দেশের প্রায় এক-তৃতীয়াংশ নাগরিক দারিদ্র্যের ঝুঁকিতে রহিয়াছে বলিয়া বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে যেই তথ্য প্রকাশ হইয়াছে, উহা উদ্বেগজনক। ‘বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে দারিদ্র্যের কারণ হিসাবে যেইভাবে রোগ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্যান্য অপ্রত্যাশিত বিপর্যয়ের উল্লেখ রহিয়াছে, উহা অস্বীকারের অবকাশ সামান্যই। ইহাও অনস্বীকার্য, বিগত বৎসরগুলিতে দেশের প্রবৃদ্ধির সুফল অধিক হারে পাইয়াছেন বিত্তশালীরাই। ইহাতে স্পষ্টতই আয় বৈষম্য বাড়িয়াছে; ধনীরা অধিক ধনী হইয়াছে; দরিদ্র আরও নাজুক হইয়াছে। ইহাও দারিদ্র্য বৃদ্ধিতে অবদান রাখিয়াছে। এমতাবস্থায় বিশ্বব্যাংকের প্রতিবেদনকে ‘ওয়েকআপ কল’ তথা জাগরণের সংকেতরূপে আমলে লইবার বিকল্প নাই। আর সময়ে না জাগিলে সংকট বৃদ্ধি বৈ হ্রাস পাইবে না।
আমরা মনে করি, সমাজের কাঠামোগত অন্যায় ও দারিদ্র্যের মূলে মনোযোগ না দিবার কারণে সমতা ও উন্নয়ন নিশ্চিত হয় নাই। প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সামাজিক সুরক্ষা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও কাঠামোগত পরিবর্তন যুগপৎ অগ্রসরের বিকল্প নাই। অনুরূপ দেশে বেকারত্ব যেই হারে বাড়িয়াছে, উহাও দারিদ্র্যের ক্ষেত্রে প্রভাবক ভূমিকা পালন করিয়াছে। অথচ বেকারত্বের হার হ্রাসকরণের ক্ষেত্রে সাম্প্রতিক উদ্যোগ সীমিত হইয়া পড়িয়াছে। দারিদ্র্যের ক্ষেত্রে মূল্যস্ফীতির প্রভাব গুরুত্বপূর্ণ। স্থিতিশীল বাজার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রশাসনের তৎপরতা দৃশ্যমান হইলেও কাঙ্ক্ষিত নহে।
আমরা জানি, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান শীর্ষ সারিতে। ইহার প্রভাবেই দেশে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাইয়াছে এবং এই দুর্যোগের ফলে উপকূল ও তৃণমূলের মানুষ কেবল দুর্ভোগেই পড়েন নাই; তাহাদের জীবন-জীবিকাও সংকটে পতিত। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু পরিবর্তনে ২০৫০ সাল নাগাদ সোয়া কোটি মানুষ বাস্তুচ্যুত হইতে পারে এবং ইহা কৃষি খাতের প্রবৃদ্ধিও হ্রাস করিতে পারে। জলবায়ুর অভিঘাত মোকাবিলা এবং প্রশমনের দায়িত্ব অবশ্য বাংলাদেশের একার নহে। এই ক্ষেত্রে আন্তর্জাতিক দায় ও ক্ষতিপূরণ বিষয়ে সরকারকে উচ্চকণ্ঠ হইবার বিকল্প নাই।
ইহা স্পষ্ট, প্রায় ছয় কোটি ২০ লাখ মানুষের দারিদ্র্যের ঝুঁকির কারণ রজনীকালেই তৈয়ার হয় নাই। সাম্প্রতিক বৎসরগুলির কর্মকাণ্ডের ফল হিসাবে তো বটেই, ২০১৬ হইতে ২০২২ সাল যখন দারিদ্র্য হ্রাসের গতি শ্লথ হইয়াছে; ঐ সময়েও নূতন রাজনৈতিক অর্থনীতি তৈয়ার হইয়াছে। ঋণনির্ভর অবকাঠামোগত উন্নয়ন এবং নিয়মভিত্তিক সমাজের জায়গায় দুর্নীতিনির্ভর প্রণোদনা, তৎসহিত রাজনৈতিক গণতন্ত্রের অবক্ষয়ের প্রভাবে অর্থনৈতিক গণতন্ত্রের দুর্বলতা জোরদার হইয়াছে।
তবে সময় থাকিতে আশু করণীয় নির্ধারণ করিলে দারিদ্র্য নিয়ন্ত্রণ সম্ভব। বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় দারিদ্র্য হ্রাসের গতি দ্রুতকরণে বিশ্বব্যাংক যেই চারটি সুপারিশ করিয়াছে, উহা প্রণিধানযোগ্য। উৎপাদনশীল খাতে কর্মসংস্থানের ভিত্তি মজবুত করিতেই হইবে। উৎপাদনশীলতায় জাতীয় নজর পড়িলে উহা একদিকে দেশের অর্থনীতিকে শক্তিশালী করিবে; অন্যদিকে বেকারত্বের হার হ্রাসে ভূমিকা রাখিবে। এতদ্ব্যতীত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য শোভন কর্মসংস্থানের সুযোগ বিস্তৃতকরণের বিকল্প নাই। কর্মসংস্থান বৃদ্ধিতে বিদেশি বিনিয়োগে নজর দিতে হইবে। এতদ্ব্যতীত গ্রামের দরিদ্রদের জন্য কার্যকর বাজার ব্যবস্থা গড়িয়া তুলিতে হইবে। স্থিতিশীল বাজার অবশ্য নগর-গ্রাম সর্বত্র জরুরি। তৎসহিত সমতাভিত্তিক ও দক্ষ রাজস্বনীতির যেই পরামর্শ বিশ্বব্যাংক দিয়াছে, উহাও আমলে লইতে হইবে। দারিদ্র্য বিমোচনে সামাজিক সুরক্ষা কর্মসূচির অবদান অনস্বীকার্য। বাংলাদেশে সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বৃদ্ধি পাইলেও ইহার ব্যবস্থাপনা ও উপকারভোগী নির্বাচন দক্ষতার সহিত করিতে হইবে। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে আসিয়াছে, ২০১০ হইতে ২০২২ সালের মধ্যে শহরে সামাজিক সহায়তার আওতা দ্রুত বৃদ্ধি পাইয়াছে, যাহা ১৬ শতাংশ থেকে সাড়ে ৩৪ শতাংশে উন্নীত। সংখ্যার দিক হইতে ইহা সন্তোষজনক হইলেও ইহার সুবিধা সচ্ছল মানুষও পাইয়াছে। তজ্জন্য সমন্বিত ব্যবস্থাপনা জরুরি। উহার মাধ্যমে দারিদ্র্য নিয়ন্ত্রণ সম্ভব হইবে বলিয়া আমাদের বিশ্বাস।
