা হয়েছিল তাতে ব্যক্তিগত তথ্য নিরাপত্তা, হস্তক্ষেপ ও নাগরিকদের টেলিফোন-ইান্টারনেট এক্সেসে আড়িপাতার সুযোগ ছিল। নতুন শহ¯্রাব্দের শুরুতে ২০০১ সালের তথ্যপ্রযুক্তি আইনের সন্নিবেশ ছিল নতুন এক অনিবার্য বাস্তবতা।

২০০৬ সালের সংশোধনী আইনটিকে আরো সময়োপযোগী ও প্রাসঙ্গিক করে তুলতে সক্ষম হলেও ২০১৩ সালের সংশোধনী এবং ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল মূলত তথ্যপ্রযুক্তির উপর আইনগত হস্তক্ষেপের মাধ্যমে বিরোধী মত দমন ও অবাধ তথ্যপ্রবাহের উপর রাষ্ট্রের নিবর্তনমূলক নগ্ন হস্তক্ষেপের সুযোগ অবারিত করা। বাংলাদেশ টেলিযোগ আইন ২০০১ এর সংশোধিত ৯৭ ধারায় জরুরি পরিস্থিতি, যুদ্ধকালীন বাস্তবতা ও আভ্যন্তরীণ গোলযোগ ও নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা থাকলে রাষ্ট্রের বা সরকারের টেলিযোগাযোগ সেবা নিয়ন্ত্রণের যে সুযোগ রাখা হয়েছিল তার আলোকে প্রতিষ্ঠিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ২০১৩ এবং ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এ সংক্রান্ত নিবর্তন ও তথ্যপ্রযুক্তি আইনের অপব্যবহারের এক ঘৃণ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

শত শত রাজনৈতিক কর্মী, মানবাধিকার কর্মী, গণমাধ্যম কর্মী ও পেশাদার সাংবাদিক এই আইনের অপব্যবহারে চরম নিপীড়নের শিকার হয়েছেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় বিগত সময়ের নিপীড়ন ও নিবর্তনমূলক আইন বাতিল ও সংশোধন অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার। জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমন ও গণহত্যার সঠিক চিত্র আড়াল করতে ইন্টারনেট ব্ল্যাক-আউট করা হয়েছিল। এটি ছিল তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের উপর বেআইনী রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের একটি টেক্সটবুক এক্সাম্পল। এর আগে বছরের পর বছর ধরে গোপনে আমদানিকৃত বেআইনী যন্ত্রপাতি ব্যবহার করে সাধারণ মানুষের টেলিযোগাযোগ ও কথপোকথনের উপর আড়িপাতার অসংখ্য ঘটনা রয়েছে।

এনটিএমসির মাধ্যমে বিরোধী রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে মামলা ও আয়না ঘরে নিয়ে নিপীড়নের ঘটনা ছিল সাধারণ ব্যাপার। টেলিকমিউনিকেশন অধ্যাদেশ ২০২৫ এর সংশোধনী অনুসারে কোনো আইনগত ব্যবস্থায় তথ্যপ্রবাহ বা ইন্টারনেট পরিষেবা বন্ধের সুযোগ রহিত করা হয়েছে। ইন্টারেনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সহিংসতার উষ্কানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং এনটিএমসি বিলুপ্তির মাধ্যমে সাধারণ মানুষের টেলিফোনে অবাধে আড়িপাতার সুযোগ বন্ধ করা হয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে এটি এক মাইলফলক অগ্রগতি।

সরকারি দফতর অধিদফতরের তথ্য পরিষেবা, শিক্ষাব্যবস্থা, ব্যাংকিং ও বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা যেমন এখন এক অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। পক্ষান্তরে ইন্টারনেট ও ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে গুজব, অপতথ্য, ডিজইনফরমেশন ও তথ্যসন্ত্রাসের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে বিভ্রান্তি, হানাহানি, রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রীয় নজরদারি ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। এ কারণেই আইনের সংশোধনীতে এনটিএমসি বিলুপ্ত করে সিআইএস বা সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। একটি কোয়াসি জুডিয়াসিয়াল কাউন্সিল বা আধা বিচারিক কাউন্সিলের মাধ্যমে কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তির টেলিযোগাযোগের উপর আড়িপাতা বা হস্তক্ষেপের বিধান রাখা হয়েছে। সাইবার সিকিউরিটির নামে তথ্যপ্রযুক্তি আইনের মত প্রকাশের স্বাধীনতা হরণ ও নিবর্তনমূলক ধারাগুলো সংশোধনের মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি আইন এ সংক্রান্ত আন্তর্জাতিক আইনের মানদ-ে উন্নীত হবে বলে আমাদের প্রত্যাশা। বিশেষত ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের বিতর্কিত ধারাগুলো বিলুপ্ত করে আইনকে কলঙ্কমুক্ত করার উদ্যোগকে আমরা স্বাগত জানাই।