দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট তথা দন্তমার্জনীর অধিকাংশেই ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হইবার খবর যথেষ্ট উদ্বেগজনক। প্রাপ্তবয়স্ক তো বটেই, শিশুদের জন্য প্রস্তুত দন্তমার্জনীতেও মিলিয়াছে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা। ক্ষুদ্রাতিক্ষুদ্র এই বস্তু যে জনস্বাস্থ্যের ক্ষেত্রে বৃহৎ বিপদকে আহ্বান জানাইতে পারে, উহা বুঝিতে বিশেষজ্ঞ হইবার প্রয়োজন নাই।

বেসকারি গবেষণা প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসডোর অনুসন্ধানে দেখা যাইতেছে, প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ হইতে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা বিদ্যমান। উপরন্তু উদ্বেগজনক, দেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা নির্ধারণে কোনো জাতীয় মানদণ্ড, অনুমোদিত সীমা কিংবা বাধ্যতামূলক লেবেলিং নীতি না থাকিবার কারণে উৎপাদকগণ এই বিষয়ে তথ্য প্রকাশে বাধ্য নহেন। একই কারণে নিয়ন্ত্রক সংস্থারও কার্যকর নজরদারির সুযোগ সীমিত। দন্তমার্জনকালে টুথপেস্ট হইতে নির্গত মাইক্রোপ্লাস্টিক কেবল ব্যক্তির স্বাস্থ্য নহে; বর্জ্য পানির মাধ্যমে পরিবেশে ছড়াইয়া নদী, জলাশয় ও খাদ্যশৃঙ্খলে প্রবেশ করিতে পারে। খাদ্য ও পানীয়ের মাধ্যমে এই সকল ক্ষুদ্র প্লাস্টিক কণার মানবদেহেও প্রবেশের শঙ্কা রহিয়াছে। ইহার ফলে শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, রোগ প্রতিরোধ ব্যবস্থা, হৃদরোগ, স্নায়ুতন্ত্র ও প্রজনন স্বাস্থ্যের ঝুঁকি রহিয়াছে।

আমরা মনে করি, পরিচ্ছন্নতা ও প্রসাধনী পণ্যগুলিতে এই ধরনের ক্ষতিকর উপাদান থাকা উচিত নহে। বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, দন্ত সুরক্ষায় ফ্লোরাইড, কার্বনেট ও সিলিকা জরুরি। ইহাতে মাইক্রোপ্লাস্টিক তাহার ঘর্ষণ ক্ষমতার কারণে দন্ত সাদা করিতে পারিলেও এনামেলের উপর বিরূপ ও ক্ষতিকর প্রভাব ফেলিয়া থাকে। অন্যান্য দেশের টুথপেস্টে এই ধরনের প্লাস্টিকের ক্ষুদ্র কণার উপস্থিতি থাকিলেও উহা সীমিত মাত্রায়। বাংলাদেশের ক্ষেত্রে তজ্জন্য দ্রুত জাতীয় মানদণ্ড প্রণয়নের দাবি উঠিয়াছে; উৎপাদক কোম্পানিগুলি বাধ্যতামূলক টুথপেস্টে এই ক্ষুদ্র কণার বিষয়টি উল্লেখ করিবার মধ্য দিয়া উহা সূচিত হইতে পারে। তৎসহিত নিয়মিত পরীক্ষাগার তদারকির মাধ্যমে উৎপাদকদের জবাবদিহি নিশ্চিতকরণের দাবিও উঠিয়াছে। এই ক্ষেত্রে সরকারি মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলিও গবেষণা করিতে পারে। যাহাতে টুথপেস্টের মানদণ্ড উন্নয়ন, নিয়ন্ত্রক ব্যবস্থা জোরদার এবং ভোক্তা ও পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

আলোচ্য গবেষণায় ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করিয়া তন্মধ্যে ২৬টিতে, অর্থাৎ ৭৬ দশমিক ৫ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিক দৃশ্যমান। এইখানে দেশে উৎপাদিত এবং বিদেশ হইতে আমদানিকৃত উভয় ধরনের টুথপেস্টের অবস্থা একই। অনুরূপ যেই আটটি টুথপেস্টে ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া যায় নাই, সেইখানে যদ্রূপ দেশি কোম্পানি রহিয়াছে, তদ্রূপ বিদেশিও। ইহাতে প্রমাণিত– উৎপাদকগণ চাহিলে মাইক্রোপ্লাস্টিক ব্যতিরেকেই টুথপেস্ট তৈয়ার করিতে পারেন। আমরা জানি, মাইক্রোপ্লাস্টিক শরীর ও পরিবেশের জন্য ক্ষতিকারক বলিয়াই যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ টুথপেস্ট ও প্রসাধনীতে মাইক্রোবিডস নিষিদ্ধ করিয়াছে। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর, বিএসটিআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি এই ক্ষেত্রে বিশেষজ্ঞগণের সহিত পরামর্শ করিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারে। বিভিন্ন প্রাকৃতিক ও খনিজ পদার্থ দিয়াও কার্যকর দন্তমার্জনী তৈয়ারের যেই উদাহরণ দেশে ও বিদেশে রহিয়াছে, উহাও অনুসরণ করা যাইতে পারে বৈ কি। মন্দের ভালো, বিষয়টি শনাক্ত হইয়াছে। এখন আলোচ্য গবেষণা ও আলোচনার ভিত্তিতে কর্তৃপক্ষ অগ্রসর হউক। টুথপেস্টের উপাদান পরীক্ষা কিংবা নিষেধাজ্ঞার পূর্বে অবশ্য অধিকতর গবেষণা করিয়া বিদ্যমান পরিস্থিতি বুঝিতে হইবে। বিএসটিআই জানাইয়াছে, তাহারা ইতোমধ্যে বিশেষজ্ঞ, গবেষণা প্রতিষ্ঠান, পরিবেশ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, দন্ত চিকিৎসক, শিল্পপ্রতিষ্ঠান ও ভোক্তা প্রতিনিধিদের লইয়া টুথপেস্টের বাংলাদেশ মান পর্যালোচনার উদ্যোগ লইবে। প্রয়োজনীয় বৈজ্ঞানিক প্রমাণ পাইলে টুথপেস্টে ইচ্ছাকৃত প্লাস্টিক মাইক্রোবিড ব্যবহার নিয়ন্ত্রণ, উপাদান প্রকাশের বাধ্যবাধকতা, পরীক্ষা পদ্ধতি সংযোজনসহ বাংলাদেশ মান হালনাগাদ হইবে।