ঢাকার ফুটপাত দখল করে ব্যবসা এখন নাগরিক দুর্ভোগের একটা বড় কারণে পরিণত হয়েছে। সকাল থেকে গভীর রাত অবধি প্রায় সকল সড়কের ফুটপাত ও খোলা জায়গায় হকাররা দোকানপাট সাজিয়ে ব্যবসা করছে। পোশাক, ফলমূল, শাকসবজি, জুতা-স্যান্ডেল, ইলেকট্রনিক সামগ্রীসহ এমন কোনো পণ্য নেই, যা ফুটপাতে পাওয়া যায় না। রাস্তা ও ফুটপাত যানবাহন, যাত্রী ও পথচারীদের জন্য হলেও হকারদের দাপট ও দৌরাত্ম্যে তারা তা যথাযথভাবে ব্যবহার করতে পারছে না। অবস্থা এমন যে, রাস্তা ও ফুটপাত যেন হকারদের জন্যই তৈরি করা হয়েছে। ফুটপাত দখলের অনাচার প্রতিরোধ করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশন ফুটপাতের দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে। কিন্তু এই অভিযান কখনোই ফলপ্রসূ হয় না। অভিযানের পর কয়েকদিন বাদে পুনরায় ফুটপাত দখল হয়ে যায়।
এ খেলা দীর্ঘদিন ধরে চলছে। লোক দেখানো এ অভিযানে বিভিন্ন সংস্থার বহুলোক নিয়োজিত হয় এবং জনগণের ট্যাক্সের বিপুল অর্থ ব্যয় হয়ে যায়। সম্প্রতি উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এবং দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ কয়েকটি এলাকার সড়ক ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হয়। কিন্তু সেই আগের মতই কয়েকদিন যেতে না যেতেই হকাররা ফুটপাতে ফিরে এসেছে এবং ব্যবসা শুরু করেছে। একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটছে বছরের পর বছর ধরে। এর স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। অনেকের ধারণা মতে, হকারদের পুনর্বাসনের মাধ্যমে স্থায়ীভাবে দীর্ঘদিনের এই সমস্যাটির সমাধান হতে পারে। বস্তুত, পুনর্বাসনের এই ধারণাটিই ভ্রান্ত। অতীতে বস্তিবাসীদের পুনর্বাসনের ক্ষেত্রে এ ধারণার ভ্রান্তি প্রমাণিত হয়েছে। শহরের বস্তিবাসীদের অনেককে গ্রামে জমিজমা ও বাড়িঘর করে দিয়ে পুনর্বাসন করা হয়েছিল। কিছুদিন যেতে না যেতেই তারা জমিজমা-বাড়িঘর বিক্রী করে হয়তো শহরের আর কোনো বস্তিতে আশ্রয় নিয়েছিল। এরকম পুনর্বাসন হকারদের ক্ষেত্রে একই ফল দিতে পারে। কাজেই এ ধরনের পুনর্বাসন কাম্য হতে পারে না।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত শনিবার তার তেজগাঁওস্থ কার্যালয়ে ঢাকার ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের বিষয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। প্রধানমন্ত্রী তার নির্দেশে বলেছেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারে।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, হকারদের বিকল্প জায়গার ব্যবস্থা করে দেবে সরকার, পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয়পত্র দেয়া হবে, যাতে তারা তাদের কার্যক্রম সুশৃংখলভাবে পরিচালনা করতে পারে। ব্যবসার জন্য হকারদের পৃথক বা বিকল্প জায়গার ব্যবস্থা করে দেয়ার উদ্যোগ ভালো, তবে তার সফলতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। ধরা যাক, দূরবর্তী এলাকায়Ñ উদাহরণস্বরূপ পূর্বাচলে বা উত্তরায় তাদের জন্য জায়গা দেয়া হলো। এটা সমর্থনযোগ্য সিদ্ধান্ত হতে পারে। তবে ক্রেতার যথাযথ সমাগম সেখানে নাও হতে পারে। সেক্ষেত্রে হকাররা সেখানে ব্যবসা চালাতে আগ্রহী নাও হতে পারে। তাদের ঢাকার জনবহুল এলাকার ফুটপাতে ফিরে আসার সম্ভাবনা এক্ষেত্রে খুবই স্বাভাবিক। দ্বিতীয়ত, সরকার কতজন হকারকে এভাবে পুনর্বাসন করতে পারবে, সেটাও একটা প্রশ্ন। পুনর্বাসনের সুবিধা নিতে হকার ছাড়াও আরো অনেকে আগ্রহী হয়ে উঠতে পারে। তাই এ রকম অবাধ সুযোগ মোটেই বাস্তবসম্মত হতে পারে না। ঢাকায় যত লোক বসবাস করে তার অন্তত ৩০ শতাংশ বাস করে বস্তিতে। তাদের সকলকে এ শহরে পুনর্বাসন করা কি সম্ভব? এখানে কমপক্ষে ২০ লাখ রিকশাচালক আছে, যারা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। তাদের এভাবে রিকশা চালানোর অধিকার স্বীকার করে নেয়া কাহাতক সম্ভবপর হতে পারে?
ঢাকা রাজধানী শহরও বটে। রাজধানী হিসাবে এর মর্যাদা, সুনাম, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, বাসযোগ্যতা নিশ্চিত করা অপরিহার্য শুধু নয়, জরুরিও। ইতোমধ্যে ঢাকা বাসযোগ্যতা হারাতে বসেছে। বায়ু দূষণ থেকে শুরু করে সব ধরনের দূষণ এখানে সর্বোচ্চ মাত্রায় বিদ্যমান। অনিরাপদ, অপরিচ্ছন্ন, যানজট ও বস্তির শহর হিসাবে এর অখ্যাতি বিশ্বজুড়ে। এ অবস্থা চলতে পারে না। চলতে দেয়া যায় না। যথাযথ পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে ঢাকার এসব সমস্যার সুরাহা করতে হবে। অন্যথায় এমন এক সময় আসতে পারে যখন এ শহর পরিত্যক্ত শহরে পরিণত হতে পারে। বরাবরের একটি বড় প্রশ্ন: ফুটপাত কার? উত্তরে বলতে হয়, হকারদের। বাস্তবে ফুটপাত হকারদের নয়, পথচারীদের। এটা নিশ্চিত করতে হবে। তার জন্য ব্যবস্থা নিতে হবে। হকারদের ব্যাপারে প্রধানমন্ত্রীর আগ্রহ প্রশংসাযোগ্য। এখানে বিশেষভাবে বলা দরকার, উন্নত, উন্নয়নশীল ও দরিদ্রÑ সব দেশেই রাস্তা-ফুটপাতে হকারদের ব্যবসা করতে দেখা যায়। সেখানে নিয়ম-কানুন ও শৃংখলা কঠোরভাবে অনুসরণ করা হয়। দৈনিক ইনকিলাবের নিয়মিত কলামিস্ট অজয় কান্তি মন্ডল কিছুদিন আগে চীনের ফুটপাত ও হকার ম্যানেজমেন্ট কেমন, সে বিষয়ে একটি লেখা লিখেছেন। চমৎকৃত হওয়ার মতো লেখা। আমরা এ ব্যাপারে চীনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি। বিভিন্ন দেশে হকারদের জন্য হলিডে মার্কেট আছে। নির্দিষ্ট দিনে শহরে নির্বাচিত এলাকায় বিকালে ও রাতে মার্কেট বসার চলও আছে বিভিন্ন দেশে। এভাবে আমরা হকারদের পাশে দাঁড়াতে পারি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, আমাদের দেশেও এক সময় হলিডে মার্কেট করা হয়েছিল। কিন্তু উপযুক্ত তত্ত্বাবধানের অভাবে তা টেকেনি। বিশ্বে যে কোনো দেশের ভালো উদ্যোগ ও অভিজ্ঞতা অনুকরণ করা যেতে পারে। সে ক্ষেত্রে অন্তরিকতা, নিয়মনিষ্ঠা, শৃংখলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যাবশ্যক।
