জনগণকে স্বাস্থ্যসেবা দিতে পর্যাপ্ত অবকাঠামো প্রয়োজন। কিন্তু অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি যদি প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ করা না যায় তাহলে তার সুফল কখনই পাওয়া সম্ভব না। বিশেষত বাংলাদেশের মতো জনবহুল দেশে স্বাস্থ্য অবকাঠামোর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক জনবল থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন দেশের বেশির ভাগ সমস্যা সমাধানের জন্য কেবল অবকাঠামো নির্মাণকেই প্রাধান্য দিয়ে আসছে নীতিনির্ধারকরা তা ঠাওর করা যায় না। স্বাস্থ্য খাতও এরই শিকার বলা যায়। অবকাঠামো বাড়ানো নিঃসন্দেহ দরকার, কিন্তু সেটির উপযোগিতা নিশ্চিত করতে হলে জনবলও তো থাকা চাই। কিন্তু এ খাতে জনবল ঘাটতি কোনোভাবেই দূর হচ্ছে না, বরং দিন খাতটির জীর্ণ দশা আরো গভীর হচ্ছে এ সংকটের কারণে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, আদর্শ স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর অনুপাত হওয়া উচিত ১:৩:৫। অর্থাৎ একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স ও পাঁচজন অন্যান্য স্বাস্থ্যকর্মী থাকা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে (২০২৫) উল্লেখ করা হয়, দেশের প্রায় ১৮ কোটি মানুষের বিপরীতে সরকারি খাতে চিকিৎসক প্রয়োজন প্রায় ১ লাখ সাড়ে ৩ হাজার। সে অনুপাতে নার্স দরকার ৩ লাখ সাড়ে ১০ হাজার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী প্রয়োজন ৫ লাখ সাড়ে ১৭ হাজার। বাস্তবে প্রতিটি ক্ষেত্রে জনবল ঘাটতি প্রকট। প্রয়োজনের তুলনায় চিকিৎসকের ঘাটতি প্রায় ১৭ শতাংশ। সবচেয়ে বেশি ঘাটতি নার্স ও অন্যান্য সহায়ক জনবলে। ৮০ শতাংশের বেশি নার্সের ঘাটতি এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর ঘাটতি রয়েছে ৫০ শতাংশের বেশি। এমনকি দেশে উল্লেখযোগ্য হারে চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সময়ের পরিক্রমায় দেশে জেলা, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, সরকারি-বেসরকারি হাসপাতাল, মা ও শিশু কেন্দ্রসহ অন্যান্য বিশেষায়িত হাসপাতালের সংখ্যা বেড়েছে। কিন্তু এর পরও রোগীদের স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে জনবলের অভাবে। এর পেছনে নিয়োগ জটিলতার দায় রয়েছে। একই সঙ্গে দায় রয়েছে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গড়ে না ওঠার। তবে এগুলোর চেয়ে বেশি দায় অদক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনার। নয়তো বিপুল সংখ্যক চিকিৎসক ও নার্সের পদশূন্য থাকত না।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন এর একটি উদাহরণ। বণিক বার্তার প্রতিবেদন জানাচ্ছে, প্রায় ৫০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি গত আগস্টে উদ্বোধন করা হলেও প্রয়োজনীয় জনবল ও বাজেটের অভাবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা যায়নি। চিকিৎসকদের জন্য অনুমোদিত ৬৪৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২৮৮ জন। অর্থাৎ অর্ধেকের বেশি পদ শূন্য। অন্যদিকে নার্সের ৮৬৪টি অনুমোদিত পদের মধ্যে শূন্য রয়েছে ১৮৬টি। সব মিলিয়ে চিকিৎসক ও নার্সের ৫৪৭টি পদ শূন্য। নতুন ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে আরো ৮০০ থেকে এক হাজার জনবল প্রয়োজন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন। অর্থাৎ চালু থাকা অংশেরই জনবল সংকট দূর না করেই নতুন ভবন নির্মাণ হয়ে গেছে। কিন্তু কাজে লাগছে না জনবলের অভাবে। স্বাস্থ্য খাতে এর চেয়ে বড় জীর্ণদশা আর কি হতে পারে! সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নীতিনির্ধারকদের পরিকল্পনাগত ত্রুটিই এর জন্য দায়ী।
কোথাও চিকিৎসকের পদ শূন্য থাকায় কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না, কোথাও প্রয়োজনীয় জনবল না থাকায় অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার সম্ভব হচ্ছে না। ফলে রোগীদের বড় একটি অংশকে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় শহর কিংবা রাজধানীমুখী হতে হয়। এতে কেন্দ্রীয় হাসপাতালগুলোয় রোগীর চাপ বাড়ে এবং চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে ভৌগোলিক ও আর্থিক বৈষম্যও তৈরি হচ্ছে।
স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনায় তাই অবকাঠামো নির্মাণের পাশাপাশি জনবল ব্যবস্থাপনাকে সমান গুরুত্ব দেয়া প্রয়োজন। নতুন হাসপাতাল বা ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণের সময়ই প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও সহায়ক কর্মীর সংখ্যা নির্ধারণ করতে হবে। সেই অনুযায়ী পদ সৃষ্টি, নিয়োগ প্রক্রিয়া এবং পরিচালন ব্যয়ের বাজেট নিশ্চিত করা জরুরি। পাশাপাশি দেশের কোন অঞ্চলে কোন বিশেষজ্ঞ চিকিৎসকের চাহিদা বেশি, কোথায় জনবল সংকট তীব্র—তার ভিত্তিতে নিয়োগ ও পদায়নের পরিকল্পনা করতে হবে। শুধু নিয়োগ দিলেই হবে না, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালনের পরিবেশও নিশ্চিত করতে হবে। এজন্য পর্যাপ্ত আবাসন, নিরাপত্তা, প্রয়োজনীয় সরঞ্জাম ও পেশাগত সুযোগ-সুবিধা থাকা জরুরি। কেননা এগুলোর অভাবে চিকিৎসক, নার্সরা প্রান্তিক পর্যায়ে থাকতে চান না বলেও অভিযোগ রয়েছে।
স্বাস্থ্যসেবার মান নির্ভর করে অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ জনবলের সমন্বয়ের ওপর। এর কোনো একটির ঘাটতিতে অন্যগুলোর কার্যকারিতা কমে যায়। তাই শুধু নতুন হাসপাতাল নির্মাণ বা শয্যাসংখ্যা
বাড়িয়ে স্বাস্থ্য খাতের পরিস্থিতির উন্নয়ন হবে না। মনে রাখা জরুরি, স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের মৌলিক মানবাধিকার আর তা নিশ্চিত করার দায়িত্ব সবার আগে রাষ্ট্রের ওপর বর্তায়।
