রাজনৈতিক অস্থিরতায় বিশেষত রাজধানীর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ক্রমবর্ধমান বলিয়া রবিবার সমকাল যেই সংবাদ দিয়াছে, উহা অমূলক নহে। বিশেষত সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানাবিধ কর্মসূচির ফলে জনমনে সৃষ্ট এক প্রকার নিরাপত্তা শঙ্কায় অভিভাবকগণ স্বাভাবিকভাবেই সন্তানদের বিদ্যালয়ে পাঠাইতে অনিচ্ছুক হইবার কথা। কিন্তু তাহারা এই বিষয়ে সিদ্ধান্ত লইতে পারিতেছেন না প্রধানত দুই কারণে। প্রথমত, কোনো কোনো বিদ্যালয়ে ইতোমধ্যে বার্ষিক পরীক্ষা শুরু হইয়াছে, অন্যগুলিতেও শীঘ্রই উহা শুরু হইবার কথা। বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করিতে না পারিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হইবে। তদুপরি প্রতিবেদনমতে, প্রায় সকল বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের এহেন উদ্বেগকে বাস্তবসম্মত মনে করিলেও আনুষ্ঠানিক ঘোষণা দিয়া বিদ্যালয় বন্ধ করিতে পারিতেছে না। কারণ সরকারি তো বটেই, বেসরকারি বিদ্যালয়কেও এই সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা মান্য করিতে হয়, যেইখানে শেষোক্তরা মনে করেন, রাজনৈতিক অস্থিরতার মৃদু ছায়া শিক্ষাঙ্গনে স্পষ্ট হইয়া উঠিলেও এখনও স্বাভাবিক কার্যক্রম চালাইয়া যাওয়া যায়।
দেশের সরকারি-বেসরকারি স্কুলগুলির নিয়ন্ত্রক সংস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক সমকালকে বলিয়াছেন, দেশের সার্বিক পরিস্থিতি এইরূপ গুরুতর নহে যে, স্কুল বন্ধ রাখিতে হইবে। তাঁহার মতে, অতীতে অনিশ্চয়তার মধ্যেও ক্লাস হইয়াছে, তাই এখনও তিনি কোনো ঝুঁকি দেখিতেছেন না। সন্দেহ নাই, ন্যূনতম অনুকূল পরিস্থিতি থাকিলে বার্ষিক পরীক্ষা দ্রুত সম্পাদন করাই উত্তম। তজ্জন্য কোমলমতি শিক্ষার্থীদের বিপদের মধ্যে ঠেলিয়া দেওয়া কোনো প্রকারেই গ্রহণযোগ্য হইতে পারে না। মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে শিক্ষার্থীরাও পরীক্ষায় সন্তোষজনক ফল লাভ করিতে পারিবে না। উপরন্তু বিপজ্জনক পরিস্থিতিতে সন্তানকে বাহিরে রাখিয়া অভিভাবকদের পক্ষেও স্বস্তিতে পেশাগত বা সাংসারিক কর্ম চালাইয়া যাওয়া কঠিন। মোদ্দা কথা, এহেন পরিস্থিতিতে একূল-ওকূল দুই কূলই হারাইবার কোনো যুক্তি থাকিতে পারে না।
অনস্বীকার্য, রাজনৈতিক অস্থিরতা এই দেশে নূতন নহে। বলা যায়, স্বাধীনতার পর হইতে গত ৫৪ বৎসরে রাজনৈতিক পরিস্থিতি বহুবারই সহিংস হইয়া উঠিয়াছে। আর এই প্রকার প্রতিকূলতা সত্ত্বেও জীবনযাত্রা এইখানে কখনোই সম্পূর্ণ স্থবির হইয়া যায় নাই। অতএব, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষাসহ সকল প্রকার কার্যক্রম চালাইয়া যাইবার চেষ্টা করা যাইতে পারে। তবে এই আশঙ্কাও উড়াইয়া দেওয়া যায় না যে, রাজনৈতিক অস্থিরতা সহসা বন্ধ হইবে না, উহা বরং আগামী দিনগুলিতে আরও বাড়িতে পারে। ইহা অসত্য নহে, গত বৎসরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারসহ বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলসমূহ যেই স্থিতিশীল বাংলাদেশের স্বপ্ন দেখাইয়াছিল, তাহা ইতোমধ্যে অনেকাংশে বিবর্ণ। প্রায় দেড় বৎসর অতিক্রান্ত হইলেও সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতিই নিয়ন্ত্রণে আনিতে ব্যর্থ হইয়াছে। দীর্ঘদিনের পাল্টাপাল্টি ও দোষারোপের রাজনীতির অবসান হইবার কথা থাকিলেও শুধু তাহার তবিয়তই বহাল নাই, বরং ইহাতে নূতন মাত্রা যুক্ত হইয়াছে। অন্তত গণঅভ্যুত্থানের শক্তিগুলি মিলিয়া মিশিয়া পুরানা রাজনৈতিক অপসংস্কৃতি পরিবর্তনের যে সম্ভাবনা দেখা গিয়াছিল তাহা তিরোহিত। এহেন পরিস্থিতিতে তৃতীয় পক্ষের অনুকূলে জলকে অস্বচ্ছ করিবার অবকাশ বরং বৃদ্ধি পায়।
আমরা মনে করি, সার্বিক এই পরিস্থিতি বিবেচনায় রাখিয়াই আমাদের সিদ্ধান্ত লইতে হইবে। বৎসরের শেষ সময় শিশুদের অধ্যয়ন যদ্রূপ জরুরি, তদ্রূপ নিরাপত্তাও সর্বাগ্রে। অভিভাবকদের উদ্বেগ এবং বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য সরকারকে গুরুত্ব দিতে হইবে।
