রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই সতর্ক না হলে তা মহামারি আকার ধারণ করতে পারে। বিগত প্রায় চার বছর ধরে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। এই রোগ এখন আর মৌসুম মানছে না। ধরন পরিবর্তন করে সারাবছর ধরে চলছে। সাধারণত বৃষ্টির মৌসুমে, বিশেষ করে জুলাই-আগস্টে এই রোগের সংক্রমণ ও মৃত্যু বেশি হয়। শুষ্ক মৌসুমে কমতে থাকে। তবে গত চার বছর ধরে সংক্রমণ বেশি ঘটছে অক্টোবরে। এ মাসের ৭ দিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৬২ জন। আর নভেম্বরের প্রথম ৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬ হাজার ৬৫২ জন এবং মৃত্যুবরণ করেছে ২৯ জন। পরিসংখ্যান অনুযায়ী, এর আগে কোনো মাসে সাত দিনে এত মৃত্যু হয়নি।

এ হিসাব থেকে বুঝতে অসুবিধা হয় না, ডেঙ্গু কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু ডেঙ্গুতেই নয়, এখন মানুষ একই সাথে চিকনগুনিয়ায়ও আক্রান্ত হচ্ছে। অনেকে এই দুই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রায় প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষ মরছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, অথচ এ নিয়ে সরকারের কোনো বিকার নেই। প্রতিকার ও নিয়ন্ত্রনের পদক্ষেপ নেই। ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ ও পরিস্কার পানিতে প্রজনন ঘটায়। অন্য সাধারণ মশা (কিউলেক্স) অপরিচ্ছন্ন নালা-নর্দমায় বংশ বিস্তার করে। এ মশা সারাবছর জুড়েই থাকে। এডিস মশার প্রাদুর্ভাব বৃষ্টি মৌসুমে ঘটলেও এখন তা আর সেই মৌসুমে সীমাবদ্ধ থাকছে না। শুষ্ক ও শীত মৌসুমে ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু এখন সারাবছরের রোগে পরিণত হয়েছে। এতে দুই বিপদ দেখা দিয়েছে।

এডিস মশার উৎপাতের সাথে সাধারণ মশার উৎপাত মিলে শহর থেকে গ্রাম পর্যন্ত মানুষের জীবন অতিষ্ঠ ও হুমকির মুখে ফেলেছে। মশা নিধনের দায়িত্ব সিটি করপোরেশনগুলোর হলেও তারা কখনোই নগরের মশা পুরোপুরি নিধন করতে পারেনি। এ খাতে বছরে কোটি কোটি টাকা বরাদ্দ ও খরচ করা হলেও তার প্রতিকার পাওয়া যায় না। এ সংক্রান্ত দুর্নীতির খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞদের অভিমত, মশা নিধন ও নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব ঘটছে এবং তা মহামারি রূপ নিচ্ছে। রোগের মূল উৎস চিহ্নিত হয়ে আছে, অথচ প্রতিকার করা হচ্ছে না। স্থাণীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জনগণের ট্যাক্সের পয়সা নিচ্ছে ঠিকই, তাদের সেবা দিচ্ছে না।

প্রতিদিন যে হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে এবং অনেকের মৃত্যু হচ্ছে, এ মৃত্যুর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তো বটেই সরকারও এড়াতে পারে না। অন্যদিকে, ডেঙ্গুর সময় পরিবর্তনের কারণে আগের সময় অনুযায়ী যে চিকিৎসা চলত, তা খুব একটা কাজে দিচ্ছে না। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। রোগ বিশারদদের মতে, ডেঙ্গুর ধরন ও সময় পরিবর্তনের বিষয় নিয়ে সরকারের রোগ গবেষণার কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো অবহেলা ও উদাসীনতার পরিচয় দিচ্ছে। সরকারের মধ্যে এ নিয়ে চিন্তাভাবনা বলে কিছু নেই। যদি থাকত, তাহলে ডেঙ্গু ভয়ংকর আকার ধারণ করত না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন এ রোগ প্রতিরোধে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তেমনি জনসচেতনতা বাড়াতেও কোনো উদ্যোগ নিচ্ছে না।

চিকিৎসাবিজ্ঞানের প্রথম কথাই হচ্ছে, রোগে আক্রান্ত হওয়ার আগে তা প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। ডেঙ্গুবাহী এডিস মশার উৎস জানা থাকা সত্ত্বেও শুধু প্রতিকারের ব্যবস্থা না থাকায় তা সারাবছর ধরে মানুষের জন্য মরণঘাতি হয়ে উঠেছে। প্রতিদিন পত্রপত্রিকায় ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগে মানুষের আক্রান্ত ও মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পরও সরকারের টনক নড়ছে না। সরকার যেন হাত-পা গুটিয়ে বসে আছে। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা কি কাজ করছেন, তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। তার দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। প্রতিদিন ডেঙ্গুতে মানুষের মৃত্যু নিয়ে কোনো বিচলন নেই। মানুষের জীবন যেন তুচ্ছ হয়ে গেছে। অন্যদিকে, সরকারের উপদেষ্টা-আমলাদের অনেকে জনগণের অর্থ ব্যয় করে বিদেশ সফর নিয়ে ব্যস্ত। জনগণ যে রোগে ও দারিদ্র্যে ধুঁকে ধুঁকে মরছে, তা নিয়ে কোনো উদ্বেগ-উৎকণ্ঠা নেই। ডেঙ্গু যে ভয়াবহ আকার ধারণ করেছে, তা নিয়ে কারো মধ্যে কোনো টুঁ শব্দ নেই। মশা নিধনে না সিটি করপোরেশনের কোনো উদ্যোগ আছে, না সরকারের কোনো উদ্যোগ আছে। এ ব্যাপারে জনগণের কাছে সরকারের ব্যাখ্যা দিতে হবে। জনগণকে বিপদে ফেলে সরকারের নির্বিকার থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অবিলম্বে সরকারকে ডেঙ্গুর ভয়াবহ প্রার্দুভাব রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ডেঙ্গুর সময় ও ধরন বদলানোর দিকে দৃষ্টি দিয়ে, সে অনুযায়ী উদ্যোগ নিতে হবে। মশা নিধনের কেন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন ব্যর্থ হচ্ছে, তার জবাব দিতে হবে। পাশাপাশি জনগণকেও ডেঙ্গুবাহী এডিস মশার উৎসস্থল পরিস্কার-পরিচ্ছন্ন করে নিজেদের সুরক্ষার ব্যাপারে সচেতন হতে হবে।