সিলেট-সুনামগঞ্জের হাওরাঞ্চলে উৎপাদিত ধান দেশের খাদ্য নিরাপত্তায় অসামান্য ভূমিকা পালন করে থাকে। সীমান্তবর্তী এই হাওরাঞ্চলে আকস্মিক পাহাড়ি ঢলে কিংবা বেড়িবাঁধ ভেঙ্গে অসময়ে ফসলের মাঠ তলিয়ে ব্যাপক ফসলহানির সাংবাৎসরিক ঘটনা যেন আমাদের জন্য স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। কৃষি ও কৃষকের এ সংকট কোনো দৈব-দুর্বিপাক নয়। সমন্বিত উদ্যোগ ও আগাম প্রস্তুতির মাধ্যমে এসব সমস্যা সফলভাবে মোকাবেলা করা সম্ভব। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সারাবিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসের মূল্যবৃদ্ধি ও সংকটের কারণে দেশের শিল্পকারখানায় উৎপাদন হ্রাস পেয়েছে। একইভাবে চলতি মওসুমের ধানচাষেও এর বিরূপ প্রভাবের আশঙ্কা থাকলেও হাওরে ধানের বাম্পার ফলনের আভাস আমাদের জন্য অনেক বড় সুখবর।

তবে হাওরাঞ্চলে আকস্মিক বন্যার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদফতর। ধানের বাম্পার ফলন ঘরে তোলার আগে আগাম বন্যার এই বার্তা হাওরাঞ্চলের কৃষকের জন্যই শুধু নয়, দেশের খাদ্য নিরাপত্তার জন্য অনেক বড় দুঃসংবাদ হয়ে দাঁড়াচ্ছে। উল্লেখ্য, এখনো হাওরের সব স্থানের ধান পাকেনি। উজানে গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে হাওরে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এ বৃদ্ধি আরো অন্তত ৭ দিন অব্যাহত থাকতে পারে এবং ধানক্ষেত তলিয়ে যাওয়ার আশঙ্কায় যেসব ক্ষেতের ধান ৮০ ভাগ পেকে গেছে তা কেটে গোলায় তোলার পরামর্শ দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু হঠাৎ করে জারি হওয়া সতর্কবার্তায় তড়িঘড়ি ধান কেটে গোলায় তোলা কোনো সহজসাধ্য কাজ নয়। এমনিতে সারাদেশেই কৃষি শ্রমিকের সংকট রয়েছে। বিশেষত উৎপাদিত ফসলের মূল্য এবং শ্রমিকের চাহিদা ও মজুরি অসামঞ্জস্যতা বা ভারসাম্যহীনতা সংকটজনক অবস্থা সৃষ্টি করছে। আগাম বন্যার আশঙ্কায় হাওরের হাজার হাজার হেক্টর জমির ধান কেটে ঘরে তোলার ক্ষেত্রে পর্যাপ্ত শ্রমিকের যোগান এবং যান্ত্রিক হার্ভেস্টিং মেশিনের জন্য পর্যাপ্ত ডিজেল বা জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এবং উচ্চমূল্য কৃষি উৎপাদনকে ব্যয়বহুল করে তুলেছে।

কবির ভাষায়, ‘সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা’। কৃষকের এই সাধনা আমাদের এই জনপদকে প্রকৃতির সাথে লড়াই করে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় শক্তি। আমাদের এই ঘনবসতিপূর্ণ ও ক্রমবর্ধমান ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের কৃষক সমাজ অভাবনীয় কৃতিত্ব ও দক্ষতার স্বাক্ষর রাখছে। আধুনিক কৃষি ব্যবস্থার সাথে সেচ, সার, কীটনাশক, বিদ্যুৎ, জ্বালানি ও যান্ত্রিক যোগানের নিবিড় সম্পর্ক বিদ্যমান। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের চলমান বাস্তবতায় জ্বালানির উচ্চমূল্য ও সরবরাহের অনিশ্চয়তা আগামী দিনগুলোতে শিল্প ও কৃষি উৎপাদনের খরচ বাড়িয়ে দিচ্ছে। এর মানে হচ্ছে, সারাবিশ্বেই কৃষি ও শিল্পে এর বিরূপ প্রভাব পড়বে এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে আক্রান্ত করবে। আকস্মিক বন্যার কারণে হাওরাঞ্চলে ফসলহানি ঘটলে তা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য অনেক বড় সংকট সৃষ্টি করতে পারে। এহেন আশঙ্কায় হাওরাঞ্চলে পাকা ধান কেটে ঘরে তোলা এবং উঠতি ফসলের মাঠ রক্ষায় এখনই কার্যকর ও জরুরি উদ্যোগ নিতে হবে। জ্বালানি সংকট ও কৃষি শ্রমিকের বাড়তি মজুরি খরচের মধ্য দিয়ে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য থেকে কৃষক বঞ্চিত হলে, বাম্পার ফলনের পরও কৃষকের উপর লোকসানের খড়গ চাপিয়ে দেয়া হলে তা আমাদের খাদ্য নিরাত্তার জন্য বড় ধরনের সংকট সৃষ্টি করবে। উৎপাদন খরচ বেশি হওয়ায় চলতি মওসুমে দেশের চাষিরা বাম্পার আলু উৎপাদন করেও লাভ করতে পারেনি। একই অবস্থার শিকার হচ্ছে তরমুজ ও আনারস চাষিরাও। অন্যদিকে মধ্যস্বত্বভোগীদের কারণে বাজারে তরিতরকারির মূল্য অধিকাংশ সময় সাধারণ দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতার বাইরেই থাকছে।

আমাদের অর্থনীতি তথা জিডিপি ও কর্মসংস্থানে কৃষি খাতের অবদান এখনো সর্বোচ্চ। বিশেষত ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তার মতো বিষয়টি কৃষিখাতের ভারসাম্যপূর্ণ বিকাশ ও রক্ষণের উপর নির্ভর করে। বিগত সরকারের সময়ে কৃষি খাত নিয়ে যে কারসাজিপূর্ণ তৎপরতা শুরু হয়েছিল তা দেশের কৃষকদের অর্থনৈতিক মেরুদ- ভেঙ্গে দিয়েছিল। একদিকে কৃষি উৎপাদনে ভতুর্কির টাকা হরিলুট, অন্যদিকে ধান, আলু, পেঁয়াজের মতো পণ্যের বিপণন, সংরক্ষণ ও মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারি ব্যর্থতাসহ প্রতিবেশী দেশের জন্য অবাধে বাজার খুলে দেয়ার মধ্য দিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’, এই প্রতিপাদ্যকে শুধু কথার কথা নয়, বুকে ধারণ করে মাত্র দুই মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে কৃষকবান্ধব প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

তিনি ইতোমধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন। সম্প্রতি তিনি উত্তরবঙ্গের কৃষির সম্ভাবনাকে কাজে লাগাতে দেশের শীর্ষ উদ্যোক্তাদেরকে সেখানে কৃষি ভিত্তিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। চলমান জ্বালানি সংকটে তেল সংগ্রহ করতে গিয়ে কয়েকজন কৃষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ইরান যুদ্ধের কারণে জ্বালানির জাতীয় সংকট মোকাবেলায় সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি ‘যৌথ কমিটি’ গঠনের প্রস্তাব দিলে প্রধানমন্ত্রী তা বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়েছেন। আমাদের রাজনৈতিক সংস্কৃতি ও সংসদীয় রীতিতে এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে। তবে চলতি বছরের আমন ও বোরো ধান-চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ করা হয়েছে, তা গতবারের প্রায় সমান। যদিও এবার জ্বালানি, সার ও শ্রমিকের মূল্য গতবারের চেয়ে অনেকটাই বেশি। চলতি মওসুমে কৃষকের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান এবং ৪৯ টাকা দরে ১২ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বেসরকারি পর্যায়ে প্রান্তিক চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রকৃত কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যে ধান-চাল ক্রয় করা। যে কোনো ধরণের অস্বচ্ছতা, স্বজনপ্রীতি, দলবাজির পুরনো অভিযোগ থেকে ধান-চাল সংগ্রহের অভিযানকে মুক্ত রাখার কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে উজানের ঢলে হাওরের পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা। এ সংকট কাটিয়ে উঠতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।