বাংলাদেশের ব্যাংকিং খাত; সংস্কারের পথে, নাকি ব্যবস্থাপনীয় ধসের প্রান্তে? বাংলাদেশের ব্যাংকিং খাত কেবল একটি আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান নয়; এটি পরিণত হয়েছে রাষ্ট্রীয় অর্থনৈতিক শৃঙ্খলা, সুশাসন ও রাজনৈতিক সদিচ্ছার একটি স্পষ্ট আয়নায়। ২০২৫ সালের ব্যাংক ও আর্থিক পরিক্রমা বিশ্লেষণ করলে দেখা যায়, ঋণ খেলাপি, জালিয়াতি, স্বজনপ্রীতি, অর্থপাচার, শেয়ারবাজার ধস এবং গ্রাহকের অর্থ ফেরত দিতে অক্ষমতাÑ সবকিছু মিলিয়ে ব্যাংকিং খাত এখন একটি সিস্টেমিক ঝুঁকির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। ২০২৬ সাল তাই ব্যাংকগুলোর জন্য কেবল আরেকটি বর্ষ নয়; এটি অস্তিত্ব রক্ষার বছর।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য ও বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে, মোট বিতরণকৃত ঋণের প্রায় এক-তৃতীয়াংশ আজ নন-পারফরমিং লোন। অর্থাৎ ব্যাংক যে অর্থ দিয়ে শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান সৃষ্টির কথা ছিল, তার একটি বড় অংশই অনাদায়ী ও কার্যত অচল। কোনো কোনো ব্যাংকে এই হার ৫০ থেকে ৯০ শতাংশ ছাড়িয়েছে, যা কার্যত দেউলিয়াত্বের আরেক নাম। অথচ এই ব্যাংকগুলোর বড় অংশই এখনও কাগজে-কলমে ‘চলমান’ ও ‘স্থিতিশীল’ হিসেবে প্রদর্শিত হচ্ছে।
এই সংকটের মূল উৎস খুঁজতে গেলে দেখা যায়, এটি কেবল অর্থনৈতিক অদক্ষতার ফল নয়; বরং দীর্ঘদিনের নীতিগত শিথিলতা, রাজনৈতিক প্রভাবিত ঋণ অনুমোদন, বোর্ড ও ব্যবস্থাপনায় স্বার্থসংঘাত এবং নিয়ন্ত্রক দুর্বলতার সমষ্টিগত পরিণতি। ঋণ দেওয়ার সময় প্রকৃত ঝুঁকি মূল্যায়ন হয়নি, জামানতের মান যাচাই হয়নি এবং ঋণ ফেরতের সক্ষমতার বদলে সম্পর্ক ও প্রভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফলাফল হিসেবে ঋণ খেলাপি আজ আর ব্যতিক্রম নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কৃতি।
এই খেলাপি ঋণের সরাসরি প্রভাব পড়েছে ব্যাংকের মূলধনে। অধিকাংশ ব্যাংকই এখন প্রভিশন ঘাটতিতে ভুগছে। এর অর্থ, তারা সম্ভাব্য ক্ষতির বিপরীতে পর্যাপ্ত সংরক্ষণ গড়ে তুলতে পারেনি। ফলে নতুন ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাচ্ছে, আন্তঃব্যাংক বাজারে আস্থার সংকট তৈরি হচ্ছে এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রশ্নে এক ধরনের নীরব আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে কিছু ব্যাংকে বড় অঙ্কের আমানত উত্তোলনে অনানুষ্ঠানিক বিধিনিষেধ আরোপের অভিযোগ উঠেছে, যা ব্যাংকিং ব্যবস্থার জন্য অত্যন্ত বিপজ্জনক সংকেত।
এই প্রেক্ষাপটে সবচেয়ে উদ্বেগজনক দিকটি হলো, পরিচালনা পর্ষদের অদৃশ্য স্বাধীনতা। বহু ব্যাংকে দেখা যাচ্ছে, একই পরিবার বা গোষ্ঠী বছরের পর বছর বোর্ড নিয়ন্ত্রণ করছে, নিজেদের ব্যবসায় ঋণ নিচ্ছে, আবার সেই ঋণই খেলাপি হয়ে পড়ছে। নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনে এই স্বার্থসংঘাত চললেও কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা খুব কমই দৃশ্যমান। ফলে ব্যাংকিং সুশাসন আজ একটি শব্দমাত্র, বাস্তবতা নয়।
কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়েও প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। বাংলাদেশ ব্যাংক আইনগতভাবে স্বাধীন হলেও বাস্তবে নীতিনির্ধারণ ও প্রয়োগে রাজনৈতিক ও প্রশাসনিক চাপের অভিযোগ নতুন নয়। ঋণ পুনঃতফসিলের নীতিতে অতিরিক্ত ছাড়, খেলাপি শনাক্তকরণে সময়ক্ষেপণ এবং দুর্বল ব্যাংকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বিলম্বÑ সব মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বিশ্বাসযোগ্যতা ক্ষুণœ হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও বিশ্বব্যাংকের সুপারিশ অনুযায়ী ঝুঁকিভিত্তিক তদারকি, স্বচ্ছ অডিট ও দ্রুত রেজোলিউশন মেকানিজম বাস্তবায়নে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে।
এর পার্শ্বপ্রতিক্রিয়া পড়েছে শেয়ারবাজারেও। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দুর্বল আর্থিক ভিত্তি বিনিয়োগকারীদের আস্থা ভেঙে দিয়েছে। নিয়মিত লভ্যাংশ না দেওয়া, লোকসানি ব্যালান্সশিট এবং গোপন আর্থিক ঝুঁকির কারণে ব্যাংকিং খাত শেয়ারবাজারের অন্যতম দুর্বল সেগমেন্টে পরিণত হয়েছে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীর সঞ্চয় ক্ষতিগ্রস্ত হচ্ছে আর পুঁজিবাজার অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়ক ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।
সবচেয়ে গভীর সংকটটি হলো আস্থার। ব্যাংকিং ব্যবস্থা মূলত আস্থার উপর দাঁড়িয়ে থাকে। যখন মানুষ মনে করতে শুরু করে যে, প্রয়োজনে নিজের টাকাই পাওয়া যাবে না, তখন সেই ব্যবস্থা টেকসই থাকে না। বাংলাদেশে সেই আস্থার জায়গাটিই এখন সবচেয়ে নড়বড়ে। প্রশ্ন হলো: করণীয় কী? প্রথমত, ব্যাংকিং খাতে, রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করা ছাড়া কোনো সংস্কারই কার্যকর হবে না। পরিচালনা পর্ষদে যোগ্যতা, স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই গোষ্ঠীর হাতে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কঠোরভাবে সীমিত করতে হবে।
দ্বিতীয়ত, খেলাপি ঋণ মোকাবিলায় আর কাগুজে পুনঃতফসিল নয়, প্রয়োজন বাস্তব আদায় ও দায়বদ্ধতা। বড় খেলাপিদের বিরুদ্ধে দ্রুত আর্থিক ট্রাইব্যুনাল, সম্পদ জব্দ ও বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। তৃতীয়ত, দুর্বল ও অকার্যকর ব্যাংকগুলোকে জোরপূর্বক একীভূত বা রেজোলিউশন কাঠামোর আওতায় আনতে হবে। ‘সব ব্যাংক টিকিয়ে রাখা’ নয়, বরং ‘ব্যবস্থা টিকিয়ে রাখা’Ñ এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। চতুর্থত, আমানতকারীদের সুরক্ষায় একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য ডিপোজিট ইন্স্যুরেন্স ও রেজোলিউশন ফান্ড কার্যকরভাবে চালু করা প্রয়োজন, যাতে গ্রাহকের অর্থ রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত থাকে।
সবশেষে বলতে হয়, ব্যাংকিং খাতের সংকট কোনো একক প্রতিষ্ঠানের ব্যর্থতা নয়, এটি রাষ্ট্রীয় অর্থনৈতিক শাসনের ব্যর্থতার প্রতিফলন। ২০২৬ সাল তাই কেবল আরেকটি বছর নয়; এটি সিদ্ধান্তের বছর। এখনই যদি কাঠামোগত সংস্কার, নৈতিক শুদ্ধতা ও প্রাতিষ্ঠানিক সাহস না দেখানো যায়, তাহলে ব্যাংকিং খাতের সংকট একসময় পুরো অর্থনীতিকেই অচল করে দেবে। ব্যাংকিং খাতের এই সংকটকে আরও গভীরভাবে বোঝার জন্য কেবল খেলাপি ঋণের অঙ্ক দেখাই যথেষ্ট নয়; দেখতে হবে এই ঋণগুলো কোথায়, কীভাবে এবং কার মাধ্যমে তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রকাশিত বিভিন্ন নিরীক্ষা ও সংসদীয় প্রতিবেদনে দেখা গেছে, একই শিল্পগোষ্ঠী বা ব্যবসায়িক নেটওয়ার্ক একাধিক ব্যাংক থেকে সমান্তরালভাবে ঋণ নিয়ে তা পরিশোধ না করেও দীর্ঘ সময় পার করে দিয়েছে। এসব ক্ষেত্রে অনেক সময় জামানত হিসেবে দেখানো হয়েছে অতিমূল্যায়িত সম্পদ, শেয়ার বা কাগুজে প্রকল্প, যেগুলোর প্রকৃত বাজারমূল্য আদায়যোগ্য নয়।
আরও উদ্বেগজনক বিষয় হলো, ঋণ খেলাপির বড় অংশ এখন আর প্রথাগত ‘ব্যবসায়িক ব্যর্থতা’ থেকে আসছে না; বরং এটি পরিণত হয়েছে ইচ্ছাকৃত খেলাপি সংস্কৃতিতে। ঋণ নেওয়ার সময় থেকেই ফেরত দেওয়ার কোনো বাস্তব পরিকল্পনা না রেখে, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রভাব কাজে লাগিয়ে বছরের পর বছর দায় এড়িয়ে যাওয়ার নজির বেড়েই চলেছে। এতে করে নিয়ম মেনে ব্যবসা করা উদ্যোক্তারা ব্যাংক ঋণ থেকে বঞ্চিত হচ্ছে, আর অর্থনীতি হয়ে পড়ছে বিকৃত প্রতিযোগিতার শিকার।
ব্যাংকিং সংকটকে প্রায়ই একরকম করে দেখা হলেও বাস্তবে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের সমস্যার ধরন ভিন্ন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক নির্দেশনানির্ভর ঋণ বিতরণ, দুর্বল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং শাস্তির অনুপস্থিতি খেলাপি ঋণকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। অন্যদিকে অনেক বেসরকারি ব্যাংকে সংকট এসেছে মালিকানা কাঠামোর দুর্বলতা, অতিরিক্ত ঝুঁকি গ্রহণ এবং বোর্ডের স্বার্থসংঘাত থেকে। তবে উভয় ক্ষেত্রেই একটি মিল রয়েছে, ক্ষতির বোঝা শেষ পর্যন্ত বহন করছে সাধারণ আমানতকারী ও রাষ্ট্র। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে পুনঃপুঁজিকরণ করতে গিয়ে বারবার বাজেট থেকে অর্থ বরাদ্দ দিতে হয়েছে, যা কার্যত করদাতার অর্থ দিয়ে খেলাপি ঋণ ঢাকার শামিল। এটি আর্থিক ন্যায়ের প্রশ্নকেই সামনে নিয়ে আসে।
সাম্প্রতিক সময়ে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগকে অনেকেই সংকটের সমাধান হিসেবে তুলে ধরছেন। কিন্তু বাস্তবতা হলো, যদি একীভূতকরণ কেবল হিসাবের খাতায় হয় এবং দায়বদ্ধতা নির্ধারণ না করা হয়, তাহলে এটি সমস্যার সমাধান নয়; বরং ঝুঁকির স্থানান্তর মাত্র। একটি দুর্বল ব্যাংককে শক্তিশালী ব্যাংকের সঙ্গে যুক্ত করলে যদি খেলাপি ঋণের উৎস, দায়ী পরিচালক এবং জালিয়াতির দায় নির্ধারণ না হয়, তবে সেই শক্তিশালী ব্যাংকটিও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। ব্যাংকিং সংকটের আরেকটি অস্বস্তিকর দিক হলো, এর সঙ্গে অর্থ পাচারের গভীর যোগসূত্র। বড় অঙ্কের খেলাপি ঋণের একটি অংশ দেশেই নেই; তা বিভিন্ন সময়ে বিদেশে স্থানান্তরিত হয়েছে বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং, ওভার-ইনভয়েসিং বা ভুয়া আমদানির মাধ্যমে। ব্যাংকগুলো যদি প্রকৃত অর্থে শক্তিশালী ‘কমপ্লায়েন্স কালচার’ গড়ে তুলতে পারত, তাহলে এই পাচারের বড় অংশ আগেই শনাক্ত করা সম্ভব হতো। বাস্তবে দেখা গেছে, কিছু ব্যাংকের কমপ্লায়েন্স বিভাগ কেবল কাগজে-কলমে সক্রিয়, আর সন্দেহজনক লেনদেন প্রতিবেদন অনেক ক্ষেত্রেই যথাসময়ে বা সঠিকভাবে পাঠানো হয়নি। ফলে আর্থিক গোয়েন্দা কার্যক্রম দুর্বল হয়েছে, আর অর্থ পাচারের পথ আরও প্রশস্ত হয়েছে।
ব্যাংকিং খাতের সংকটে অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। নীতিগত সংস্কারের প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে মন্ত্রণালয় অত্যধিক নমনীয় অবস্থান নিয়েছে, বিশেষ করে খেলাপি ঋণ পুনঃতফসিল, জরিমানা মওকুফ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষতি পুষিয়ে দিতে বাজেট সহায়তার ক্ষেত্রে। এতে করে একটি ভুল বার্তা যাচ্ছে: বড় খেলাপির জন্য নিয়ম আলাদা, আর সাধারণ গ্রাহকের জন্য নিয়ম কঠোর। এই নীতিগত দ্বৈততা ব্যাংকিং শৃঙ্খলাকে আরও দুর্বল করছে এবং ভবিষ্যতে সংকট গভীর হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।
এই সব তথ্য ও বাস্তবতা একসঙ্গে বিচার করলে স্পষ্ট হয়, বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকট কোনো হঠাৎ দুর্যোগ নয়; এটি দীর্ঘদিনের অবহেলা, সুবিধাবাদী নীতি এবং দায়হীনতার ফল। ২০২৬ সাল যদি সত্যিই একটি মোড় ঘোরানোর বছর হতে চায়, তবে তা হতে হবে তথ্যভিত্তিক সিদ্ধান্ত, কঠোর রাজনৈতিক সদিচ্ছা এবং প্রাতিষ্ঠানিক সাহসের মাধ্যমে।
লেখক: ব্যাংকার ও তথ্য পদ্ধতি গবেষক। mmakhirgg@gmail.com
