শুক্রবার রাজধানীতে নির্বাচনী প্রচারণাকালে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির উপর যেইভাবে গুলি চালানো হইয়াছে, উহা যথেষ্ট ভীতিকর ও উদ্বেগজনক। এই প্রকার হত্যাচেষ্টা কেবল আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতির ইঙ্গিতবহ নহে, রাজনৈতিকভাবেও আশঙ্কাজনক। দেশে ইতোমধ্যে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা হইয়াছে; উহার ২৪ ঘণ্টা পার না হইতেই একজন সম্ভাব্য প্রার্থীর উপর হামলা গণতন্ত্রে উত্তরণের সামষ্টিক প্রচেষ্টার জন্যও নেতিবাচক বটে। আমরা দেখিয়াছি, হামলার শিকার ওসমান হাদি ইতোপূর্বে সামাজিক মাধ্যমে তাঁহার নিরাপত্তা লইয়া আশঙ্কা প্রকাশ করিয়াছিলেন। উহার পরও কেন তাঁহার নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই?
আমরা মনে করি, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে থাকা হাদির ন্যায় ব্যক্তি কেবল নহে, যেই কোনো নাগরিকের ক্ষেত্রে বিশেষত আশঙ্কা প্রকাশিত হইবার পর নিরাপত্তা নিশ্চিত করিবার বিকল্প নাই। অঘটনের শিকার ব্যক্তির চিকিৎসাতেও দিতে হইবে অগ্রাধিকার। শুক্রবার মস্তকে গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লইয়া জরুরি অস্ত্রোপচারের পর বেসরকারি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হইয়াছে। শনিবার চিকিৎসক জানাইয়াছেন, গুলিবিদ্ধ হাদি এখনও সংকটাপন্ন। হতাশাজনক হইলেও সত্য, তাহাকে হত্যাচেষ্টার সহিত জড়িত কাহাকেও এখনও আটক করা সম্ভব হয় নাই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ একজনকে শনাক্তের কথা এবং তাহাকে ধরাইয়া দিলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়াছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা দেখিতে চাহিব, ঘাতককে আটকে রাষ্ট্র সর্বোচ্চ প্রচেষ্টা চালাইয়াছে। স্মরণে রাখিতে হইবে, আততায়ী ছিঁচকে অপরাধী নহে; চলন্ত মোটরসাইকেল হইতে চলন্ত রিকশারোহী হাদির মস্তক নিশানা করিয়া যেইভাবে গুলি চালাইতে সক্ষম হইয়াছ, উহা প্রশিক্ষিত ও দক্ষ সন্ত্রাসীরই প্রমাণ। তাহাকে ধরিতেও সুচারু ও সমন্বিত অভিযান প্রয়োজন হইবে।
এই আশঙ্কা অমূলক হইতে পারে না যে, এই প্রকার হত্যাচেষ্টা আরও ঘটিতে পারে। সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীগুলির সতর্কতা জরুরি। আইনশৃঙ্খলার বিষয়টিও লইতে হইবে গুরুত্ব দিয়া। শুক্রবারই সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নির্বাচনের তপশিলের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি লইয়া প্রশ্ন করিলে তিনি যেইভাবে উত্তর এড়াইয়া আলু-পেঁয়াজের মূল্যসংক্রান্ত বক্তব্য দিয়াছেন উহা দায়িত্বশীলতার প্রমাণ নহে। বিশেষত যখন সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা লইয়া উদ্বিগ্ন হইবার মতো উল্লেখযোগ্য একাধিক ঘটনা ঘটিয়াছে।
আমরা দেখিয়াছি, ওসমান হাদিকে হামলার দিবসেই প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের লইয়া জরুরি বৈঠক করিয়াছেন। শনিবার প্রধান প্রধান রাজনৈতিক দলের সহিতও আলোচনা করিয়াছেন। প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়কে আমলে লইয়াই বলিয়াছেন, এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত এবং জাতির উপর এই ধরনের অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাশত করা হইবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করিবার ঘোষণা দিয়াছেন। এই ক্ষেত্রে অপরাধীদের আইনের আওতায় আনিতে হইবে বটে; কিন্তু নিরপরাধ মানুষ যাহাতে হেনস্তার শিকার না হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হইতে রাজনীতিতে আসা শরিফ ওসমান হাদি অল্প সময়ের ব্যবধানে পরিচিত মুখ হইয়া উঠিয়াছিলেন। তিনি বিভিন্নপক্ষের নিশানা হওয়া বিচিত্র নহে। কারণ যাহাই হউক, প্রকৃত অপরাধী আটক এবং নেপথ্যের খলনায়কগণের পরিচয় উন্মোচনই হউক অগ্রাধিকার। কেবল পুরস্কার ঘোষণা দিয়া হস্ত-পদ গুটাইয়া বসিয়া থাকিবার অবকাশ নাই। পাশাপাশি যাহাদের নিরাপত্তা লইয়া উদ্বেগ তৈয়ার হইয়াছে তাহাদেরও নিরাপত্তা দিতে হইবে। স্মরণে রাখিতে হইবে, অন্তর্বর্তী সরকারের দেড় বৎসর শাসনের সমাপ্তি ও গণতন্ত্রের সন্ধিক্ষণে রহিয়াছে বাংলাদেশ। এই সময়ে নিরাপত্তা-সতর্কতার বিকল্প নাই।
