দেশের অ্যালুমিনিয়ামের তৈজসপত্র হইতে খাদ্যদ্রব্যে সিসা যুক্ত হইবার চিত্র উদ্বেগজনক। সম্প্রতি প্রকাশিত আইসিসিডিআর,বি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় বলা হইয়াছে, স্থানীয়ভাবে তৈরি অ্যালুমিনিয়ামের রান্নার তৈজসপত্র গলাইবার সময় সঠিকভাবে মান যাচাই না করিবার কারণে রহিয়া যাওয়া সিসা রন্ধনকালে খাবারে মিশ্রিত হয়। অধিকতর উদ্বেগজনক, প্রথমবার ব্যবহৃত পাত্রে ক্ষতিকারক ঐ পদার্থের মাত্রা সর্বোচ্চ। গবেষণায় দেখা গিয়াছে, নূতন পাত্রের ভাতে প্রতি কেজিতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে সর্বোচ্চ ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গিয়েছে, যাহা নিরাপদ সীমার কয়েক গুণ।

সংগত কারণেই এই সিসা শিশুদের মস্তিষ্কের বিকাশে দীর্ঘমেয়াদি ও স্থায়ী ক্ষতি করিতে পারে বলিয়া বিশেষজ্ঞরা সতর্ক করিয়াছেন। গবেষণায় ইহাও পাওয়া গিয়াছে, স্টিলের তারের মাজনি দিয়া নূতন পাত্র ঘষিয়া পরিষ্কার করিলে কিংবা ধাতব খুন্তি এবং টক বা অম্লীয় খাবার ব্যবহার করিলে খাবারে সিসার মিশ্রণ কয়েক গুণ হইয়া যায়। ইহাই প্রমাণ করে, দেশের শিশুরা কতখানি ঝুঁকিতে রহিয়াছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, অল্প মাত্রায় দীর্ঘদিন সিসার সংস্পর্শে থাকিলেও শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ, মনোযোগ, শেখার ক্ষমতা ও আচরণে বিরূপ প্রভাব পড়িতে পারে। এতদ্ব্যতীত রক্তস্বল্পতা, কিডনির ক্ষতি এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যার সহিতও সিসার সম্পর্ক বিদ্যমান। এমনকি গর্ভাবস্থায় মায়ের শরীরে থাকা সিসা ভ্রূণের বিকাশেও প্রভাব ফেলিতে পারে। সিসা শরীরে প্রবেশের পর রক্তের মাধ্যমে মস্তিষ্ক, যকৃৎ, কিডনি ও অস্থিতেও পৌঁছাইতে পারে এবং অস্থিতে সঞ্চিত সিসা দীর্ঘদিন পরও পুনরায় রক্তে প্রবেশ করিতে পারে। তৎকারণেই প্রতিদিনের খাবার হইতে অল্প অল্প করিয়া সিসা গ্রহণের বিষয়ও জনস্বাস্থ্যের জন্য ভয়ানক বার্তা।

হতাশাজনক হইলেও সত্য, সিসার এহেন ছড়াছড়ি সত্ত্বেও মান সুরক্ষায় দায়িত্বশীল কেহ নাই। এই ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআইকে রন্ধনপাত্রের জন্য সিসা-সংক্রান্ত কঠোর মান তৈয়ার এবং উহা নিয়মিত পর্যবেক্ষণ ও কার্যকরে ভূমিকা রাখিতে হইবে। তৎসহিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষও ইহাতে সহায়ক ভূমিকা রাখিতে পারে। বিশেষত রন্ধনপাত্র হইতে খাবারে সিসা মিশিয়া যাইবার বিষয়ে স্পষ্ট ও কঠোর নিরাপত্তা মান নির্ধারণ করিতে পারে।

তবে গোড়াতেই বিষয়টা নিয়ন্ত্রণ করিতে হইবে। রন্ধনপাত্রসহ অন্যান্য তৈজসপত্র উৎপাদন প্রক্রিয়ায় তদারকি জরুরি। স্থানীয় কারখানাগুলিতে পুরাতন তথা ভাঙাড়ি ধাতু গলাইয়া পাত্র তৈয়ারের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করিতে হইবে, যাহাতে উৎপাদিত পাত্রে সিসার ন্যায় বিষাক্ত ধাতু রহিয়া না যায়। জনসচেতনতাও এই ক্ষেত্রে জরুরি। সাধারণ মানুষ যেন পাত্র পরিষ্কারের ক্ষেত্রে সতর্ক থাকে। স্টিলের মাজনি ব্যবহার করিলে সিসা মিশ্রণের ঝুঁকি বাড়ে। এইখানে এবং মানহীন অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহারের ঝুঁকি সম্পর্কেও সচেতনতা দরকার। যেইখানে সরকারি উদ্যোগে প্রচারণা প্রয়োজন। ইতোপূর্বে আইসিডিডিআর,বির অন্য গবেষণায়ও সিসাদূষণের বিভিন্ন উৎস উঠিয়া আসিয়াছে। সিসা ও ব্যাটারি-সম্পর্কিত শিল্প, সিসাভিত্তিক রং এবং প্রসাধনীতে ইহার উপস্থিতি বিদ্যমান। এমনকি ইউনিসেফের তথ্য অনুযায়ী, সিসাদূষণে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যার দিক হইতে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ। সংস্থাটি দেশে সাড়ে তিন কোটির বেশি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসার উপস্থিতি রহিয়াছে বলিয়া জানাইয়াছে।

সার্বিক বিবেচনায় সরকারের উচিত হইবে বিষয়টি গুরুত্ব দিয়া সিসা হইতে সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আমাদের শিশুর সুন্দর শৈশব ও তাহাদের নিরাপদে বড় হইবার বিষয়টি নিশ্চিত করিতে না পারিলে জাতির ভবিষ্যৎ শঙ্কায় পড়িবে। তৎকারণে সিসা সংকট উপেক্ষণীয় নহে।