রবিবার নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে স্থানীয় এক বিএনপি নেতার অনুসারীরা যেইভাবে হামলা ও টানাহেঁচড়া করিয়া কলেজ হইতে বাহির করিয়া দেওয়ার চেষ্টা করিয়াছে, উহা শুধু নিন্দনীয় নহে, যথেষ্ট উদ্বেগজনকও বটে। এই ঘটনায় আবারও প্রমাণিত হইল, স্বরাষ্ট্রমন্ত্রী যতই বলুন– দেশে ‘মব কালচার’ আর থাকিবে না, বাস্তবে তাহারা স্বীয় দলের নেতাকর্মীদেরই এই ঘৃণ্য অপকর্ম হইতে নিবৃত্ত করিতে পারিতেছেন না। প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীদের বরাত দিয়া সোমবার প্রকাশিত সমকালসহ বিভিন্ন সংবাদপত্র খবর দিয়াছে, দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষরূপে দায়িত্ব পালনকারী নূর সাখাওয়াত হোসেনকে জুলাই গণঅভ্যুত্থানের পরপর দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলিয়া প্রতিষ্ঠান হইতে অপসারণ করা হয়। তবে সম্প্রতি অভিযোগগুলি প্রমাণিত না হওয়ায় আদালত তাঁহাকে স্বপদে বহালের নির্দেশ দেন। উহার পরিপ্রেক্ষিতে আলোচ্য বিএনপি নেতাকর্মীদের বাধা সত্ত্বেও রবিবার তিনি প্রতিষ্ঠানে যোগ দিতে যান। তখনই ঐ একই গোষ্ঠীর দ্বারা তিনি মব সন্ত্রাসের শিকার হন। সমকালের প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ জানুয়ারি উক্ত অধ্যক্ষকে স্বপদে বহাল রাখিবার দাবিতে কলেজের প্রধান ফটকের সম্মুখে অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একটি মানববন্ধন চলাকালে একই বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। এমনকি এই ঘটনার ভিডিও সংগ্রহ করিতে গেলে সাংবাদিকদেরও প্রহার করা হয়। স্পষ্টত, বিএনপির এই নেতাকর্মীরা দীর্ঘদিন উক্ত কলেজের অধ্যক্ষ পদটি দখলের লক্ষ্যে বারবার একই অপকর্মে লিপ্ত হইলেও তাহাদের বিরুদ্ধে প্রশাসনিক তো নহেই, সাংগঠনিক কোনো পদক্ষেপও গৃহীত হয় নাই। এই কারণেই উহারা রবিবারের ন্যক্কারজনক ঘটনা ঘটাইবার ন্যায় ঔদ্ধত্য প্রদর্শন করিয়াছে।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর মব সহিংসতার ঘটনা ইহাই প্রথম নহে। গত ৫ এপ্রিল চাঁদপুরের মতলবে ১০৭ বৎসরের ঐতিহ্যবাহী শাহ সোলায়মান লেংটার ওরস ও মেলা শুরু হইলেও দ্বিতীয় দিনে মব সহিংসতার হুমকির মুখে হুমকিদাতাদের বিরুদ্ধে পদক্ষেপ না লইয়া উক্ত ওরস ও মেলা বন্ধ করিয়া দেওয়া হয়। গত ১১ এপ্রিল শনিবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক পীরের দরবারে মব সহিংসতায় পীরের প্রাণহানির ঘটনা তো বহুল আলোচিত, যথায় হামলাকারীরা চিহ্নিত হইলেও অদ্যাবধি কেহ আইনের আওতায় আসে নাই। ৪ এপ্রিল শনিবার সংবাদমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস) জানাইয়াছে, দেশে মার্চ মাসে মব সহিংসতা ও গণপিটুনির ২৫ ঘটনায় নিহত হইয়াছেন ১৩ জন এবং আহত ৩৮ জন।

অভিযোগ রহিয়াছে, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মব সৃষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধানের সহিত কয়েকশত শিক্ষককে হেনস্তা এবং প্রতিষ্ঠান হইতে বাহির করিয়া দেওয়ার হোতাদের মধ্য বহু স্থানীয় বিএনপি নেতাকর্মীও সংশ্লিষ্ট ছিল। দাবি করা চাঁদা দিতে না পারায় বা অস্বীকার করায় বহু ব্যবসায়ী ও পেশাজীবী সেই সময়ে বিএনপির নেতাকর্মীদের দ্বারা মব সহিংসতার শিকার হইয়াছেন। যেইখানে অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন স্থানে সৃষ্ট মব সহিংসতার হোতাদের এবং সেইগুলিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করিবার দাবি উঠিয়াছে, সেইখানে নূতন করিয়া মব সন্ত্রাস আদৌ শুভ লক্ষণ নহে। বিশেষত সরকারের আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বিবেচনায় লইলে সরকারকে যেই কোনো মূল্যে এহেন মধ্যযুগীয় বর্বরতার রাশ টানিয়া ধরিতে হইবে। আলোচ্য হামলা এবং অদ্যাবধি সংঘটিত সকল মব সন্ত্রাস এবং তজ্জনিত হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করিতে হইবে। এই বিষয়ে সমাজের সকল সচেতন ও গণতন্ত্রমনা মানুষকেও সোচ্চার হইতে হইবে বলিয়া আমরা মনে করি।