সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর দ্বিগুণ করিবার সরকারি সিদ্ধান্তটি দুর্ভাগ্যজনক। শুক্রবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও জনসংযোগ) মো. রেজানুর রহমান সমকালকে বলিয়াছেন, এতদিন সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর ছিল ৫ শতাংশ। পাঁচ লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে উক্ত কর ছিল ১০ শতাংশ। সর্বশেষ আয়কর আইনে (২০২৩) সঞ্চয়পত্রে বিনিয়োগের সকল ক্ষেত্রেই ১০ শতাংশ উৎসে কর আরোপ করা হইয়াছিল। গত ডিসেম্বর পর্যন্ত এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। জানুয়ারি হইতে সেই ছাড় প্রত্যাহার করায় সকল ক্ষেত্রে ১০ শতাংশ উৎসে কর কর্তন করা হইতেছে।

ইহার ফলে পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্রে বিনিয়োগ করিয়া গত ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে চার সহস্র ৫৬০ টাকা মুনাফা পাওয়া গেলেও জানুয়ারি মাসে উহা হ্রাস পাইয়া চার সহস্র ৩২১ টাকায় অবনমিত। সংশ্লিষ্ট বিনিযোগকারীর জন্য ইহা নিঃসন্দেহে একটা ধাক্কা। কারণ সিদ্ধান্তটি এমন সময়ে আসিল যখন দেশে তিন বৎসরের অধিক সময় ধরিয়া উচ্চ মূল্যস্ফীতি চলমান এবং এই মূল্যস্ফীতির সর্বাধিক ভুক্তভোগী হইল নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারসমূহ। সাধারণ মানুষ প্রতিনিয়ত ব্যয়ের সহিত আয়ের সামঞ্জস্য রক্ষা করিতে গিয়া অনেকাংশেই খাদ্য, ঔষধ, সন্তানের চিকিৎসার মতো ব্যক্তিগত ব্যয়ের জরুরি খাতগুলি সংকুচিত করিতে বাধ্য হইতেছে। অন্যদিকে এই সকল আর্থিক শ্রেণির মানুষদের সহিত দেশের বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত ব্যক্তি, নারী ও প্রতিবন্ধী নাগরিক জীবনযাত্রার ব্যয় মিটাইতে সঞ্চয়পত্র হইতে প্রাপ্ত আয়ের উপর নির্ভরশীল। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সরকার প্রজ্ঞাপন জারি করিয়া ১ জানুয়ারি হইতে সঞ্চয়পত্রের মুনাফার হার হ্রাসকরণের ঘোষণা দিলেও চার দিনের মাথায়, সম্ভবত জনপরিসরে ইহার প্রতিক্রিয়ার কথা ভাবিয়া সেই সিদ্ধান্ত হইতে সরিয়া আসে। ইহা সংশ্লিষ্ট গ্রাহকদের জন্য স্বস্তিদায়ক ছিল। কিন্তু উক্ত উৎসে করহার বৃদ্ধি বিনিয়োগকারীদের সেই স্বস্তি অনেকটাই কাড়িয়া লইল।

বিস্ময়কর হইল, কোনো রকম ঘোষণা ব্যতিরেকেই গোপনে এই উৎসে কর বৃদ্ধি করা হইয়াছে। সম্ভবত গত ৩১ ডিসেম্বরের প্রজ্ঞাপন বাতিলের অভিজ্ঞতাই সরকারকে এই অন্যায় কৌশল লইতে উদ্বুদ্ধ করিয়াছে। কিন্তু ইহাতে সাধারণভাবে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষদের প্রতি প্রাচীন অবহেলা-উপেক্ষাই ফুটিয়া উঠিয়াছে। আমরা জানি, জাতীয় আয় সৃষ্টির ক্ষেত্রে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের অবদান অন্যদের অপেক্ষা কম না হইলেও উক্ত সম্পদ ভোগ করিবার প্রশ্নে তাহারা বরাবরই বঞ্চনার শিকার। প্যারিস স্কুল অব ইকোনমিকসের বৈশ্বিক অসমতা প্রতিবেদন ২০২৬ অনুযায়ী, জাতীয় আয়ের প্রায় ৪১ শতাংশই যায় শীর্ষ উপার্জনকারী ১০ শতাংশ মানুষের হস্তে। অন্যদিকে নিম্ন আয়ের ৫০ শতাংশ মানুষের সম্মিলিত আয় মাত্র ১৯ শতাংশ। মূলত দশকের পর দশক রাষ্ট্রীয় ক্ষমতাসীনদের দরিদ্রবিরোধী নীতিমালার কারণেই জাতীয় আয়ে এহেন প্রকট বৈষম্য সৃষ্টি হইয়াছে। অন্তর্বর্তী সরকার একই দরিদ্রবিরোধী নীতি অনুসরণ করিয়া চলিতেছে। অন্তত আলোচ্য পদক্ষেপে ইহা পুনরায় প্রমাণিত হইল।

আমরা জানি, একদিকে সরকারের রাজস্ব সংগ্রহ ক্রমহ্রাসমান, অন্যদিকে বিভিন্ন কারণে রাজস্ব ব্যয় ক্রমবর্ধমান। সম্ভবত এই পরিস্থিতি সরকারকে উক্ত সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করিয়াছে। কিন্তু রাজস্ব আয়-ব্যয়ের অসংগতি তো সরকারের উপযুক্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নে ব্যর্থতার ফল। ইহার কাফফারা সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা দিবেন কেন? উপরন্তু এই খাতে বিনিয়োগ এত অধিক নহে যে, উৎসে কর দ্বিগুণ করিলে বিপুল রাজস্ব আহরিত হইবে। তাই সমস্যার মূলে হাত না দিয়া মড়ার উপর খাঁড়ার ঘা দিবার নীতি হইতে সরকারকে বাহির হইয়া আসিতে হইবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অবিলম্বে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করিবে– ইহাই প্রত্যাশা আমাদের।