জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ও গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতা হচ্ছে না। এ বিষয়ে সরকারের বেঁধে দেয়া সাতদিনের সময়সীমা আজ শেষ হবে। নিজেরা বসে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে সরকারের তরফে যে আহ্বান জানানো হয়েছিল, তাও হচ্ছে না। জামায়াতে ইসলামী আলোচনার একটা উদ্যোগ নিয়েছিল। বিএনপির মহাসচিবকে বলেছিল। বিএনপি তাতে সাড়া দেয়নি। ছয় দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ ৯ দলের উদ্যোগও এগোয়নি। গোটা বিষয়টি এখন সরকারের কোর্টেই চলে গেছে। সরকার অতঃপর কী করতে পারে? তার কাছে দুটি পথই খোলা আছে। প্রথমত, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার বসতে পারে। দ্বিতীয়ত, কোনো আলোচনা ছাড়াই সিদ্ধান্ত ঘোষণা করতে পারে।
জামায়াত ইসলামী ও এনসিপি চায় সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিক। বলা বাহুল্য, উদ্যোগটি প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। প্রধান উপদেষ্টা আলোচনার আহ্বান জানালে বিএনপি তাতে সাড়া দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা যদি আমাদের আহ্বান জানান কোনো বিষয়ে আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে, আমরা সব সময় আলোচনায় আগ্রহী, যাবো। দেখা যাচ্ছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিন পক্ষই প্রধান উপদেষ্টার ডাকে আলোচনায় বসতে রাজি। বিরোধ বা মতপার্থক্য নিরসনে এখানেই আলোর একটা রেখা দৃষ্টিগোচর হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উচিত হবে, ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করা এবং এর মাধ্যমে উদ্ভূত সংকটের নিরসন করা।
এ ক্ষেত্রে তার ও তার সরকারের সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান নিতে হবে। কোনো দল অথবা পক্ষের প্রতি অনুরাগ বা বিরাগ দেখানো যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সতর্কবাণী সরকারকে স্মরণ রাখতে হবে। তিনি বলেছেন, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। নির্বাচন অনুষ্ঠানই অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য। দুঃখজনক হলেও বলতে হচ্ছে, নির্বাচন নিয়ে সরকার যথেষ্ঠ আন্তরিকতার পরিচয় দিচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে না। উপদেষ্টাদের একাংশ অনির্দিষ্টকাল ক্ষমতা উপভোগ করতে চাইছে। নির্বাচন যত বিলম্বিত হয়, ততই তাদের সুবিধা। রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী এই সরকারের সময় সবচেয়ে সুবিধাভোগী। অনেকের মতে, ডিফেক্টো সরকারের ভূমিকা তার। নির্বাচন বিলম্বিত হোক, এটা তারও চাওয়া। কারণ, নির্বাচন হলে কারা ক্ষমতায় আসবে, সেটা তারও জানা। সর্ববৃহৎ দল হিসেবে বিএনপিই যে ক্ষমতায় আসবে, তা সাধারণ মানুষও বোঝে। সেক্ষেত্রে জামায়াতে ইসলামীর ডিফেক্টো সরকারের সুবিধা হারাতে হবে।
জামায়াত ইসলামী জুলাই সনদের আইনি ভিত্তি, এ বিষয়ে বিশেষ সাংবিধানিক আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান ইত্যাদি ইস্যু সামনে এনে নির্বাচনকে বিলম্বিত ও অনিশ্চিত করে দিতে চাইছে। অনেকের মতে, জাতীয় নির্বাচন বানচাল করার যে দুরভিসন্ধি নিয়ে পতিত স্বৈরাচার ও ভারত তৎপর, জামায়াতের ‘কঠোর অবস্থান’ তাকেই সহায়তা করছে। একথা নতুন করে উল্লেখের অপেক্ষা রাখে না, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এক অভূতপূর্ব রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল। মাত্র ১৫ মাসের মধ্যে সেই ঐক্যে বিরাট ফাটল সৃষ্টি হয়েছে। এই ফাটল সৃষ্টির জন্য জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকা সবচেয়ে বেশি। জাতীয় ঐকমত্য কমিশন ছয় সংস্কার কমিশনের প্রস্তাবসমূহের ওপর রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে নয় মাস একটানা আলোচনা করেছে।
আলোচনায় অন্যান্য ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত হলেও সাংবিধানিক বিষয়ে সবক্ষেত্রে একমত হতে পারেনি। দ্বিমতের বিষয়গুলোর কোনো নিষ্পত্তি না করেই জাতীয় ঐকমত্য কমিশন তার মেয়াদে ইতি টেনেছে। কমিশনের সহ-সভাপতি দ্বৈত নাগরিক ড. আলী রিয়াজ নাকি পালিয়ে গেছেন। ড. আলী রিয়াজ ও কমিশনের অন্য সদস্যরা নিজেদের চরম অক্ষমতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনেকের মতে, তাদের ভিন্ন এজেন্ডা ছিল, যা তারা বাস্তাবায়নের চেষ্টা করেছেন। তাদের ‘মুষিক প্রসব’ জাতিকে হতাশ করেছে, বিভেদ ও তির্কের মধ্যে নিক্ষেপ করেছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিবাদের সৃষ্টি করেছে। জামায়াতসহ আট দল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দেশের মানুষ সনদ, গণভোট বোঝে না। সব সংস্কারে রাজি আছি। যা রাজি হব না সংসদে গিয়ে পাস হবে। তার এ বক্তব্যের সাথে বিশিষ্ট আইনবিদ ড. শাহদীন মালিকের অভিমতের মিল রয়েছে। তিনি জাতীয় ঐকমত্য কমিশনের এখতিয়ার নিয়েই প্রশ্ন তুলেছেন। বলেছেন, সংবিধান রচনার মতো দায়িত্ব ঐকমত্য কমিশনকে দেয়া হয়নি। বহু বিষয় এখানে রয়েছে, যা সাংঘার্ষিক। জুলাই সনদের আইনি ভিত্তি সমন্ধে তার অভিমত, আগামী সংসদই এটা করবে। গণভোট বিষয়ে তিনি বলেছেন, গণভোটের সঙ্গে জনগণ পরিচিত নয়। এখন কোন প্রশ্নে গণভোট হবে, গণভোটের ফলাফল কী হবে, এগুলো নিয়ে তো কোনো আলাপ-আলোচনাই হয়নি। খালি গণভোট চাই আর গণভোট চাই না বললে হবে না। গণভোট করতে হলে আইন তৈরি করতে হবে। সে আইন তৈরি করতে পারে আগামী সংসদ।
ড. শাহদীন মালিকের বক্তব্য, দ্ব্যর্থহনী ও স্পষ্ট। বিএনপির বক্তব্যও আনেকটা তাই। বিশেষজ্ঞদের মতে, বিএনপি সবচেয়ে বড় দল। তার অভিমত ও অবস্থানকে সে মোতাবেক বিবেচনা করতে হবে। নন ইস্যুকে ইস্যু বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামায়াতে ইসলামী। নির্বাচনে বাধা সৃষ্টি করছে দলটি। সরকারের কোনো বিবেচনাতেই তাকে প্রশ্রয় দেয়া ও পোষকতা করা উচিত নয়। দেশের মানুষ এখন নির্বাচনের জন্য অধীর অপেক্ষায় রয়েছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। সুতরাং সরকারকে অন্য সব কিছু পাশে রেখে নির্বাচনকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সরকার অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার প্রমাণ রেখেছে। পতিত স্বৈরাচার অর্থনীতি শেষ করে দিয়ে গেছে। তার পুনর্গঠনের অঙ্গীকার করেও এ সরকার শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। আইনশৃংখলা ও নাগরিক নিরাপত্তা এখনো অনিশ্চিত হয়ে আছে। এমতাবস্থায়, সরকার যদি জাতীয় নির্বাচন যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারে, তবে এসব ব্যর্থতা ধর্তব্যে আসবে না। ড. ইউনূসের বিশ্বব্যাপী সুনাম, সুখ্যাতি ও মর্যাদা রক্ষার এটাই সর্বোত্তম উপায় ও শেষ সুযোগ। আমরা আশা করবো, রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করবেন। মনে রাখতে হবে, এ মুহূর্তে রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য সমস্যার একমাত্র সমাধান নির্বাচন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। এর কোনো বিকল্প নেই।
