জনরোষের মুখে পতিত স্বৈরাচার ও দোসররা দেশ ছেড়ে ভারতে পালিয়ে থেকে দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার পথ বেছে নিয়েছে। তবে ছাত্র-জনতা ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আবারো ঐক্যবদ্ধভাবে পতিত স্বৈরাচারের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের নাশকতার ছক ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৫ বছর ধরে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এ সময়ে বিরোধী দলের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিগুলোকে নানা ধরনের নাশকতা, অগ্নিসন্ত্রাসে রূপ দিতে সরকারের ফল্স ফ্লাগ অপারেশনের দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের প্রথম দফায় ক্ষমতায় প্রত্যাবর্তনের পর দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনের নামে বিরোধীদল দমন ও অগ্নিসন্ত্রাসের ঘটনার সাথে দলীয় নেতাদের সম্পৃক্ততা ধরা পড়ে। ঢাকায় একজন আওয়ামী লীগ নেতার মালিকানাধীন বাসে গান পাউডার দিয়ে মানুষ হত্যার ঘটনার সাথে বাসের মালিক নিজেই জড়িত থাকার ঘটনা আরেকজন আওয়ামী লীগ নেতাই ফাঁস করেছিলেন। দলটি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতা টিকিয়ে রাখতে শুরু থেকেই পিলখানা গণহত্যা থেকে শুরু করে দেড় দশক ধরে গুম-খুন, গণহত্যা, হামলা-মামলা ও জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে দেশপ্রেমিক শক্তিকে নির্মূল করার অপচেষ্টা করেছে। চব্বিশের জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে সরাসরি লিথ্যাল ওয়েপন ও হেলিকপ্টার গানশিপ ব্যবহারের মাধ্যমে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়ার পর হাসিনার অপরাধচিত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল স্বচ্ছ ও গতিশীল প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে সেসব হত্যাকান্ডের বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ট্রাইবুনাল মামলার প্রথম রায় ঘোষণা করতে যাচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ক্যাঙ্গারু কোর্টে গণভবনের ফরমায়েশি রায়ে জামায়াত ও বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়ে হত্যা করা হয়। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ভুয়া-মিথ্যা মামলায় সাজার রায় ঘোষণা করে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছে। হাসিনা রেজিমের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল পুনর্গঠন করে অধিকতর সক্ষমতা, গতিশীলতা ও স্বচ্ছতার মধ্য দিয়ে বিচার কার্য পরিচালনার পর ১৩ নভেম্বর শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের প্রথম রায়ের তারিখ ঘোষণার দিনে খুনি হাসিনা ঢাকায় সন্ত্রাস-নাশকতা ও অগ্নিসন্ত্রাস চালিয়ে তথাকথিত লক-ডাউন কর্মসূচি সফল করতে চেয়েছিল।
বিদেশ থেকে বিপুল টাকা খরচ করে দেশের বিভিন্ন স্থান থেকে চিহ্নিত সন্ত্রাসীদের ঢাকা ও আশপাশের এলাকায় চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত জাতি রুখে দিয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভারে বাসে আগুন দেয়া এবং তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত কোচে আগুন দিয়ে ত্রাস সৃষ্টির মাধ্যমে আওয়ামী লীগ তার অস্তিত্বের জানান দেয়ার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম বাধাগ্রস্ত করতে চেয়েছিল। তবে তাদের এসব নাশকতার বিষয়ে দেশবাসী আগে থেকেই সচেতন ছিল। আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্র-জনতা তাদের অপচেষ্টা রুখে দিয়ে জনজীবনের স্বাভাবিকতা, স্বস্তি ও নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে। ট্রাইবুনাল পুনর্গঠনের এক বছরের মাথায় শেখ হাসিনার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণার কৃতিত্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারক ও প্রসিকিউটরদের। বিশেষত চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাহস, মেধা ও নিরলস প্রয়াসের জন্য তিনি ধন্যবাদার্হ।
গুম-খুন, হামলা-মামলা ও লুটপাটতন্ত্রের মূল হোতা শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে আসছেন। পতিত স্বৈরাচারের দোসরদের দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যকার রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব ভুলে বরাবরই ঐক্য বজায় রেখেছে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের প্রশ্নে সম্প্রতি বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ-বৈরিতা তীব্র আকার ধারণ করলেও ১৩ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের লক-ডাউনকে ঘিরে নাশকতা ও অগ্নিসন্ত্রাস মোকাবেলায় দলগুলোর ঐকবদ্ধ ভূমিকা ছিল চোখে পড়ার মত। অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নির্বিঘেœ শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা করেছে।
একই সময়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১৩ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচনের দিনে গণভোট ও উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে খুনি হাসিনার নির্দেশে লক-ডাউন ও সন্ত্রাস-নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্র মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকাকে স্বাগত জানাই। দেশে যেন আর কখনো এমন খুনি-ফ্যাসিস্ট শাসকের জন্ম না হয়। হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের মধ্য দিয়ে দেশে আইনের শাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হবে। গত দেড় দশকে বিরোধীদলের লাখ লাখ নেতাকর্মী মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছে। হাজার হাজার নিরপরাধ মানুষ গুম ও বিচারহীন হত্যাকা-ের শিকার হয়েছে। দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে অর্থনীতিকে দেউলিয়া করে দেয়া হয়েছে। এসব রাষ্ট্রবিরোধী, গণবিরোধী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে চলমান বিচার প্রক্রিয়া এবং নির্বাচনসহ গণতান্ত্রিক প্রক্রিয়া বানচাল করে পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন ও পুনর্বাসনের যে কোনো উদ্যোগকে সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। জুলাই অভ্যুত্থানের স্পিরিট, ন্যায়বিচার ও গণতান্ত্রিক প্রত্যাশা বাস্তবায়নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
