দেশের খাদ্যশস্য, খনিজসম্পদ ও পানির অন্যতম প্রধান উৎস রাজশাহী এবং রংপুর বিভাগ। সম্মিলিতভাবে এই দুই বিভাগকে খাদ্যভাণ্ডারও বলা হয়। খাদ্যচাহিদা পূরণ এবং অর্থনীতির জন্য এই দুই বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী বিভাগ ৮টি জেলা নিয়ে গঠিত। জেলাগুলো হচ্ছেÑরাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট। এই বিভাগের মোট জনসংখ্যা ২ কোটি ৩৫ লাখের বেশি। রংপুর বিভাগও ৮টি জেলা নিয়ে গঠিত। এগুলো হচ্ছেÑ রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় ও লালমনিরহাট। এ বিভাগের জনসংখ্যা প্রায় ১ কোটি ৮০ লাখ ৭৪ হাজার। এই দুই বিভাগে প্রায় সোয়া চার কোটি মানুষ বসবাস করে। বিভাগ দুটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তো বটেই ভূরাজনৈতিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই গোটা অঞ্চল নিয়ে চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের বিশেষ আগ্রহ রয়েছে। প্রায়ই দেশগুলোর রাষ্ট্রদূত ও প্রতিনিধি এই অঞ্চল সফর করেন। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে এই অঞ্চলে তাদের এই ঘনঘন সফরের যে বিশেষ তাৎপর্য রয়েছে, তা বুঝতে অসুবিধা হয় না। এই অঞ্চলকে ঘিরে চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প এবং বিনিয়োগ রয়েছে। এগুলোর মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের পথে। আরও কয়েকটির কাজ শুরু করার পর্যায়ে রয়েছে। দ্রুত সম্পন্ন হওয়ার পথে রয়েছে, রাজশাহীর গোদাগাড়িতে ৪ হাজার কোটি টাকার মেগাপ্রকল্প ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই প্রকল্পের মাধ্যমে রাজশাহী নগরীর যে বিশুদ্ধ পানির সংকট তা অনেকটাই কেটে যাবে। এ থেকে দৈনিক ৭০ কোটি লিটার বিশুদ্ধ পানি পাওয়া যাবে। প্রকল্পটি ২০২৭ সালে পুরোপুরি চালু হবে।
ভৌগলিক অবস্থানগত কারণে রাজশাহী ও রংপুর বিভাগ নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মধ্যে একধরনের প্রচ্ছন্ন প্রতিযোগিতা পরিলক্ষিত হচ্ছে। এতদঞ্চলে চীনের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্পে যেমন বিনিয়োগ রয়েছে, তেমনি তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়টিও যুক্ত হয়েছে। সঙ্গতকারণেই বিশাল এই অঞ্চলে (মোট আয়তন প্রায় সাড়ে ৩৪ হাজার বর্গকিলোমিটার) চীনের প্রভাব বাড়ছে এবং বাড়বে। চীনের এই প্রভাব যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য যেন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য, এই অঞ্চলে কয়েকদিন পরপরই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং ভারত দূতাবাসের লোকাল এজেন্টরা সফর করেন। তাদের এই আনাগোনার নেপথ্য কারণ হচ্ছে, এই অঞ্চলে চীনের প্রভাব যাতে না বাড়ে। অথচ বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে এই অঞ্চলে দেশ দুটির বিনিয়োগ আছে, এমন কোনো তথ্য পাওয়া যায় না।
এটা পরিস্কার বোঝা যাচ্ছে, তিস্তা প্রকল্পে চীনের যুক্ত হওয়া নিয়ে ভারত শঙ্কিত হয়ে পড়েছে। দেশটির ধারণা, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চীন ভারতের সীমান্তের কাছাকাছি অবস্থান করে ভারতের উপর নজরদারি করবে। এমন অমূলক ধারণার বশবর্তী হয়ে চীনের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়ন হোক, সে তা চায় না। চীনের প্রভাব বেড়ে যাওয়ার শঙ্কায় যুক্তরাষ্ট্রেরও একই মনোভাব রয়েছে। অথচ কে না জানে, ভারতের বৈরি পানিনীতির কারণে রাজশাহী ও রংপুর বিভাগ শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে, বর্ষায় বন্যাকবলিত হয়। এই বাস্তবতায় বাংলাদেশের পানিসমস্যা সমাধানে এই প্রকল্প বাস্তবায়ন করতেই হবে। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে চীন তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহী হলেও ভারতের চাপে তা স্থগিত করে দেয়া হয়।
এবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্ব্যর্থহীনভাবে বলেছেন, যেকোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে। শুধু তাই নয়, তিনি পানিসমস্যা নিরসনে পদ্মা ব্যারেজ বাস্তবায়নেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। গত মে মাসে একনেকে সভায় এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এর নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। ২০৩৩ সালের জুনের মধ্যে এর প্রথম পর্যায়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বলার অপেক্ষা রাখে না, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় ভারতের মাথা খারাপ হয়ে গেছে। বিশেষ করে তিস্তা প্রকল্প নিয়ে ভেতরে ভেতরে তার টেনশন বেড়েছে। কারণ, সে তিস্তা চুক্তি ঝুলিয়ে রেখে বাংলাদেশে আধিপত্য ধরে রাখতে চায়।
শুধু তাই নয়, গঙ্গাচুক্তি নবায়নের বিষয়টি নিয়েও বাংলাদেশকে বাগে রাখতে চায়। অর্থাৎ বৈরি পানি কূটনীতি দিয়ে সে বাংলাদেশে দাদাগিরি ফলাতে চায়। বাস্তবতা হচ্ছে, হাসিনার পতনের পর তার আধিপত্যবাদেরও পতন হয়েছে। বাংলাদেশ এখন এক নতুন প্রেক্ষাপটের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান সরকার ভারতের আধিপত্যবাদী নীতির তোয়াক্কা না করে যেদেশের সাথে আমাদের স্বার্থ রক্ষা হবে এবং বিপুল অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন সহযোগিতা পাওয়া যাবে, সে দেশকে প্রাধান্য দেয়ার নীতি অবলম্বন করছে। যেকোনো স্বাধীন দেশের পররাষ্ট্র নীতি এটা হওয়াই স্বাভাবিক। শ্রীলঙ্কা, নেপাল, ভূটান, মালদ্বীপের মতো দেশগুলো ভারতের রক্তচক্ষুকে থোড়াই কেয়ার করে নিজ স্বার্থে চীনমুখী হয়েছে। চীনও কোনো আধিপত্যবাদী মনোভাব না দেখিয়ে পারস্পরিক স্বার্থে দেশগুলোতে ব্যাপক বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্পে সহযোগিতা করছে। এক্ষেত্রে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। যুক্তরাষ্ট্র ও ভারত কী ভাবল বা কীভাবে দেখছে, তা দেখার সময় আমাদের নেই। আমাদের স্বার্থে যদি চীনকে প্রয়োজন হয়, তবে তার কাছেই যেতে হবে। ইতোমধ্যে চীন বাংলাদেশের প্রতি উদার হাত বাড়িয়ে রেখেছে এবং শীর্ষ উন্নয়ন সহযোগী দেশে পরিণত হয়েছে। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলো যেখানে চীনের সহযোগিতা নিচ্ছে, এমনকি যুক্তরাষ্ট্র এবং ভারতও তার দ্বারস্থ হচ্ছে, সেখানে আমাদের হাতগুটিয়ে বসে থাকা কিংবা দ্বিধান্বিত থাকার কোনো কারণ নেই।
ভারত আমাদের ন্যায্য পানির অধিকার দেবে না, আবার আমাদের নিজেদের ব্যবস্থা নিজেদের করার ক্ষেত্রে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে বাধা দেবে, এটা হতে পারে না। এখন আর সেই পরিস্থিতি নেই যে, ভারতের রক্তচক্ষুকে আমাদের ভয় পেতে হবে। আমাদের এখন যেকোনো মূল্যে গঙ্গা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তবে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা নিয়ে কোনো কোনো মন্ত্রীর বক্তব্য জনমনে সংশয় তৈরি করেছে। কেউ কেউ এ ব্যাপারে ভারতের সাথে আলোচনা করার কথা বলেছেন। তাদের ধারণা, আলোচনা না করলে গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারত টালবাহানা করতে পারে। এটা একধরনের মতলবী বয়ান। বুঝতে হবে, এ ধরনের বয়ান দেশের স্বার্থ পরিপন্থী। পরিবর্তিত বাংলাদেশে ভারতপ্রীতির বয়ান এখন আর চলবে না। আমাদের প্রয়োজনে যেখানে যাওয়া দরকার, আমরা সেখানেই যাব।
চীন আমাদের পাশে দাঁড়াতে প্রস্তুত। আমাদের স্বার্থে তার সহায়তা নিতে হবে। কাজেই কোনো ধরনের বিলম্ব না করে চীনের সহায়তায় তিস্তা প্রকল্পের বাস্তবায়ন কাজ দ্রুত শুরু করতে হবে। এ নিয়ে যারা ভারতের সাথে আলোচনার কথা বলেন, তাদের বুঝতে হবে, নতুন বাংলাদেশে ভারতের সাথে আলোচনার প্রয়োজন নেই। ভারতের সাথে কেন ও কিসের জন্য আলোচনা করতে হবে? এটা আমাদের একান্ত নিজস্ব ব্যাপার। ন্যায্য পানির হিস্যা পাওয়া নিয়ে ভারত যে আমাদের সাথে বিরূপ আচরণ করছে, এটা কি ওইসব মন্ত্রী জানেন না? ভারতের এই বৈরি পানিনীতির কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিসংঘ পর্যন্ত যে গিয়েছিলেন, সেটা কি তারা ভুলে গেছেন? আমরা মনে করি, তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে কালবিলম্ব করা কোনোভাবেই সমীচীন হবে না। এ নিয়ে ভারত কি বলল, না বলল, তা দেখার সময় আমাদের নেই। তাকে নমনম করারও কিছু নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা নিয়ে যে প্রতিজ্ঞা করেছেন, তা বাস্তবায়ন করতে হবে। এর কোনো নড়চড় হওয়ার সুযোগ নেই। ভারত এই প্রকল্প ও গঙ্গা ব্যারেজ বাস্তাবায়নে বাধা সৃষ্টি করবে, এটা সকলেরই জানা। তার এই বাধা উপেক্ষা করেই নিজ দেশের স্বার্থ রক্ষা করতে হবে। বিভিন্ন প্রকল্প ও বিনিয়োগে চীন যেভাবে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে, তা সাদরে গ্রহণ করতে হবে। রাজশাহী, রংপুর ও দেশের অন্যান্য এলাকায় চীনের সহায়তায় যেসব প্রকল্প বাস্তবায়নাধীন, সেগুলো যাতে দ্রুত সম্পন্ন হয়, সে ব্যবস্থা করতে হবে। সরকারকে প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মনে রাখা দরকার, দেশের মানুষ চীনের অর্থনৈতিক সহায়তাকে স্বাগত জানায়।
