ভারতের কূটচাল ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসির) একদেশদর্শী সিদ্ধান্তে এবার বাংলাদেশ ক্রিকেট দল টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারছে না। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসতে যাচ্ছে ভারত ও শ্রীলংকায়। এর আগের ৯টি টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিয়েছে। এবারই প্রথমবারের মতো তাকে বঞ্চিত থাকতে হচ্ছে। এখানে বিশেষভাবে উল্লেখ করা দরকার, বাংলাদেশের জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ায় বাংলাদেশ নিরাপত্তার প্রশ্ন তুলে ভারতে টি-টুয়েন্টি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় এবং ভেন্যু পরিবর্তন করে শ্রীলংকায় খেলার জন্য আইসিসির কাছে অনুরোধ জানায়। আইসিসি জবাবে ভারতে খেলার জন্য বাংলাদেশকে তাকিদ দেয়। বাংলাদেশ এ তাগিদ উপেক্ষা করে পূর্ব সিদ্ধান্তে অটল থাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে ভারতের কোনো শহরে বাংলাদেশ দল নিরাপদ নয়। শুধু দলই নয়, খেলা হলে বোর্ড কর্মকর্তা, দর্শক এবং সাংবাদিকরা যাবেন সেখানে। তারাও কেউ নিরাপদ থাকবেন না বলে শংকা রয়েছে। এখানে এও বলে রাখা দরকার, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার জন্য ভারতের বিজেপি ও উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠী দাবি জানায়, যার প্রেক্ষিতে সরকারের ও ভারতের ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়। অতঃপর নিরাপত্তার প্রশ্ন তুলে বাংলাদেশ ভারতে না খেলার সিদ্ধান্ত গ্রহণ করে। এ ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল অত্যন্ত বলিষ্ট ভূমিকা পালন করেন। তিনি একথাও বলতে বাধ্য হন যে, গোলামীর দিন শেষ হয়েছে। বাংলাদেশ কেবল ভারতে খেলার জন্য নারাজির কথাই জানিয়ে দেয় না, একইসঙ্গে দেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচারও বন্ধ করার সিদ্ধান্ত নেয়। বলা বাহুল্য, মুস্তাফিজকে নিয়ে ভারতের সিদ্ধান্ত একই সঙ্গে ক্রীড়াবিদ হিসেবে মুস্তাফিজ এবং বাংলাদেশ ক্রিকেটের প্রতি আবজ্ঞা প্রদর্শনের শামিল। ভারত দেশ হিসেবে বাংলাদেশকেও অবমূল্যায়ন করেছে। জাতীয় আত্মশ্লাঘা, সম্মান ও মর্যাদার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক ও সঠিক হয়েছে। নিঃসন্দেহে ক্রিকেটের চেয়ে দেশ বড়।

বাংলাদেশের সিদ্ধান্তের পর দেশ ও দেশের ক্রিকেটপ্রিয় মানুষ আশা করেছিল, ভারত তার বাংলাদেশ বৈরি, সাম্প্রদায়িক ও হিংসাত্মক সিদ্ধান্ত পরিহার করে দুঃখ প্রকাশ করবে। এইসঙ্গে আইসিসিও বাংলাদেশের প্রতি সুবিচার করবে। কিন্তু বাস্তবে ‘মিরাকল’ ও ‘সুবিচার’ কিছুই হলো না। আইসিসি বাংলাদেশের স্থলে তার সহযোগী সদস্য দেশ স্কটল্যান্ডকে খেলানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। যথারীতি এ সিদ্ধান্ত ই-মেইলে জানিয়ে দিয়েছে বিসিবিকে। আইসিসি চাইলে বাংলাদেশের অনুরোধ বিবেচনায় নিয়ে ‘সি’-গ্রুপের চারটি খেলার ভেন্যু শ্রীলংকায় স্থানান্তর করতে পারতো। আইসিসি সেই সৌজন্য ও সদিচ্ছা প্রদর্শন করেনি। পর্যবেক্ষকদের মতে, ভারতের ইচ্ছার বাইরে যেতে পারেনি আইসিসি। স্মরণ করা যেতে পারে, ক্রিকেট ভেন্যু পরিবর্তনের ঘটনা বিরল নয়।

নিরাপত্তা বা অন্য কোনো অনিবার্যকারণে অতীতে ভেন্যু পরিবর্তনের ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদের একটি বক্তব্য এখানে উল্লেখ করতে হয়। তিনি বলেছেন, ভারতের জন্য যখন নিরাপত্তা ঝুঁকি থাকে তখন তারা পাকিস্তানে না গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলে। বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও এবং বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও ভেন্যু পরিবর্তন করেনি আইসিসি। এটা বৈষম্য ও অযৌক্তিক। পর্যবেক্ষকরা সেলিম শাহেদের সঙ্গে সহমত পোষণ করেন। ওদিকে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার পর পাকিস্তান তার প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নকভি বলেছেন, বাংলাদেশকে বাদ দেয়ার ঘটনা অবিচার ও দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ। তিনি আরো বলেছেন, বাংলাদেশের সাথে অবিচার করা হয়েছে। বাংলাদেশ একটি বড় অংশীদার, তার প্রতি এ ধরনের অবিচার করা উচিত নয়। বাংলাদেশকে বাদ দেয়ার প্রতিবাদে বিশ্বকাপ থেকে পাকিস্তানও সরে যাবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফিরলে সিদ্ধান্ত নেয়া হবে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ তার দেশ পাকিস্তানকে টি-টুয়েন্টি বিশ্বকাপ বয়কটের আহবান জানিয়েছেন। তার মতে, বাংলাদেশের পর পাকিস্তানও যদি না খেলে, তাহলে বিশ্বকাপের মান নেমে যাবে। তিনি আইসিসির ভূমিকার সমালোচনা করে তীর্যক ভাষায় বলেছেন, পাকিস্তান বয়কট করলে তার জায়গায় আইসিসি খেলাবে উগান্ডাকে। আর এক লাখ ৩২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন আহমেদাবাদ স্টেডিয়ামে খেলবে ভারত-উগান্ডা।

আইসিসি অনেক আগেই তার গ্রহণযোগ্যতা সংকোচনের নীতি গ্রহণ করেছে এবং ইতোমধ্যে গ্রহণযোগ্যতা অনেকখানি হারিয়েছে। বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে দূরে রাখার সিদ্ধান্তের মধ্যে দিয়ে তার গ্রহণযোগ্যতা প্রায় প্রান্তসীমানায় এসে দাঁড়িয়েছে। আইসিসি স্পষ্টভাবে বিসিসিবি তথা ভারতের অবস্থানের পক্ষ নিয়েছে, যা সে করতে পারে না। বিশ্বক্রিকেটের অভিভাবক সংস্থার এহেন আচরণ ও ভূমিকা মোটেই প্রত্যাশিত হতে পারে না। অন্যান্য ক্ষেত্রের মতো বিশ্ব ক্রিকেটেও একটি সিন্ডিকেট ক্রিয়াশীল আছে। এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে কার্যত ভারত। ভারতই প্রভাবশালী কতিপয় সদস্যের সহযোগিতা নিয়ে এই সিন্ডিকেট পরিচালনা করে। আইসিসি এই সিন্ডিকেটের কাছে অসহায় ও নতজানু। ভারতকে জমাখরচ দিয়েই আইসিসিকে চলতে হয়।

বাংলাদেশ তার আত্মসম্মান ও আত্মমর্যাদাকে প্রাধান্য দিয়েছে। মুস্তাফিজের সঙ্গে বিসিসিবি ও ভারত যে আচারণ করছে, তা মুখ বুজে মেনে নেয়া মানে ভারতের অন্যায় ও দাদাগিরি মেনে নেয়া। টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারায় বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিসিবি ও খেলোয়াড়রা যে অর্থ পেতো তা পাবে না। এই ক্ষতিকে বড় করে দেখার কোনো কারণ নেই। সবার আগে দেশ ও দেশের মান-সম্মান। ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অকুণ্ঠ ধন্যবাদ ও প্রশংসা এ জন্য যে, তারা ভারত ও আইসিসির কাছে নতস্বীকার করেননি। সঠিক ও যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন। দুঃখজনক হলেও বলতে হচ্ছে, ভারতের অন্যায় আচরণ ও আইসিসির অবিচার নিয়ে রাজনৈতিক দলগুলোর তরফে সোচ্চার কোনো প্রতিবাদ ও বক্তব্য দিতে দেখা যায়নি। বিশেষ করে, বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিবাদ জানানো উচিত ছিল। দলীয় প্রধান হিসেবে তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের স্পষ্ট বক্তব্য দেশের মানুষ প্রত্যাশা করে। আমরা আশা করি, জাতীয় স্বার্থের প্রশ্নে তারা বলিষ্ঠ বক্তব্য রাখবেন।