গত বৃহস্পতিবার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বক্তাদের কণ্ঠে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা লইয়া যেই উদ্বেগ ঝরিয়া পড়িয়াছে, তাহা সচেতন ব্যক্তিমাত্রকেই স্পর্শ না করিয়া পারে না। তাহাদের মতে, শুক্রবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশে ১৭ ধরনের শিক্ষাব্যবস্থা বিদ্যমান, যেগুলি ভিন্ন ভিন্ন কৌশল ও পরিকল্পনা বাস্তবায়ন করিতেছে নিজেদের মধ্যে কোনো সমন্বয় ব্যতিরেকে। দেশে সাধারণ শিক্ষাধারায় যাহা শিখানো হয় তাহা বিশেষত ইংরাজি মাধ্যম ও কওমি ধারার সহিত মিলে না। ইংরাজি ও কওমি ধারা আবার সকল দিক হইতেই পরস্পরবিরোধী। ইংরাজি ভার্সন, কিন্ডারগার্টেন, আলিয়া ও কারিগরি ধারায় সাধারণ শিক্ষার অনেক কিছু অনুসৃত হইলেও উহাদের মধ্যকার পার্থক্যও কম নহে। এই সকল কিছু মিলাইয়া বিশেষত প্রবেশাধিকার ও শিক্ষার মান প্রশ্নে উক্ত ধারাগুলির ভোক্তাদের মধ্যে দূরত্ব কয়েক যোজন। অনুষ্ঠানে গত বৎসর নায়েম-ইউনেস্কো যৌথভাবে প্রকাশিত ‘শিক্ষায় নিষ্ক্রিয়তার মূল্য’ শীর্ষক প্রতিবেদন ও সুপারিশ লইয়া আলোচনা হয়। সেই আলোচনায় উঠিয়া আসিয়াছে, প্রাথমিক স্তরে ঝরিয়া পড়ার মাত্রা ১৩.৯৫ শতাংশ এবং মাধ্যমিকে ৩২.৮৫ শতাংশ; যদিও জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা কর্মসূচির অধীনে প্রাথমিকে ভর্তির হার প্রায় শতভাগে উঠিয়াছিল। শুধু উহা নহে, ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ২০২২ অনুযায়ী, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৫০ শতাংশ বাংলা শুদ্ধরূপে পড়িতে পারে না। গণিতে প্রত্যাশিত মান অর্জন করে মাত্র ৩০ শতাংশ শিক্ষার্থী। উপরন্তু বিদ্যালয় বা বিদ্যালয়ের বাহিরে থাকা শিশুদের মধ্যে ২১ শতাংশ গণিত ও বিজ্ঞানে মৌলিক দক্ষতার স্তরে পৌঁছায় না। প্রতিবেদনের এই তথ্যও গুরুত্বপূর্ণ, এখনও দেশের ৪৯ শতাংশ ছেলে এবং ৩৩ শতাংশ মেয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা হইতে বঞ্চিত।

ইউনেস্কোর প্রতিবেদন অনুযায়ী, শিশুদের এই শিখন ঘাটতির কারণে ২০৩০ সালে ব্যক্তির ক্ষেত্রে সমাজ-অর্থনীতিতে ক্ষতির পরিমাণ দাঁড়াইতে পারে ৬৯ বিলিয়ন ডলার, যাহা জিডিপির ১৭ শতাংশের সমান। এই তথ্য বলিয়া দেয়, বৎসরে জিডিপির মাত্র ১ দশমিক ৮ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করিয়া রাষ্ট্রের নীতিনির্ধারকগণ যে তৃপ্তির ঢেকুর তোলেন, তাহা কতটা আত্মঘাতী। মৌলিক দক্ষতা অর্জনে একজন শিশুর ব্যর্থতা শুধু উহার নিজের ভবিষ্যৎকেই অনিশ্চিত করে না, সমগ্র সমাজ ও অর্থনীতিও উহার নেতিবাচক প্রভাব উপেক্ষা করিতে পারে না। শিশুদের স্কুল হইতে ঝরিয়া পড়া ও দক্ষতা অর্জনে ব্যর্থতার ফলে দেশের যেই ব্যাপক আর্থিক ক্ষতি হয়, তাহা বুঝিতেও বিশেষজ্ঞ হইতে হয় না। কারণ, একদিকে উক্ত শিশুদের পশ্চাতে ব্যয়িত রাষ্ট্রীয় অর্থ পানিতে যায়, আরেক দিকে অদক্ষ লোকে সমাজ পূর্ণ হইয়া যায়, যাহার সরাসরি অভিঘাত জিডিপিতেও পড়ে। এই ক্ষতি কেবল আর্থিক হিসাবে সীমাবদ্ধ থাকে না; বাল্যবিবাহ তথা অল্প বয়সে গর্ভধারণ, সহিংসতা ও অপরাধপ্রবণতা বৃদ্ধির ন্যায় সামাজিক ঝুঁকিও বৃদ্ধি করে। কয়েক বৎসর পূর্বে বিভিন্ন দেশের শ্রমিকদের উপর পরিচালিত বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় দেখা গিয়াছিল, যেই শ্রমিকের শিক্ষার স্তর যত উন্নত সেই শ্রমিকের মজুরি তত বেশি। দেখা যায়, তুলনামূলক কম অভিবাসী শ্রমিক দিয়া মধ্যপ্রাচ্য ও অন্যান্য শ্রমবাজার হইতে শ্রীলঙ্কা ও ফিলিপাইনের ন্যায় দেশ বাংলাদেশ অপেক্ষা বৎসরে অনেক বেশি রেমিট্যান্স আয় করে। কারণ, ঐ সকল দেশের শ্রমিকদের গড় শিক্ষার মান বাংলাদেশিদের তুলনায় অনেক বেশি।

ইহা অনস্বীকার্য, শুধু সরকারের পক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ সম্ভব নহে। এ জন্য বেসরকারি উদ্যোগও জরুরি। তবে উভয় খাতের মধ্যে উপযুক্ত সমন্বয় না থাকিলে সকলই গরল ভেল হইবে। এই জন্য আলোচ্য গোলটেবিলে শিক্ষা খাতের জন্য মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের যে সুপারিশ আসিয়াছে, উহা প্রণিধানযোগ্য। তবে পরিকল্পনা যাহাই হউক, সকল শিশুর জন্য মানসম্মত, বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর শিক্ষা সরকারি খরচে দিতে হইবে– এই বিষয়ে কোনো দ্বিমত নাই।