দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের দীর্ঘদিন বন্ধ থাকা কারখানায় আবারও উৎপাদন শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি পোশাক কারখানা নতুন ব্যবসায়িক মডেলে চালু করতে ব্রিটিশ ও চীনা দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২ কোটি ৩০ লাখ ডলার বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন পেলে বিনিয়োগকারী প্রতিষ্ঠান দুটি আগামী বছরের এপ্রিলেই কারখানাটিতে উৎপাদন শুরু করতে চাচ্ছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বন্ধ থাকা ১৬টি তৈরি পোশাক ও টেক্সটাইল ইউনিটের মধ্যে প্রথমে প্রিফিক্স ফ্যাশনস লিমিটেড চালুর পরিকল্পনা করা হয়েছে। এ উদ্যোগ সফল হলে একই মডেলে পর্যায়ক্রমে বাকি কারখানাগুলোও চালুর পথ তৈরি হতে পারে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।

এই উদ্যোগ দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত হবে। হিসেবে দেখছেন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অর্থনীতিতে বেক্সিমকো গ্রুপের ভূমিকা বহুমুখী এবং এটি দেশের শিল্পায়ন, রফতানি ও কর্মসংস্থানে দীর্ঘদিন ধরে একটি বড় প্রভাব রেখেছে। এক সময় এটি ছিল দেশের বেসরকারি খাতে অন্যতম বৃহৎ কর্মসংস্থানকারী প্রতিষ্ঠান, যেখানে ৭০ হাজারের বেশি মানুষ কাজ করত। এই শিল্পগোষ্ঠী টেক্সটাইল, তৈরি পোশাক এবং অন্যান্য খাতের মাধ্যমে বিশ্বের প্রায় ৫৫টি দেশে পণ্য রফতানি করে দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা আয়ে অবদান রেখেছে। একই সঙ্গে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস দেশের ঔষধ শিল্পে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করছে এবং ওষুধ রফতানি করে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে।

গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পার তার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকোর এই শিল্প গ্রুপ চরম বিশৃঙ্খলার মুখে পড়ে। সেসময় গ্রুপটির কিছু কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরবর্তীতে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মার্চে বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করে। তবে তার আগে শ্রমিকদের বকেয়া মেটাতে সরকার ৫২৬ কোটি টাকার সহায়তা দিয়েছিল। আমরা বহুবার বলে আসছি, মালিকের অনুপস্থিতির কারণে প্রতিষ্ঠান বন্ধ হতে পারে না। প্রতিষ্ঠান তার নিজস্ব গতিতে চলবে এবং সচল রাখতে হবে।

বন্ধ হয়ে গেলে বা বন্ধ করে দিলে অর্থনীতিতে এর ক্ষতি বহুমুখী হয়ে উঠে। এর সাথে অনেক মানুষের কর্মসংস্থান, অসংখ্য পরিবারের আয়ের উৎস ও একে কেন্দ্র করে গড়ে উঠা বিভিন্ন পণ্য উৎপাদনের সহায়ক প্রতিষ্ঠানসহ অন্যান্য অর্থনৈতিক কর্মকা- জড়িয়ে থাকে। বন্ধ হয়ে গেলে এর পুরো অর্থনৈতিক কর্মকা- বন্ধ হয়ে যায়। বেক্সিমকোর মতো একটি বৃহৎ শিল্পগ্রুপের বড় একটি অংশ বন্ধ হয়ে যাওয়ায়, কর্মসংস্থান ও অর্থনীতিতে কী ধরনের ক্ষতি হয়েছে, তা উল্লেখিত দুটি প্রতিষ্ঠানের বিনিয়োগের অংক থেকেই বোঝা যায়। বিনিয়োগকারীরা আশা করছেন, কারখানাটি ২-৩ বছরের মধ্যে প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের পোশাক রফতানি করতে সক্ষম হবে।

খুচরা বিক্রেতা ও ব্র্যান্ড হিসেবে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারী চীনের প্রতিষ্ঠান বেস্টিংয়ের অবস্থানের কারণে কার্যাদেশ বা অর্ডার পেতে সহায়তা করবে। কারখানাটিতে প্রায় আড়াই হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে। কারখানাটি যে ব্যবসায়িক মডেলে চালু করা হবে, তাতে যেসব ব্যাংক কারখানার স¤পদের ওপর ঋণের বিপরীতে জামানত আটকে রেখেছে, তা তার রফতানি আয় থেকে সরাসরি কিস্তিভিত্তিতে পরিশোধ করা হবে। প্রস্তাবিত ব্যবসায়ী মডেল নিয়ে আলোচনার জন্য বেক্সিমকোর কর্মকর্তারা আগামী ১১ অক্টোবর সরকারি বিনিয়োগ সংস্থা ইনভেস্ট বাংলাদেশ-এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসবেন। অনুমোদন পেলে আগামী বছরের এপ্রিলে পরিবেশ, সামাজিক ও আইনি বাধ্যবাধকতাগুলো মেনে কারখানাটি চালু করা হবে।

প্রস্তাবিত ইজারা বা মুনাফা ভাগাভাগি মডেলটির জন্য ইনভেস্ট বাংলাদেশ ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে। এ মডেল কার্যকর প্রমাণিত হলে বেক্সিমকো শিল্প পার্কে বন্ধ থাকা আরও ১৫টি কারখানাও পর্যায়ক্রমে চালু করার পরিকল্পনা রয়েছে গ্রুপটির। বেক্সিমকোর কর্মকর্তারা মনে করছেন, কারখানাগুলো বন্ধের পর চাকরি হারানো ৩০ হাজারের বেশি শ্রমিককে ধীরে ধীরে পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বলার অপেক্ষা রাখে না, যেখানে দেশে এখন বিনিয়োগ খরা চলছে, দেশি-বিদেশি বিনিয়োগ ঋণাত্মক পর্যায়ে, সেখানে উক্ত কারখানা চালু এবং বন্ধ হয়ে যাওয়া আরও কারখান চালুর উদ্যোগ বিনিয়োগ খাতের জন্য সুখবরই বটে। সরকারের উচিৎ হবে, কারখানাগুলো চালু করার ক্ষেত্রে বিনিয়োগকারিদের সর্বাত্মক সহায়তা করা। তারা যাতে তাদের লক্ষ্য অনুযায়ী, কারখানা চালু এবং উৎপাদন ও রফতানিতে যেতে পারে, এজন্য সবধরনের সহযোগিতা করা। এক্ষেত্রে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিবন্ধকতা বিনিয়োগের ক্ষেত্রে আত্মঘাতি হবে। পর্যবেক্ষকদের মতে, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বিনিয়োগ আনার ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। অর্থমন্ত্রীও দেশের শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছেন। এমতাবস্থায়, বেক্সিমকোর বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালু করার জন্য বিনিয়োগকারিরা যে আগ্রহ দেখিয়েছে, তা বিনিয়োগ খরা কাটানোর সুযোগ তৈরি করেছে। তাদের বিনিয়োগের উদ্যোগ ও প্রস্তাব দেখে দেশি-বিদেশি বিভিন্ন উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হবে এবং তাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করবে।

দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি কতটা নাজুক, তা নতুন করে বলার কিছু নেই। সরকার নানা উদ্যোগ নিচ্ছে, তবে এর ফলাফল পেতে সময় লাগবে। তাৎক্ষণিক কোনো সুফল পাওয়া যাবে না। মূল্যস্ফীতি, বেকারত্ব, আয় কমে যাওয়া, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দারিদ্র্যের সংখ্যা দিন দিন বাড়ছে। দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানিতে স্থবিরতা বিরাজ করছে। এর মধ্যে নানা ধরনের বিতর্কিত ঘটনা মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা বাড়িয়ে দিচ্ছে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইতোমধ্যে বহুল বিতর্কিত দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেয়া হয়েছে। বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সত্ত্বেও হাসিনা ও ইউনূসের স্বার্থ হাসিলের এই টার্মিনাল ইজারা দেয়া দেশের সার্বভৌমত্ব ও অখ-তাকে হুমকির মুখে ফেলেছে। এতে ভূরাজনীতির টানাপোড়েনের কারণে অস্থিতিশীলতা তৈরি ও অর্থনৈতিক ক্ষতিরও শঙ্কা রয়েছে। অর্থনীতিবিদদের মতে, দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। এক্ষেত্রে, বেক্সিমকো গ্রুপের বন্ধ শিল্পকারখানা বিনিয়োগের মাধ্যমে চালু করার উদ্যোগ, আশার আলো হয়ে দেখা দিয়েছে। তাদের মতে, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মালিকের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মালিক পরিবর্তন হতে পারে, প্রতিষ্ঠান তার জায়গায় থাকবে এবং কার্যক্রম অব্যাহত রাখবে। বেক্সিমকোর মালিকের অপরাধের অভিযোগের বিচার হতে পারে, তবে তার জন্য প্রতিষ্ঠান বন্ধ হওয়া বা বন্ধ করে দেয়া কোনোভাবেই উচিৎ নয়। আমরা আশা করি, দেশের অর্থনীতির স্বার্থে প্রতিষ্ঠানটির বন্ধ কারখানা খুলে দেয়ার উদ্যোগকে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।