চব্বিশের গণ্যঅভ্যুত্থানের পর গত ১৬ মাসে সারাদেশে মব সহিংসতায় শতাধিক মাজার ও সংশ্লিষ্ট স্থাপনায় হামলার যেই অঘটন ঘটিয়াছে, উহা যথেষ্ট উদ্বেগজনক। বস্তুত যখনই এই হামলাসমূহ ঘটিয়াছে তখনই আমরা এই সম্পাদকীয় স্তম্ভে উদ্বেগ জানাইয়াছি। তবে হতাশাজনক হইল, পরিস্থিতির প্রত্যাশিত পরিবর্তন হয় নাই। বরং এহেন ন্যক্কারজনক হামলা ঘটিয়াই চলিয়াছে। অনেক ক্ষেত্রে প্রশাসনের নাকের ডগায় ঘটিলেও তাহাদের পক্ষ হইতে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায় নাই। এই প্রেক্ষাপটে বুধবার সমকালে প্রকাশিত প্রতিবেদনে রাসা সেন্টারের গবেষণার তথ্য উদ্ধৃত করিয়া বলা হইয়াছে, গত ১৬ মাসে সমগ্র দেশে অন্তত ১১৩টি মাজার এবং এই সম্পর্কিত স্থাপনায় হামলা হইয়াছে। অপরদিকে আরেক প্রতিষ্ঠান মাকাম ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তথ্য সংগ্রহ করিয়াছে, যাহাতে দেখা গিয়াছে, এই দুই বিভাগের জেলাসমূহে ১৬ মাসে অন্তত ৬৪টি মাজার, দরগাহ ও খানকায় হামলার ঘটনা ঘটিয়াছে। সর্বাধিক হামলা হইয়াছে ঢাকা এবং উহার পার্শ্ববর্তী জেলাসমূহে, যেখানে সরকারপ্রধান এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকে অবস্থান করেন।

মাজারসংশ্লিষ্ট ধর্মীয় স্থাপনায় হামলা মব সহিংসতারই অংশ; গত বৎসর জুড়িয়াই এই ধরনের অপতৎপরতা বহাল ছিল। বিদায়ী বৎসরে মব সন্ত্রাসে এমনকি মৃত্যু বাড়িয়াছে বলিয়া বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র-আসকের প্রতিবেদনে উঠিয়া আসিয়াছে। আসকের প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী বৎসরে গণপিটুনি বা মব সন্ত্রাসে ১৯৭ জনের মৃত্যু হইয়াছে, ২০২৪ সালে এই সংখ্যাটা ছিল ১২৮। মাজারে হামলার ঘটনা আমাদের ধর্মীয় সহনশীলতা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নহে। আমরা মনে করি, প্রত্যেকের শান্তিপূর্ণভাবে তাহার মতো বা জীবনদর্শন চর্চার অধিকার রহিয়াছে। সেই অধিকার ক্ষুণ্ন করা সভ্য সমাজে কাম্য নহে।

মাজারে হামলার ঘটনাসমূহের মধ্যে সবচাইতে ভয়ানক ও বর্বর ঘটনা ঘটিয়াছিল গত বৎসরের ৫ সেপ্টেম্বর, রাজবাড়ীর গোয়ালন্দে। সেইখানে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবরকে কেন্দ্র করিয়া ভক্তকুল গড়িয়া উঠিয়াছিল। এই ঘটনাকে শরিয়ত পরিপন্থি আখ্যা দিয়া দরবার ও বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করিবার ঘটনা ঘটে। এমনকি কবর হইতে নুরাল পাগলার মরদেহ তুলিয়া পোড়াইয়া দেওয়া হয় এবং ঐ ঘটনায় একজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হন।

সরকারের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। দুঃখজনক হইলেও সত্য, সরকার মাজার-দরবারসংশ্লিষ্টদের নিরাপত্তা দিতে পারে নাই। এই কারণে মব সহিংসতাও বাড়িয়াছে, যাহার সাম্প্রতিক উদাহরণ হিসাবে ভালুকার দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড ছিল ভয়ানক। তাঁহাকে যেইরূপে পোড়াইয়া হত্যা করা হইয়াছে, উহা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাইয়াছে। যথাসময়ে যথা-উদ্যোগের অভাবে কিছু গোষ্ঠী আশকারা পাইয়াছে এবং বারংবার উহার পুনরাবৃত্তি হইয়াছে। সরকারের তরফ হইতে মব সন্ত্রাসে শূন্য সহিষ্ণুতা দেখাইবার কথা বলা হইলেও ইহার সহিত জড়িতদের বিচারের নজির না থাকিবার কারণে অপরাধের পুনরাবৃত্তি হইয়াছে। বিস্ময়কর হইল, কোনো কোনো অঘটনে এমনকি চেয়ারম্যান ও মেম্বারদের ন্যায় জনপ্রতিনিধিগণ অংশ লইয়াছেন। কোথাও কোথাও মসজিদের মাইক ব্যবহার করিয়া সহিংসতার উস্কানি দেওয়া হইয়াছে। অনেক ঘটনায়ই আইনশৃঙ্খলা বাহিনীর সাড়া যথাসময়ে পাওয়া যায় নাই।

মাজারে হামলার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের বিকল্প নাই। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা না হইলে তাহা মুসলিম সমাজে ক্ষতিকর বিভাজন টিকাইয়া রাখিবে, যাহা সামগ্রিক সামাজিক সম্প্রীতিকেও বাধাগ্রস্ত করিবে। সকল ধর্মীয় স্থাপনার নিরাপত্তাও নিশ্চিত করা দরকার। অন্তর্বর্তী সরকার এই ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা না রাখিতে পারিলেও আমরা বিশ্বাস করি, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যেই সরকার ক্ষমতায় আসিবে তাহাদের এই ব্যাপারে সচেষ্ট হইতে হইবে।