দেশে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যন্ত ইংরেজি বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়ানো হয়। শিক্ষাজীবনের দীর্ঘ সময় এ বিষয়ে পাঠ নেয়ার পরও অধিকাংশ মানুষ প্রয়োজনীয় যোগাযোগে ইংরেজি ব্যবহার করতে পারেন না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ অনুযায়ী, দেশের ৯২ দশমিক ৯৪ শতাংশ মানুষের মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় দক্ষতা নেই। দ্বিতীয় ভাষা জানেন মাত্র ৭ দশমিক শূন্য ৬ শতাংশ। এর মধ্যে ইংরেজি জানেন ৬ দশমিক ১০ শতাংশ এবং অন্যান্য বিদেশী ভাষা জানেন শূন্য দশমিক ১৭ শতাংশ মানুষ। অর্থাৎ দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ভাষা শিক্ষা জনসংখ্যার বড় অংশের মধ্যে ব্যবহারিক দক্ষতা তৈরি করতে পারেনি। বিভাগভিত্তিক পরিসংখ্যানেও ভাষা দক্ষতার অসম বণ্টন স্পষ্ট। ঢাকা বিভাগে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে জানে ১১ দশমিক ২০ শতাংশ মানুষ। ময়মনসিংহে এ হার ৭ দশমিক ৪১ শতাংশ; অন্য অধিকাংশ বিভাগে তা ৫ শতাংশের নিচে। এ ব্যবধানের পেছনে ভূমিকা রাখছে শিক্ষাপ্রতিষ্ঠানের মান, প্রশিক্ষিত শিক্ষকের প্রাপ্যতা, শিক্ষা উপকরণ এবং বাড়িতে ভাষাচর্চার সুযোগের পার্থক্য।
প্রশ্ন হচ্ছে, এত বছর ইংরেজি পড়েও শিক্ষার্থীরা কেন ভাষাটি ব্যবহার করতে পারছেন না? এর একটি বড় কারণ পরীক্ষাকেন্দ্রিক পাঠদান। প্রচলিত ব্যবস্থায় ব্যাকরণ, শব্দার্থ, অনুবাদ এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি বেশি গুরুত্ব পায়। কিন্তু পরীক্ষায় ভালো ফলাফলে জন্যও যে এ পন্থা উপযুক্ত নয় সেটি উপলব্ধি করা যায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ও সমমানের পাবলিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা করলে। সর্বশেষ প্রকাশিত উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় বিপুল পরিমাণ শিক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন। ফলে বিদ্যমান পাঠদান পদ্ধতি যে কোনোভাবে বিশেষ কাজে আসছে না তা বলাই বাহুল্য। এদিকে পরবর্তী তথা উচ্চ শিক্ষাজীবনে ইংরেজি ভাষার ব্যবহার বাড়ছে। আগের স্তরের অসম্পূর্ণ শিক্ষা পরের স্তরের শিক্ষা অর্জনকে কঠিন করে তুলছে অনেকের জন্যও।
যেকোনো ভাষায় দক্ষ হতে হলে পড়া ও লেখার পাশাপাশি শোনা ও বলার চর্চাও জরুরি। শ্রেণীকক্ষে কথোপকথন, উচ্চারণ অনুশীলন, বাস্তব পরিস্থিতিতে ভাষা ব্যবহারের সুযোগ এবং শ্রবণভিত্তিক কার্যক্রম সীমিত থাকলে ভাষা যোগাযোগের মাধ্যম হয়ে উঠতে পারে না।
মাধ্যমিক পর্যায়ের শ্রেণীকক্ষ নিয়ে ২০২০ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, জরিপে অংশ নেয়া ৩০ শতাংশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শ্রবণ ও কথনদক্ষতার পরীক্ষা নেয়া হয় না। শিক্ষক সংকট ও প্রশিক্ষণের ঘাটতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ২০২৫ সালে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাধ্যমিক পর্যায়ে ইংরেজি পড়ান এমন ৬৪ হাজার ২৫৩ জন শিক্ষকের মধ্যে ৯ হাজার ৯৮২ জন স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে পড়াশোনা করেননি। প্রতিবেদনটিতে মাধ্যমিক শিক্ষকদের প্রায় ৪০ শতাংশের পেশাগত প্রশিক্ষণ না থাকার তথ্যও এসেছে। বিষয়ভিত্তিক শিক্ষক ও প্রশিক্ষণের ঘাটতি পাঠদানের মানকে প্রভাবিত করে। এ সমস্যা সমাধানে শুধু পাঠ্যবই বা পরীক্ষার পদ্ধতি বদল যথেষ্ট নয়। শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, শ্রেণীকক্ষভিত্তিক মূল্যায়ন এবং ব্যবহারিক ভাষাচর্চার পরিবেশ তৈরি করতে হবে। বিদ্যালয়ে ভাষা পরীক্ষাগার, অডিও-ভিজ্যুয়াল উপকরণ ও প্রযুক্তিনির্ভর অনুশীলনের সুযোগ বাড়ানো জরুরি।
ভাষা দক্ষতার গুরুত্ব উচ্চ শিক্ষা বা বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির মধ্যে সীমাবদ্ধ নয়। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও এটি সরাসরি অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে যুক্ত। অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের বিদেশের শ্রমবাজারবিষয়ক দক্ষতা বিশ্লেষণে মধ্যপ্রাচ্যের জন্য আরবি, মালয়েশিয়ার জন্য মালয় এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের জন্য যথাক্রমে কোরীয় ও জাপানি ভাষা শেখানোর সুপারিশ করা হয়েছে। অথচ বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণে এসব ভাষার পর্যাপ্ত ও ধারাবাহিক পাঠের সুযোগ এখনো সীমিত। মাদরাসা শিক্ষায় আরবি পাঠের বিষয়টিও বিবেচনায় নেয়া প্রয়োজন। আরবি পড়তে পারা, ধর্মীয় পাঠের অর্থ বোঝা এবং আরবিভাষী মানুষের সঙ্গে দৈনন্দিন কথোপকথন করতে পারা এক ধরনের দক্ষতা নয়। মাদরাসার শিক্ষার্থীদের ব্যবহারিক আরবি ভাষা দক্ষতা নিয়ে নির্ভরযোগ্য জাতীয় পরিসংখ্যান নেই। তবে কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনায় আরবি ভাষার শ্রবণ ও কথনদক্ষতা শেখানোর সুযোগ বাড়ানো দরকার।
এ অবস্থায় বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখানোর সরকারি পরিকল্পনা প্রাসঙ্গিক। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় সরকার জাপানি, কোরীয়, চীনা, আরবি, ফরাসি ও জার্মান ভাষার মতো একটি তৃতীয় ভাষা শেখানোর উদ্যোগের কথা বলেছে। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগে প্রশিক্ষিত শিক্ষক, পাঠ্যক্রম, শিক্ষার্থীদের আগ্রহ এবং কর্মসংস্থানের চাহিদা বিবেচনা করতে হবে। দীর্ঘদিন ধরে ইংরেজি শেখানোর দুর্দশার কারণ চিহ্নিত করা হলেও সেগুলোর সমাধান না করে তৃতীয় ভাষা শিক্ষার পদক্ষেপ হিতে বিপরীত হতে পারে। দ্বিতীয় ভাষা শিক্ষার সমস্যাগুলো রেখে দিয়ে তৃতীয় ভাষা শিক্ষার উদ্যোগ নিলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সংখ্যা বাড়বে।
তাই দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিক্ষার অবকাঠামোসহ ভাষাটি চর্চার পরিসর বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাঙ্গুয়েজ ক্লাব, ল্যাবসহ নিয়মিত চর্চার উপায় নির্ণয় করতে হবে। পাশাপাশি তৃতীয় ভাষার ক্ষেত্রে সব শিক্ষার্থীর জন্য একই ভাষা নির্ধারণ না করে অঞ্চল ও ভবিষ্যৎ কর্মক্ষেত্র অনুযায়ী বিকল্প রাখা যেতে পারে। ভারতের জাতীয় শিক্ষানীতি ২০২০-এ তিন ভাষা শেখানোর কাঠামো থাকলেও কোনো নির্দিষ্ট ভাষা চাপিয়ে না দেয়া এবং রাজ্য ও শিক্ষার্থীদের পছন্দের সুযোগ রাখার কথা বলা হয়েছে। এ অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।
সব মিলিয়ে উচ্চ শিক্ষা অর্জন, দক্ষ মানবসম্পদ তৈরি, শ্রমশক্তি রফতানিতে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখাসহ বহু কারণেই মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষা শেখার গুরুত্ব ক্রমেই বাড়ছে। প্রয়োজন কেবল যথোপযুক্ত পরিকল্পনা ও বাস্তবায়নের।
