কারা হেফাজতে পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকীর মৃত্যুর ঘটনা সংগত কারণেই জনপরিসরে উদ্বেগের সঞ্চার করিয়াছে বলিয়া আমরা মনে করি। পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুককে উদ্ধৃত করিয়া মঙ্গলবার সমকাল জানাইয়াছে, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত প্রলয় চাকী শুক্রবার সকালে কারাগারে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তাঁহাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হইলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তথায় রবিবার রাতে তাঁহার মৃত্যু হয়। অন্যদিকে প্রলয় চাকীর স্বজনদের অভিযোগ, হৃদরোগ ও ডায়াবেটিসের রোগী হওয়া সত্ত্বেও কারা কর্তৃপক্ষের হেফাজতে প্রলয় যথাযথ চিকিৎসা পান নাই। হাসপাতালে ভর্তির কথাও তাহাদের জানানো হয় নাই।

হাঁটাচলা নিষেধ থাকিলেও তাঁহাকে দিয়া কারাগারে নানা কাজ করানো হইত। উপরন্তু, রাজশাহী মেডিকেলে লইয়া যাইবার পর কয়েক ঘণ্টা সিসিইউ ওয়ার্ডের মেঝেতে ফেলিয়া রাখা হয় তাঁহাকে। আরও গুরুতর অভিযোগ হইল, কোনো সুনির্দিষ্ট মামলার এজাহারে নাম না থাকিলেও নিছক সন্দেহভাজন হিসাবে গত বৎসরের ১৬ ডিসেম্বর পাবনা শহরের পাথরতলা এলাকার স্বীয় বাড়ি হইতে প্রলয় চাকীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁহাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-মামলায় গ্রেপ্তার দেখাইয়া কারাগারে প্রেরণ করা হয়। আমরা জানি, বিগত সরকারের আমলে এবং উহারও পূর্বে সুনির্দিষ্ট পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার একটা রীতি হইয়া গিয়াছিল। দেশি-বিদেশি মানবাধিকার কর্মীদের পাশাপাশি আইনের শাসনে বিশ্বাসী মানুষেরা বরাবরই ইহার তীব্র সমালোচনা করিয়া আসিয়াছেন।

তাই ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিরোধী মত বা পক্ষ দমনের এই অপসংস্কৃতির অবসান কামনা করিয়াছিলেন। কিন্তু আলোচ্য ঘটনা প্রমাণ করিল, সেই কামনা অরণ্যে রোদনে পরিণত হইয়াছে। স্মরণ করা যাইতে পারে, গত নভেম্বরে ঢাকায় পল্লবীতে জাতীয়তাবাদী যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার মোক্তার হোসেন এবং সিরাজগঞ্জে এক অটোরিকশাচালক খুনের ঘটনায় সন্দেহমূলকভাবে গ্রেপ্তার শাহাদাৎ হোসাইন ডিবি হেফাজতে নিহত হইয়াছিলেন। উভয় ক্ষেত্রেই পুলিশ মৃত্যুর জন্য ভিন্ন কারণ দেখাইলেও মোক্তারের পরিবার তাহার উপর পুলিশের প্রহারের অভিযোগ করিয়াছিল; দ্বিতীয় ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের এক ঊর্ধ্বতন সেবিকা মৃতের শরীরে আঘাতের চিহ্ন থাকিবার কথা বলিয়াছিলেন। শুধু উহা নহে, গত বৎসরের ১১ জুলাই রাজধানীর ভাটারা থানায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু ঘটিয়াছিল। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলিতেছে, ২০২৫ সালে কারা হেফাজতে মারা গেছেন ১০৭ জন এবং ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬৫। মানবাধিকার সমুন্নত রাখিয়া গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব লইয়া ক্ষমতাসীন একটা সরকারের সময়ে এহেন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হতাশাজনক। অধিকতর দুর্ভাগ্যজনক হইল, এই সকল অভিযোগের একটিতেও অদ্যাবধি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কোনো তদন্ত হয় নাই, প্রতিকার ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ তো দূরের কথা।

মানবাধিকার লঙ্ঘনের আলোচ্য ঘটনাটি এমন সময়ে ঘটিয়াছে যখন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বারংবার আহ্বান জানাইয়াছেন যে, সুনির্দিষ্ট অপরাধে জড়িত না থাকিলে নিছক সন্দেহবশত এমনকি আওয়ামী লীগেরও কোনো সদস্যকে গ্রেপ্তার করা যাইবে না। অথচ অসুস্থ এবং সংস্কৃতিচর্চায় নিবেদিত মলয় চাকীকে কোনো মামলা ব্যতীত গ্রেপ্তারই করা হয় নাই, তাঁহাকে মৃত্যুমুখেও ঠেলিয়া দেওয়া হইল। এহেন ঘটনা অব্যাহত থাকিলে শুধু পুরানা বন্দোবস্তই অক্ষুণ্ন থাকিবে না, সমাজকে একপ্রকার নৈরাজ্যের দিকেও ঠেলিয়া দিতে পারে। আমাদের প্রত্যাশা, সরকার অবিলম্বে শুধু এহেন বিচারবহির্ভূত হত্যার শিকার মানুষদের স্বজনদের ন্যায়বিচার দিতেই তৎপর হইবে না, এই সকল ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধেও সচেষ্ট হইবে। তবে এই বিষয়ে সকল মানবাধিকারকর্মী ও সংগঠনের সহিত সচেতন মহলকেও ধারাবাহিকভাবে সোচ্চার থাকিতে হইবে।