একাদিক্রমে হস্তী হত্যার শিকার হইলেও বা মারা পড়িলেও বিচার তো দূরস্থান, সুষ্ঠু তদন্তও না হওয়া যথেষ্ট উদ্বেগজনক। বন বিভাগের তথ্য অনুযায়ী, গত ৯ বৎসরে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ও জামালপুরে ১৪৬টি হস্তী প্রাণ হারাইয়াছে। এই সকল অঘটনে বন আদালতে মামলা হইয়াছে মাত্র ২০টি। অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করিয়াই দায়িত্ব সম্পাদন করিয়াছেন বন কর্মকর্তাগণ। তদুপরি, হস্তী হত্যার ঘটনায় মামলা হইলেও বিচার সমাপ্ত হয় না। স্বাভাবিকভাবেই এহেন পরিস্থিতিতে অপরাধীদের মধ্যে শাস্তির ভয়ের উদ্রেক হইতেছে না। পরিবেশ-প্রতিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণীটির উপর সহিংসতা ক্রমবর্ধমান।

বুধবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, কোথাও বৈদ্যুতিক ফাঁদ, কোথাও গুলি, কোথাও যূথবদ্ধ মানুষের আক্রমণে হস্তী প্রাণ সংহার চলমান। বন বিভাগের সর্বশেষ হিসাবে ২০১৭ হইতে ২০২৫ সাল পর্যন্ত দেশে আবাসিক, অনাবাসিক ও বন্দি মিলাইয়া ১৪৮টি হস্তী মারা গিয়াছে। চলতি বৎসরে আরও তিনটি মৃত্যুর ঘটনা যুক্ত হইলে সংখ্যা দাঁড়ায় ১৫১তে।

উপরন্তু ২০২৩ সালের ৪ আগস্ট প্রকাশিত সমকালেরই এক প্রতিবেদন অনুযায়ী, শুধু চট্টগ্রাম ও কক্সবাজারে উক্ত অপরিকল্পিত উন্নয়নের কারণে গত পাঁচ দশকে বাংলাদেশে হস্তীর সংখ্যা সাড়ে ৪০০ হইতে প্রায় অর্ধেক হ্রাস পাইয়াছে। দেশের অন্যান্য অঞ্চলের অবস্থাও যে তথৈবচ, তাহাতে কোনো সন্দেহ নাই। আমরা জানি, বনভূমি দখল, কৃষিজমি ও বসতি সম্প্রসারণ, সড়ক ও রেলপথ নির্মাণ এবং বিভিন্ন শিল্প ও অর্থনৈতিক অঞ্চলের কারণে হস্তীর আবাসস্থল ধ্বংস এবং চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈয়ার হইতেছে। তাই খাবারের সন্ধানে হস্তী প্রায়ই লোকালয়ে অনুপ্রবেশ করে। এহেন পরিস্থিতি হইতে উদ্ধারে মানুষ বৈদ্যুতিক ফাঁদ, গুলি ও বিবিধ প্রকার প্রাণঘাতী পদ্ধতি ব্যবহার করিতেছে। উপরন্তু চোরাকারবারিরাও বিভিন্ন অপকৌশল প্রয়োগ করিয়া গোপনে হস্তী শিকার করিয়া থাকে। অথচ প্রকৃতির ভারসাম্য রক্ষায় অতীব গুরুত্বপূর্ণ প্রাণী হইতেছে হস্তী।

বন বিভাগের কর্মকর্তাগণ স্বীয় দায়িত্বহীনতা লুকাইতে যুক্তি দিয়াছেন– দুর্গম অঞ্চলে হস্তী হত্যার ঘটনায় আসামি শনাক্ত করা দুরূহ। অঞ্চলের বাসিন্দাদিগের আসামি করিয়া মামলা করিলে বন কর্মকর্তাদিগের সহিত তাহাদের বিরোধ তৈয়ার হইবার আশঙ্কা থাকে বলিয়াও তাহারা মনে করেন। তবে লোকালয়ের বাসিন্দাদের সহিত হস্তীর সংঘাত এক কথা, আর বনের অভ্যন্তরে গুলি বা অন্য কোনো কারণে হস্তীর মৃত্যু ঘটা আরেক কথা।

বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান অভিযোগ করিয়াছেন, হস্তীর মৃত্যুর প্রকৃত কারণ অধিকাংশ সময় আড়াল করা হয়। বিশেষত বৈদ্যুতিক ফাঁদ বা গুলিতে মৃত্যুর ঘটনাকে অসুস্থতা কিংবা বার্ধক্যজনিত মৃত্যু হিসাবে দেখানোর প্রবণতাও বিদ্যমান। আমরা মনে করি, হস্তীর মৃত্যুর ঘটনায় মামলা, যথাযথ তদন্ত ও বিচার না হইবার বিষয়টি লঘু করিয়া দেখিবার সামান্য অবকাশ নাই। আমরা দেখিয়াছি, বাংলাদেশের সংলগ্ন ১৯৩ কিলোমিটার পার্বত্য অঞ্চলে যদ্রূপ মিয়ানমার সরকার সশস্ত্র বিদ্রোহীদের প্রতিহতকরণের নামে বিধ্বংসী মাইন পুঁতিয়া হস্তীর চলাচলকে বিপৎসংকুল করিয়াছে, তদ্রূপ রোহিঙ্গাদের জন্য আশ্রয়শিবির নির্মাণ করিতে গিয়া বাংলাদেশ সরকার কক্সবাজারের উখিয়া-টেকনাফের আট সহস্র একর বনাঞ্চল অবলীলায় ধ্বংস করিয়াছে, যথায় ছিল হস্তীর চলিবার পথ। উপরন্তু হস্তী চলাচলের ২১টি পথ বন্ধ হইবে জানিয়াও সরকার চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের নকশায় প্রয়োজনীয় পরিবর্তন করে নাই। হস্তীর ন্যায় অত্যন্ত সংবেদনশীল প্রাণীর প্রতি ঊর্ধ্বতনদের এহেন উদাসীনতাই বন কর্মকর্তাদিগের উক্ত দায়িত্বহীনতাকে উস্কাইয়া দিয়াছে।

হস্তী রক্ষায় শুধু নূতন প্রকল্প, নামকাওয়াস্তে সচেতনতামূলক প্রচার কিংবা এলিফ্যান্ট রেসপন্স টিম গঠনই যথেষ্ট নয়। দীর্ঘ মেয়াদে হস্তীর আবাসস্থল ও চলাচলের পথ দখলমুক্ত করিতে হইবে। যত্রতত্র জনবসতি গড়িয়া তুলিবার অবকাশ না দিয়া হস্তীর বসবাসের অভয়াশ্রম তৈয়ার করাও জরুরি। সর্বোপরি হস্তী হত্যার প্রতিটি ঘটনায় দ্রুত তদন্ত, নির্ভুল ময়নাতদন্ত, মামলা এবং বিচার নিশ্চিত করিতে হইবে।