রাজধানীর প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা কলেজ ১৮৪১ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত। এই শিক্ষাপ্রতিষ্ঠান শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, বরং বাংলাদেশের আধুনিক শিক্ষার ইতিহাসের এক অনন্য অধ্যায়। দেশের অসংখ্য গুণী ব্যক্তিত্ব এই কলেজের ছাত্র ছিলেন। কিন্তু আজ এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের চারপাশে তাকালে দেখা যায়, উন্নয়নের ছোঁয়া তেমনটা লাগেনি। নিউমার্কেট থেকে মিরপুরগামী সড়কটি ঢাকার ব্যস্ত সড়কগুলোর একটি। এই সড়কের এক পাশে রয়েছে ঢাকা কলেজের বিশাল ক্যাম্পাস, অন্যপাশে নিউমার্কেট। প্রতিদিন হাজারো মানুষ এই পথ দিয়ে চলাচল করেন। কিন্তু কলেজসংলগ্ন ফুটপাতটি বছরের পর বছর ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। গ্রীষ্মকালে ধুলাবালিতে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে ওঠে, বর্ষাকালে পরিণত হয় হাঁটুসমান পানিতে ভরা এক নদীতে। প্রশ্ন হলো, রাজধানীর এত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের পাশের এমন অবস্থা কেন বছরের পর বছর ধরে অপরিবর্তিত? নগর পরিকল্পনায় কি ঐতিহ্যবাহী স্থাপনার পরিবেশ রক্ষার কোনো অগ্রাধিকার নেই? পরিবর্তন, পরিবর্ধন এবং সংস্কারের এখনই সময়; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন। ফুটপাত সংস্কার, পানি নিষ্কাশনের সুব্যবস্থা এবং কলেজসংলগ্ন এলাকার সৌন্দর্যবর্ধনে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। সজিব হোসেন শিক্ষার্থী, ঢাকা কলেজ।