জাতীয় অর্থনীতি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রান্তিক উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা নির্বাহে ইলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন ও সরকারি হিসাব পর্যালোচনা করিলে দেখা যাইতেছে, গত দুই দশকে দেশে ইলিশের উৎপাদন কাগজ-কলমে প্রায় তিন গুণ হইয়াছে। ২০২৪ সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০১-০২ আর্থিক বৎসরে ইলিশের উৎপাদন হইয়াছিল প্রায় ২ লক্ষ ২০ সহস্র টন, যাহা বর্তমানে বৃদ্ধি পাইয়া প্রায় ৫ লক্ষ ৭ সহস্র টনে পৌঁছিয়াছে। কিন্তু বাজারের বাস্তবতা ও সাধারণ ভোক্তার অভিজ্ঞতা বলিতেছে সম্পূর্ণ ভিন্ন কথা।
শনিবার সমকালে প্রকাশিত প্রতিবেদনমতে, বাস্তব চিত্র পর্যালোচনা করিলে বিপুল পরিমাণ ইলিশ উৎপাদনের এই পরিসংখ্যানের সহিত বাজারমূল্য ও সাধারণ মানুষের প্রাপ্তির মিল ঘটানো দায়। সাধারণ ক্রেতাদের জন্য ইলিশ অধরাই রহিয়াছে। বাজারে ইলিশের যে গগনচুম্বী মূল্য, তাহাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পাতে ইলিশ উঠা এখন দুঃস্বপ্ন। জেলেদিগের অভিজ্ঞতা ও সাম্প্রতিক বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নদনদীতে ইলিশের সংকট তীব্র। সরকারি পরিসংখ্যানের খাতায় বিপুলসংখ্যক উৎপাদন প্রদর্শিত হইলেও বাস্তব ক্ষেত্রে উপকূল ও নদনদীর জেলেগণ ইলিশের দর্শন পাইতেছেন না। সরেজমিন সমকালের প্রতিবেদক এই বাস্তবতাই প্রত্যক্ষ করিয়াছেন। ফলে একদিকে জেলেগণ ঋণগ্রস্ত হইয়া দিনাতিপাত করিতেছেন, অন্যদিকে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে এই জাতীয় মৎস্য ক্রয় করিতে ব্যর্থ হইতেছেন।
পরিসংখ্যানের এই বৈপরীত্যের মূলে রহিয়াছে একাধিক জটিল কারণ। সরকারি পরিসংখ্যান প্রস্তুতকরণ পদ্ধতিতে অস্বচ্ছতা ও অতিরঞ্জন, বাস্তবে কতটুকু ইলিশ আহরণ হইতেছে তাহা নিখুঁত পরিমাপ করিবার আধুনিক ব্যবস্থার অভাব, জলবায়ু পরিবর্তন, নদীসমূহের নাব্যসংকট এবং প্রধান প্রধান নদনদীর মোহনায় পলি জমিয়া গতিপথ পরিবর্তিত হওয়া ইলিশের স্বাভাবিক প্রজনন ও পরিযায়নে বৃহৎ প্রতিবন্ধকতা। বিশেষ করিয়া মেঘনা, তেঁতুলিয়া ও পায়রা নদীর তলদেশ ভরাট হইয়া যাওয়ার কারণে সাগর হইতে ইলিশের নদী অভিমুখে গমন-পথ সংকীর্ণ হইয়া গিয়াছে। উপরন্তু সরকার জাটকা নিধন এবং প্রজনন মৌসুমে মা-ইলিশ শিকার বন্ধ ঘোষণা করিলেও জেলেগণ উহা মান্য করিতেছেন না। অনেকে নিষিদ্ধ কারেন্ট জাল ও বেহুন্দি জাল অবাধ ব্যবহার করিয়া জাটকা ধরিতেছেন। ইহাতে ইলিশের বংশবৃদ্ধি ভীষণভাবে ব্যাহত হইতেছে। স্থানীয় প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় প্রতি বৎসর প্রজনন ও জাটকা সুরক্ষার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করিবার ঘটনা ঘটিতেছে বিস্তর। তদুপরি নদীদূষণের কারণেও উপকূলীয় অঞ্চলে ইলিশের বিচরণক্ষেত্র সংকুচিত হইয়া আসিতেছে।
এই অবস্থা অব্যাহত থাকিলে কেবল পরিসংখ্যানের পাতায় সফলতা বজায় থাকিবে, বাস্তবে দেশের মানুষ ইলিশের আস্বাদ হইতে বঞ্চিত হইবে এবং জেলেদের সংকট ঘনীভূত হইবে। এই বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে সমন্বয় এবং গবেষণার বিকল্প নিশ্চয়ই নাই। কিন্তু সর্বাগ্রে সঠিক পরিসংখ্যান আবশ্যক। কাগুজে পরিসংখ্যানে আর যাহাই হউক. পাত ভরিবে না। ইলিশ উৎপাদনের সঠিক তথ্য নিরূপণে আধুনিক বৈজ্ঞানিক জরিপ ও প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা প্রবর্তন করা আবশ্যক। দ্বিতীয়ত, ইলিশের প্রজনন ও বিচরণ অক্ষুণ্ন রাখিতে অভয়াশ্রমসমূহের নাব্য সংকট দূরীকরণে নদীর গভীরতা বৃদ্ধি করিতে হইবে। দূষণ দূরীকরণেরও বিকল্প নাই। বিস্মৃত হইলে চলিবে না– ইলিশ হ্রাসের অন্যতম প্রধান কারণ নদনদীতে দূষণ বৃদ্ধি। এতদ্ব্যতীত উজান হইতে অপর্যাপ্ত প্রবাহও নেতিবাচক ভূমিকা রাখিতেছে। তদুপরি এই সময়ে জেলেদের পুনর্বাসনে প্রদত্ত ভিজিএফ চাউল সঠিক সময়ে প্রকৃত জেলেদের নিকট পৌঁছাইতে হইবে। আর অবৈধ কারেন্ট জালের কারখানা ও বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে কেবল নিম্নবিত্ত ও অসহায় জেলেগণের উপর হম্বিতম্বি অমানবিকতা ভিন্ন কিছুই নহে।
