চট্টগ্রামে কারাবন্দির স্বজনদের ফাঁদে ফেলিয়া অর্থ হস্তগত করিবার যেই সকল ঘটনা সম্প্রতি ঘটিয়াছে, সেইগুলি যথেষ্ট উদ্বেগজনক। শনিবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, সেইখানে প্রতারকরা কারা কর্মকর্তা সাজিয়া গত দেড় মাসে আট বন্দির স্বজনকে ফোন করিয়া অন্তত সোয়া দুই লক্ষ টাকা হস্তগত করিয়াছেন। ইহা সংশ্লিষ্ট পরিবারগুলির জন্য ভীষণ পীড়াদায়ক। কারণ আর্থিক দুর্দশায় থাকা পরিবারগুলিকে অনেক মেহনত, ক্ষেত্রবিশেষে জীবিকার শেষ সম্বল বিক্রয় করিয়া ঐ অর্থ জোগাড় করিতে হইয়াছে। অধিকতর উদ্বেগজনক, এই সকল প্রতারণার ঘটনায় প্রমাণ হয়, প্রতারকদের হস্তে বন্দির স্বজনের তথ্য চলিয়া গিয়াছে। উহার অপব্যবহার কেবল আর্থিক প্রতারণাই নহে, অন্যান্য প্রতারণা ঘটিবার সমূহ আশঙ্কা সৃষ্টি হইয়াছে। এমনকি এই সকল তথ্য ব্যবহার করিয়া ভুক্তভোগী কাহারও প্রাণনাশের আশঙ্কাও অমূলক নহে। অধিকন্তু হতাশার বিষয়, সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ বিষয়কে যথেষ্ট গুরুত্বের সহিত বিবেচনা করিতেছে বলিয়া প্রতীয়মান হয় না। অভিযোগ রহিয়াছে, কারাগারে কর্মরত অসাধু কর্মচারীদের নিকট হইতে প্রতারকরা বন্দিদের তথ্য পাইতে পারে, কারণ উহাদের নিকট বন্দি ও তাঁহার স্বজনদেরও সকল তথ্য সংরক্ষিত থাকে। কিন্তু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সমকালের নিকট এই বিষয়ে কথা বলিবার সময় সটান ঘোষণা দিয়াছেন, এই সকল ঘটনার সহিত কারাগার-সংশ্লিষ্ট কেহ সংশ্লিষ্ট নহে। অথচ স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে পদক্ষেপই প্রত্যাশিত ছিল।

ভুক্তভোগীদের অভিযোগ শুনিয়া জ্যেষ্ঠ জেল সুপার যেই সমাধান বাতলাইয়াছেন, তাহাতে বিষয়টিকে গুরুত্ব না দিবার মানসিকতাই স্পষ্ট। তিনি ভুক্তভোগীদের প্রতিকার পাইতে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়াছেন, যেন এই বিষয়ে কারা কর্তৃপক্ষের কোনো দায় নাই। ইহা সত্য, কারাগারে বন্দি থাকা আসামির তথ্য প্রতারকদের হস্তে পৌঁছানোর আরও প্রক্রিয়া থাকিতে পারে। কারাগারের প্রতিটি ওয়ার্ডে গড়ে ১০০ আসামি বন্দি থাকে। তথায় প্রতিদিন একজনের সহিত অন্যজনের আলাপ, তথ্য আদান-প্রদান হয়। এই তথ্য আসামিদের মাধ্যমে প্রতারকদের হস্তে পৌঁছাইতে পারে। কিন্তু ইহাতে চট্টগ্রাম কারাগারের কর্মচারীরা প্রতারণায় সংশ্লিষ্ট থাকিবার সন্দেহ হইতে বিনা তদন্তে মুক্তি পাওয়ার অধিকারী হইয়া যান না।

জেল সুপার বলিয়াছেন, বন্দি ও স্বজনদের প্রতারণা হইতে রক্ষার লক্ষ্যে কারাগারের প্রধান ফটকে একটি মোবাইল নম্বর দেওয়া রহিয়াছে। কোনো কারাবন্দি অসুস্থ বা মারামারি করিয়াছেন কিনা এবং মুক্তির বিষয়ে কেহ টাকা চাহিলে ঐ নম্বরে ফোন করিয়া সংশ্লিষ্ট স্বজনদের সত্যতা যাচাই করিতে তিনি পরামর্শ দিয়াছেন। কিন্তু সেই সেবা কতটুকু সচল, তাহা লইয়া সন্দেহ পোষণের যথেষ্ট অবকাশ রহিয়াছে। যেইখানে নিয়মিত বিভিন্ন সরকারি পরিষেবার ক্ষেত্রে জরুরি তথ্যপ্রাপ্তির জন্য গ্রাহকদের গলদ্ঘর্ম হইতে হয়, ক্ষেত্রবিশেষে দূরালাপন তো দূরের কথা সশরীর যোগাযোগেও প্রয়োজনীয় তথ্য মিলে না; সেইখানে চরম দুর্নীতিগ্রস্ত কারা প্রশাসন চাহিবা মাত্রই বন্দির স্বজনদের তথ্য সরবরাহ করিবে– সেই আশা বাতুলতা বৈ কি। এই প্রসঙ্গে বিশেষত দরিদ্র কারাবন্দিদের প্রতি দেশের সকল কারা কর্তৃপক্ষের সহিত তাহাদের তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষও কতটা অবহেলা ও উদাসীনতা প্রদর্শন করিয়া থাকে, সেই কথা স্মরণ করাইয়া দেওয়া যায়। কয়েদি বা হাজতি হইলেও সকল কারাবন্দির যেই মানবাধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব, উহা কতটা পালিত হয়, তাহা ভুক্তভোগী মাত্রই জানেন। নিয়ম মানিয়া বন্দির সহিত সাক্ষাৎ করিতে অনেক স্বজনকে কতটা কাঠখড় পোড়াইতে হয়, তাহাও কাহারও অজ্ঞাত নহে।

আমরা মনে করি, আলোচ্য বিষয়টির গুরুত্ব অনুভব করিয়া প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বচ্ছ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের জন্য যথাযথ প্রতিকারের ব্যবস্থা করিবে। তৎসহিত এহেন প্রতারণা চিরতরে বন্ধ করিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে।