বর্তমান সভ্যতার একটি বড় ট্র্যাজেডি হলো ইসলাম বিদ্বেষ এবং ইসলামবিরোধী প্রচারণা। অথচ ইসলাম হলো মহান স্রষ্টা প্রেরীত নেয়ামত। আল্লাহ পৃথিবীকে যেমন মানববান্ধব করে সৃষ্টি করেছেন, তেমনি উন্নত জীবনের দিশা দিয়ে প্রেরণ করেছেন ইসলামকে। এ ধর্ম-দর্শনে উগ্রতা নেই, সাম্প্রদায়িকতা নেই, বরং আছে সবাইকে নিয়ে বসবাসের মধ্যপন্থা। ইনসাফ ও সহনশীলতার এ ধর্মটিকে নিয়ে ভুল বোঝাবুঝি আছে; বোঝাতে গিয়ে যেমন কিছু ভুল হয়েছে, তেমনি বুঝতে গিয়েও ভুল কম হয় নি। এ জন্য কি ইসলামকে দোষ দেওয়া সঙ্গত হবে? অসঙ্গত এ কাজটি কিন্তু অব্যাহত রয়েছে, বিশেষ করে পাশ্চাত্যে। এবার যুক্তরাষ্ট্রের নির্বাচনেও বিষয়টি লক্ষ্য করা গেছে। তবে মধ্যবর্তী এ নির্বাচনে ইসলাম বিদ্বেষের পরাজয় ঘটেছে। যুক্তরাষ্ট্রে তো ট্রাম্পের রিপাবলিকান পার্টি ক্ষমতাসীন ছিল। এ দলের নেতাকর্মীরা, এমনকি স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত নির্বাচনের সময় নানাভাবে ইসলাম বিদ্বেষ ছড়িয়েছেন। নির্বাচনে ইসলামিস্টদের পরাজিত করতে হবে, এমন একটা বয়ান তারা ছড়াবার চেষ্টা করেছেন। তবে তাদের এ বয়ান হালে পানি পায় নি, বরং পরাজিত হতে হয়েছে শোচনীয়ভাবে।

এবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইসলাম বিদ্বেষের বড় টার্গেটে পরিণত হয়েছিলেন মিশিগানের ডেমোক্রেকিট প্রার্থী আব্দুল আল-সাইয়েদ। তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন। তবে সিনেট নির্বাচনে সাইয়েদকে হারাতে নানাভাবে চেষ্টা করেছে ইহুদীলবি। শুধু অর্থ নয়, মিথ্যা প্রোপাগান্ডাও যুক্ত হয়েছে সাইয়েদের বিরুদ্ধে। তাকে উগ্রবাদী হিসেবে চিহ্নিত করার চেষ্টা হয়েছে। এর ভালো জবাব দিয়েছেন ডেমোক্র্যাট নেতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, আব্দুল আল-সাইয়েদ উগ্রবাদী নয়, বরং সে আমার মতো আদর্শবাদী। অন্যরা যেখানে ইসরাইলের জোরালো সমর্থক, সেখানে সাইয়েদ গাজায় ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসন এবং তেলআবিবকে ওয়াশিংটনের সামরিক সহযোগিতার তীব্র সমালোচক। বিষয়টা আসলে উগ্রতা নয়, নীতির। একজন ইসরাইলী আগ্রাসন ও যুদ্ধাপরাধের সমর্থক, অন্যজন ইসরাইলী আগ্রাসনের বিরোধী। নির্বাচনে আব্দুল আল-সাইয়েদের নীতির বিজয় হয়েছে, পরাজয় ঘটেছে ইসলামবিদ্বেষী প্রোপাগান্ডার।

এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের সব ধারার নেতারাই বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মধ্যপন্থী, প্রগতিশীল, জনতাবাদী, ইসলামিস্ট এবং ডেমোক্রেটিক সমাজতন্ত্রীরা। সব মিলে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে, ট্রাম্পের রাজনৈতিক দর্শন ও শাসনপদ্ধতি নিয়ে ভোটাররা সন্তুষ্ট নয়। ব্যালটের মাধ্যমে তারা তাদের মনোভাব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন। আর রাজনীতিতে ইসলাম বিদ্বেষ ও ইহুদীলবির প্রোপাগান্ডা এবার তেমন সুবিধা করতে পারে নি। মুসলিমরা তাদের যোগ্যস্থান পেতে শুরু করেছেন। ৩৬ মুসলিম প্রার্থীর বিজয় তার প্রমাণ। এবারের নির্বাচনে মুসলিম নারীদের বিজয়ও উল্লেখ করার মতো। মিনিসোটা অঙ্গরাজ্যের ডেমোক্রেট কংগ্রেস সদস্য ইলহান ওমর পঞ্চমবারের মত জয়ী হলেন। মিশিগানে জয় ধরে রাখলেন রাশিদা তালিব। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ১২তম ডিস্ট্রিক্টে জয় পেয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম নারী আবের কাওয়াস। ৭৫ শতাংশ ভোট পেয়ে কুইন্সের এ আসনে বিজয়ী হয়েছেন তিনি। শুধু কুইন্স নয়, আমেরিকার রাজনীতিতে ফিলিস্তিনি ও মুসলিম নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রেও ঐতিহাসিক ঘটনার জন্ম দিলেন তিনি। নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম ও বেড়ে ওঠা আবের কাওয়াসের বাবা-মা ফিলিস্তিনি শরণার্থী। শৈশবেই তার পরিবার এ দেশের অভিবাসন নীতির কঠিন অভিজ্ঞতার মুখে পড়ে। ফিলিস্তিনিদের অধিকার ও গাজা পরিস্থিতি নিয়ে নির্বাচনি প্রচারের সময়ও সরব ছিলেন আবের কাওয়াস। এমন একজন মানুষের বড় বিজয় মার্কিন রাজনীতিতে নতুন বার্তা দেয়। এছাড়া এবারের নির্বাচনে ইলিনয় রাজ্যে সিনেটে জয়ী হয়েছেন নাবিলা সৈয়দ, ক্যালিফোর্নিয়ায় পুনঃনির্বাচিত হয়েছেন লতিফা সাইমন, ক্যালিফোর্নিয়ায় জয় লাভ করেছেন আয়েশা ওয়াহাবও। উপলব্ধি করা যায়, ইসলাম বিদ্বেষী রাজনীতির দিন শেষ হয়ে আসছে যুক্তরাষ্ট্রে।