বৈশ্বিক তাপমাত্রা আশঙ্কাজনক বৃদ্ধি পৃথিবীকে বড় ধরনের ক্ষতিগ্রস্ত করছে। এ ক্ষতি তৈরি করছে বিশ্বে আরেক বৈষম্য। যারা জলবায়ু পরিবর্তনে বড়দাগে দায়ী, তারা এর জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নয়। এমনকি এসব দেশে জলবায়ুর অতিমাত্রায় উষ্ণায়নের প্রভাব সেভাবে অনুভূত হচ্ছে না। যেমন বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে দশমিক ৫ শতাংশের কম দায়ী। ক্ষতির দিক দিয়ে বিশ্বের প্রধান দুস্থ দেশগুলোর একটি। জাতিসঙ্ঘ জলবায়ু সম্মেলনে (কপ-৩১) প্রধানমন্ত্রী তারেক রহমান সে বিষয়ে প্রাধান্য দিয়ে কিছু জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর আহ্বান বিবেচনা করা হলে বৈশ্বিক সঙ্কট মোকাবেলায় অগ্রগতি অর্জন সম্ভব হবে, আশা করা যায়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সমুদ্র উপকূল ঘেঁষে বিস্তীর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব তীব্র। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় লবণাক্ত পানি জনপদে ঢুকে পড়ছে। এতে সুপেয় পানির দুষ্প্রাপ্যতা, কৃষিজীবী ও মৎস্যজীবীদের জীবনজীবিকা বিপন্ন হচ্ছে। নদীভাঙন বেড়ে দেশের মধ্যভাগেও বিপর্যয় তৈরি করছে। প্রতিনিয়ত ঘূর্ণিঝড়সহ দুর্যোগ উপকূলীয় জনপদের বিপদ বহুগুণে বাড়িয়েছে। মোট কথা, তাপমাত্রা বৃদ্ধির প্রভাব বাংলাদেশে গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে। সম্পদের সীমাবদ্ধতার মধ্যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত অর্থনীতিকে দুর্বল করছে। কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে তার প্রতিধ্বনি পাওয়া গেল। ধনী দেশগুলোর সৃষ্ট জটিলতার ফলভোগকারী হিসেবে প্রণোদনা পাওয়ার অধিকারের বিষয় তাতে উঠে আসে। তারেক রহমান জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানান। গ্রিনহাউজ নির্গমন বন্ধে বিপুল গাছ লাগানোর পাশাপাশি দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী, খালখননের পরিকল্পনার কথা তুলে ধরেন। এ প্রচেষ্টায় সহায়তায় বৈশ্বিক সম্প্রদায়কে আহ্বান জানান তিনি। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের বোঝা কমানোর ক্ষেত্রে সহায়তা করার কথা বলেন। এতে ঋণ মওকুফ, শর্ত শিথিল এবং ঋণ পরিশোধ স্থগিতের ব্যবস্থা চালুর আহ্বান করেন। জলবায়ুবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও এসব প্রযুক্তি হস্তান্তরের কথা বলেন। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে সরকারের নেয়া উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎচাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নেয়া হয়েছে। ন্যায্য অর্থায়ন, দক্ষতা উন্নয়নের প্রসঙ্গে জোর দেন তিনি। বিশ্বের সবচেয়ে ধনী দেশ যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যায়। অথচ মোট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের প্রায় ১২ শতাংশ করে দেশটি। একইভাবে ইউরোপ চীন ও জাপানসহ অন্য প্রধান শিল্পোন্নত দেশগুলো জলবায়ু উষ্ণায়নে প্রধানত দায়ী। আর সবচেয়ে বড় শিকার বাংলাদেশের পাশাপাশি সোমালিয়াসহ আফ্রিকার দরিদ্র দেশগুলো। এসব দেশে খরা, তীব্র তাপপ্রবাহ ও চরম খাদ্যসঙ্কটে জীবন হুমকিতে রয়েছে। ক্ষতিগ্রস্ত দেশের পক্ষ হয়ে জলবায়ু সম্মেলনে তারেক রহমান আহ্বান জানিয়েছেন, ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণ না দিয়ে অনুদান দিয়ে সঙ্কট মোকাবেলা সহজ করতে হবে। বিশেষ করে ধনী দেশ যারা উষ্ণতা বৃদ্ধিতে দায়ী তাদের এ ব্যাপারে করণীয় আছে। কপ-৩১ জলবায়ু সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে ধনী দেশগুলোকে সেই দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়া হলো।