আমাদের দেশে ট্রেন একটি অতিগুরুত্বপূর্ণ ও জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা এবং যথাযথভাবে সেবার মান নিশ্চিত না হওয়ায় প্রধান এ যোগাযোগ মাধ্যমটি সাধারণ মানুষের মধ্যে রীতিমত অনাস্থার সৃষ্টি হয়েছে। আইনের যথযথ প্রয়োগ না থাকায় এবং কর্তৃপক্ষের অবহেলার কারণে দিন দিন বেড়েই চলেছে চলন্ত ট্রেনে পাথর ও ঢিল নিক্ষেপের ঘটনা। এতে জানালার কাচ ভেঙে আহত হচ্ছেন যাত্রী ও রেলকর্মীরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে রেলের সম্পদ। যাত্রীদের নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে বড় মাপের শঙ্কা। সব মিলিয়ে ট্রেনযাত্রা এখন ভয়ংকর বিপদের মুখে পড়েছে। যা অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত।

প্রাপ্ত তথ্যমতে, ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা ট্রেনগুলোতে আশঙ্কাজনকভাবে বেড়েছে পাথর নিক্ষেপের ঘটনা। পটিয়া থেকে কক্সবাজারের রামু রেলস্টেশন পর্যন্ত প্রায় প্রতিদিন পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম, লাকসাম-নোয়াখালী ও চাঁদপুর রুটে চলাচলকারী ট্রেনেও পাথর ছুড়ছে দুর্বৃত্তরা। কর্তৃপক্ষ এরই মধ্যে পশ্চিমাঞ্চলের ২০ জেলার প্রায় ৭০টি স্থানকে পাথর নিক্ষেপের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিতও করেছে। কিন্তু পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টদের দৃশ্যমান কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিদিন কক্সবাজার রুটে চার জোড়া ট্রেন চলাচল করছে। গত ২৬ অক্টোবর ঢাকা থেকে আরও একটি আন্তনগর ট্রেন চলাচল শুরু করছে। কিন্তু রেলসেবা চালুর পর থেকেই কক্সবাজার রুটের ট্রেনগুলোতে পাথর নিক্ষেপের ঘটনা বেড়েছে। রেল পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা ট্রেনগুলোতে গড়ে প্রতি মাসে ৫০টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিশেষ করে চট্টগ্রামের পটিয়া থেকে কক্সবাজারের রামু রেলস্টেশন পর্যন্ত প্রায় প্রতিদিনই পাথর নিক্ষেপ করা হচ্ছে। এর আঘাতে যাত্রীরা গুরুতর আহত হচ্ছেন। অভিযোগ উঠেছে, এরপরও পাথর দুর্বৃত্তদের আইনের আওতায় আনা যাচ্ছে না।

কুমিল্লা বুড়িচং উপজেলার রাজাপুর স্টেশন অতিক্রমের সময় পাথর ছোড়া হয়। জানালার কাচ ভেঙে ভিতরে ঢোকে পাথর। সে পাথরে মাথায় আঘাত পেয়ে যাত্রী মহিউদ্দিন আহত হন। এভাবে শুধু উপকূল নয়, ঢাকা-চট্টগ্রাম, লাকসাম-নোয়াখালী ও চাঁদপুর রুটে চলাচলকারী চলন্ত ট্রেনে পাথর ছুড়ছে দুর্বৃত্তরা। এতে আহত হচ্ছেন যাত্রীরা। জনবহুল এলাকায় এ ঘটনা বেশি ঘটছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, কুমিল্লা অঞ্চলে প্রায় ১৩০ কিলোমিটার রেলপথ রয়েছে। ট্রেন চলে ১৬ জোড়া। ছয় মাসে এ অঞ্চলে পাথর নিক্ষেপের ৩৬টি ঘটনা ঘটেছে। তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম রুটে ঘটে ৩০টি। লাকসাম-নোয়াখালীতে ৪টি এবং লাকসাম-চাঁদপুর রুটে ঘটেছে ২টি ঘটনা। এতে আহত হন জানালার পাশের ব্যক্তিসহ অন্য যাত্রীরা। তবে আটক করা যায় নি কোনো অপরাধীকে।

পশ্চিমাঞ্চলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রীদের মধ্যে এখন তীব্র আতঙ্ক। পাবনার ঢালারচর-রাজশাহী রেলপথে পাথর নিক্ষেপের ঘটনা আগেও উদ্বেগ তৈরি করেছে। সেপ্টেম্বরে ওই রেলপথের দুবলিয়া ও তাঁতিবন্ধ স্টেশনের মধ্যবর্তী এলাকায় এক মাসে ২০ বারের বেশি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারির একটি ঘটনায় ১০ জনের বেশি যাত্রী আহত হন এবং ট্রেনের ১৮টি জানালার কাচ ভেঙে যায়। রেলওয়ের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চল রেলে এক বছরে ৭৪টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। ৭৪টি হামলার কারণে ৬৩টি ট্রেনের দরজা ও জানালার কাচ ভেঙে গেছে। এসব ঘটনায় ২০ জন আহত হন, যার মধ্যে চালক, সহকারী চালক, গার্ড ও সহকারী এবং সাধারণ যাত্রী (শিশুসহ) ছিলেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের ২০ জেলার প্রায় ৭০টি স্থান পাথর নিক্ষেপের জন্য বেশি ঝুঁকিপূণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সূত্র জানায়, পশ্চিমাঞ্চলের ১৫টি পয়েন্টে পাথর নিক্ষেপের ঘটনা বেশি ঘটে। পয়েন্টগুলো হচ্ছে চুয়াডাঙ্গা, নাটোরের আবদুলপুর, সিরাজগঞ্জ জেলার শহীদ এম মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন, পাবনার মুলাডুলি, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কিসমত-রুহিয়া, পাবনার ভাঙ্গুড়া, বগুড়ার ভেলুরপাড়া, গাইবান্ধার বামনডাঙ্গা, জয়পুরহাট জেলার আক্কেলপুর রেলস্টেশন এলাকা, সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকা, সলপ রেলস্টেশন এলাকা, জামতৈল রেলস্টেশন এলাকা, পাবনার বড়ালব্রিজ রেলস্টেশন এলাকা ও খুলনার ফুলতলা স্টেশন এলাকা। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, যেসব এলাকায় ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বেশি ঘটে, সেসব স্থান চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় তরুণরা বেশি জড়িত। কিন্তু এ বিষয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানা যায় নি।

সূত্রমতে, গত ২৩ জুন রাতে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশন অতিক্রম করছিল। তখনই হঠাৎ জানালার পাশে বসা ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার বাসিন্দা আইনজীবী শ্যামল চন্দ্র দাসের চোখে বাইরে থেকে এসে পড়ে একটি পাথর। জানালার কাচ ভেঙে পাথরটি তার ডান চোখে আঘাত করে। এরপর গুরুতর অবস্থায় প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে। কিন্তু শেষ পর্যন্ত তার চোখটি রক্ষা করা যায় নি। এ ছাড়া দু’মাস আগে ‘কক্সবাজার এক্সপ্রেস’ চকরিয়া এলাকা পার হওয়ার সময় পাথর ছোড়ায় মোহাম্মদ হিমেল নামে এক যুবকের ঠোঁট কেটে গুরুতর জখম হয়। এতে তার চারটি দাঁত ভেঙে যায়। রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, ২০২৫ সালের পুরো বছর এবং ২০২৬ সালের প্রথম আট মাসে পূর্বাঞ্চলীয় রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রায় আড়াই শ ঘটনা ঘটেছে। ঢাকা-চট্টগ্রাম রুটের আশুগঞ্জ-কসবা অংশ মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৭২ কিলোমিটার রেলপথ এখন পূর্বাঞ্চলীয় রেল নেটওয়ার্কের অন্যতম ঝুঁকিপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত।

রেলের ভাড়া বারবার বাড়ানো হলেও বাড়ছে না সেবার মান। জনপ্রিয় এ যোগাযোগ মাধ্যমকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হলেও অব্যবস্থাপনা ও লাগামহীন লুটপাটের কারণে তা সম্ভব হচ্ছে। যাত্রীসেবার মান খুবই নি¤œমানের। সর্বোপরি কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তাও দিতে পারছে না।

এমতাবস্থায় সেবার মান বাড়ানোসহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে যোগাযোগমাধ্যমটি গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা হারাবে। তাই কর্তৃপক্ষকে সবার আগে যাত্রীদের সুন্দর ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে।