ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে জোরালো বিতর্ক রয়েছে শুরু থেকেই। ইরান যুদ্ধের বাস্তবতায় ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জ্বালানি সংকটের কারণে এই চুক্তি নতুনভাবে আলোচনায় উঠে এসেছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিডি)র ফেলো অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি দেশের জ্বালানিনিরাপত্তার সার্বভৌমত্বকে ক্ষুণœ করছে। ক্রেডিবল নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন সরকারের তরফে দেশভিত্তিক বৈদেশিক নীতি না রাখার কথা বলা হলেও বাণিজ্যচুক্তির কারণে তেল কিনতে সরকারকে যুক্তরাষ্ট্রের অনুমোদন চাইতে হচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জাতীয় বাজেটে জ্বালানিনিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক এক ছায়া সংসদ বিতর্কে ড. দেবপ্রিয় কথা বলেন। তিনি বিগত ইন্টেরিম সরকারের সময়ে প্রণীত সংস্কার প্রস্তাব, বেশ কিছু অধ্যাদেশ সম্পর্কে সরকারের অবস্থান এবং আএমএফ’র অর্থ ছাড় না করা প্রসঙ্গেও প্রশ্ন তোলেন। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ও পারস্পরিক সম্পর্কযুক্ত।
ইরান যুদ্ধ জটিল ভূরাজনৈতিক বাস্তবতা সৃষ্টি করেছে। ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের পুরনো মিত্ররা এখন স্বাধীনভাবে তাদের নিরাপত্তা, জ্বালানি ও বাণিজ্যনীতি নির্ধারণের পথে পা বাড়াচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্যের মার্কিন বশংবদ দেশগুলোও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে নতুনভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এহেন বাস্তবতায় বাংলাদেশকে অবশ্যই আঞ্চলিক-আন্তর্জাতিক বাস্তবতায় জ্বালানিসহ রাজনৈতিক-অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন থাকতে হবে। এ কথা ঠিক যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের তৈরী পোশাক রফতানির সম্পর্ক রয়েছে। এছাড়া বিনিয়োগ,উন্নয়নসহ নানাক্ষেত্রে অংশীদারিত্ব রয়েছে। এর মানে এই নয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দাসখতের বাণিজ্য চুক্তি ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না।
ভিয়েতনামের মত একটি দেশ ২০ বছর ধরে আমেরিকার সাথে যুদ্ধ করে শুধু টিকেই থাকেনি, মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। সেই ভিয়েতনাম এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য ও উন্নয়ন অংশীদারে পরিণত হয়েছে। বাংলাদেশের জন্য ইরানযুদ্ধ কেন্দ্রিক সমস্যা ভিয়েতনাম যুদ্ধের তুলনায় কিছুই নয়। এ পরিস্থিতির উত্তরণও কঠিন কিছু নায়। বিদ্যমান সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ও জীবনযাত্রা থেমে যায়নি। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রশ্নে আপসহীন ও সময়ের সাহসী সিদ্ধান্ত জাতিকে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্বের প্রশ্নে চীন, রাশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। জ্বালানিসহ অর্থনৈতিক স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে কোনো পরাশক্তির চাপের কাছে নতি স্বীকারের কোনো সুযোগ নেই। ড.ইউনূস সরকারের সময়ে অনেক কাজ ও সিদ্ধান্ত জাতীয় স্বার্থানুগ হয়নি। নানা কোটারি স্বার্থ ও মতলবে তা হয়েছে। সেই সরকারের করা যে কোনো জাতীয় স্বার্থবিরোধী চুক্তি ও সিদ্ধান্ত সম্পর্কে সরকারকে নতুন সিদ্ধান্তে আসতে হবে।
বাণিজ্য ও নিরাপত্তাচুক্তি সর্বদা পারস্পরিক স্বার্থ রক্ষার জন্য সম্পাদিত হয়ে থাকে। রেসিপ্রোকাল বাণিজ্যচুক্তির নামে জ্বালানিনিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। ইন্টেরিম সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা ড.খলিলুর রহমান বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বিগত সময়ে সম্পাদিত ভারসাম্যহীন, জাতীয় স্বার্থের প্রশ্নে ক্ষতিকর চুক্তির সাথে তাঁর সম্পৃক্ততা প্রশ্নাতীত। পরিবর্তিত রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা ও জ্বালানিনিরাপত্তার প্রশ্নে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, তাহলে চুক্তির ধারাসমুহ পুর্নবিবেচনা ও সংশোধনের দাবি রাখে।
প্রফেসর আনু মুহাম্মদের মত একজন বিশিষ্ট অর্থনীতিবিদ যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত ক্ষতিকর বাণিজ্য চুক্তির জন্য অর্ন্তবর্তী সরকারের বিচার দাবি করেছেন। মাঠের রাজনীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা, অনেক অভিযোগই উঠে এসেছে। সব কিছু গ্রহণযোগ্য বা সমর্থনযোগ্য না হলেও জাতীয় নিরাপত্তা ও জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে, এমন যে কোনো সিদ্ধান্ত, চুক্তি বা সমঝোতা বাঁচিয়ে রাখার কোনো যৌক্তির কারণ নেই। ইরান যুদ্ধের বাস্তবতায় মার্কিন বাণিজ্যচুক্তি যদি দেশের জ্বালানি নিরাপত্তাসহ জাতীয় স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্যকে ক্ষুন্ন করে তা নিয়ে সরকারকে অবশ্যই নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। গতকাল ইনকিলাবে প্রকাশিত এক রিপোর্টে জানা যায়, দ্বিপাক্ষিক বাণিজ্য সংলাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহাকারী ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধি শীঘ্রই ঢাকা আসছেন। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের নামে দেশের আমদানি-রফতানি যেন পরাশক্তির আধিপত্যবাদী নীতির কাছে শৃঙ্খলিত হয়ে না পড়ে সে দিকে সরকারকে সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে সম্মত বা সম্পাদিত বাণিজ্য চুক্তি ঘিরে যে সব অভিযোগ ও বিতর্ক উঠে এসেছে, তা সরকারকে জনগণের কাছে খোলাসা করতে হবে। জ্বালানি নিরাপত্তার মত অতি গুরুত্বপূর্ণ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদনের শর্ত থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।
