ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে পূর্ব ঘোষণা মোতাবেক জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শনিবার দুপুরে অনুষ্ঠিত এই জানাজায় কত মানুষ অংশ নিয়েছে, তা অনুমান করাও কঠিন। সংসদ ভবনসহ তার আশপাশের এলাকা লোকে লোকারোণ্য হয়ে পড়ে সকালেই। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে মানুষ এসে এই ঐতিহাসিক জানাজায় শরীক হয়। বিভিন্ন পত্রপত্রিকায় খবরে বলা হয়েছে, লাখ লাখ মানুষ জানাজার জন্য সমবেত হয়েছিল। জানাজার পরও মানুষের ¯্রােত থামেনি। সোহরাওয়ার্দি হাসপাতালের দু’পাশের রাস্তা থেকে ধানমন্ডি ২৭ নম্বরের মোড়, আসাদ গেট হয়ে পুরো মানিক মিয়া অ্যাভিনিউ, খামার বাড়ি, ফার্ম গেইট, বিজয় স্মরণী এবং অলিগলি সর্বত্র মানুুষ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কোথাও তিল ধারণের ঠাঁই থাকে না।
জানাজায় সমবেত মানুষের শোকবিহ্বলতা তো ছিলই, অনেকেই চোখের পানি ঠেকাতে পারেনি। হাও মাও করে কেঁদেছে অনেকে। পাশাপাশি ছিল উদ্দীপ্ত শ্লোগান। এই শহীদ বিপ্লবীর জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, আমলা, অধ্যাপক, রাজনৈতিক-সাংস্কৃতিক ও সাংবাদিক ব্যক্তিত্ব এবং কর্মজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষ। তরুণদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। জানাজাস্থলে অনেক শিশু ও নারীও উপস্থিত হয়েছিল। যেন গোটা দেশ একটা লাশের পাশে এসে দাঁড়িয়েছিল। কোনো জানাজায় মানুষের এত বিপুল সমাগম খুব কমই দেখা যায়। শহীদ ওসমান হাদি এমন কে ছিলেন, যার জানাজায় জনসমুদ্র তৈরি হয়। শহীদ ওসমান হাদি ছিলেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ত্বের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর, অধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক এবং সাধারণ মানুষের মুক্তিসংগ্রামী। তিনি ভারতীয় হেজিমনি, সাংস্কৃতিক আগ্রাসনের ঘোর বিরোধী ছিলেন। তিনি তরুণদের চক্ষু উন্মোচনকারী ও সত্যব্রতী হওয়ার অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। দেশ ও মানুষ ছাড়া তার কাছে আর কোনো কিছুই মূল্যবান ছিল না। জাতির এমন বীর সন্তান বিরল, দুর্লভ। তার নীতি, আদর্শ ও প্রতিবাদী অবস্থান তাকে অনেকের কাছেই অপ্রিয় করে তুলেছিল। তাদেরই কোনো পক্ষ সুচিন্তিত পরিকল্পনা করে তাকে হত্যা করেছে। দুঃখজনক হলেও বলতে হচ্ছে, প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে দুর্বৃত্তরা কোথায় হাওয়া হয়ে গেলো, এতদিনেও তার হদিস বের করা গেলো না। জানাজায় অন্যতম দাবি ছিল, হাদি হত্যার বিচার চাই। খুনীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
হাদির খুনীদের গ্রেফতার ও বিচার দেশবাসীর একান্ত ও অনিবার্য কাম্য। শুধু বিচার নয় খুনীদের দৃষ্টান্তস্থাপনকারী সাজাও কাম্য। ৩২ বছরের হাদি তার নীতি, নৈতিকাতা, আদর্শ ও সততার জন্য জাতির প্রতীক বা সম্পদে পরিণত হয়েছিলেন। জানাজাপূর্ব বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন: বীর ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিনÑ বাংলাদেশ যতদিন থাকবে, তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। তিনি আরো বলেন, হাদির মন্ত্র চির উন্নত মম শির। সেই শির কখনো নত হবে না, সেই মন্ত্র সব কাজে প্রমাণ করা হবে। বাংলাদেশ দুনিয়ার কাছে মাথা উঁচু করে চলবে, কারো কাছে মাথা নত করবে না।
শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই বরিশালের বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। তিনি জানাজাপূর্ব বক্তব্যে বলেন, শহীদ ওসমান হাদি কীভাবে স্বাধীনতা-সার্স্বভৌমত্ব রক্ষা করা যায়, তার বার্তা দিয়ে গেছেন ১৮-২০ কোটি মানুষের কাছে। তিনি আরো বলেন, হাদির হত্যাকারী ও তাদের সহযোগীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা এ দাবি কোনোদিন ছাড়াবো না। সরকার বা অন্য কারো কাছে আমাদের পরিবারের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমরা কিছু চাই না। আমরা আপনাদের কাছে আমার ভাইয়ের জন্য ও তার ৮ মাসের সন্তানের জন্য দোয়া চাই। নামাজে জানাজা শেষে হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদচত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কবর দেয়া হয়। দাফন পরবর্তী দোয়াও পরিচালনা করেন অধ্যক্ষ আবু বকর সিদ্দক। দোয়াপূর্ব বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খান বলেন, হাদি এখন আর শুধু একজন ব্যক্তি নন, তিনি ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তিনি গভীর আবেগে আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে। মা তার সন্তানকে আবার ফেরত পেয়েছে।
স্বস্তির কথা, আশার কথা, শহীদ ওসমান হাদির বিশাল ও ঐতিহাসিক জানাজা থেকে দাফন পর্যন্ত যাবতীয় সবকিছু অত্যন্ত সুচারু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আশংকা ছিল, এত মানুষের সমাগমে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। স্যাবোটাজের আশংকা ছিল, দুঘর্টনার আশংকাও ছিল। কিন্তু এসব আশংকার কোনো কিছু সত্য হয়নি। খুবই সুশৃঙ্খলভাবে মানুষের আগমন ও জানাজা অনুষ্ঠিত হয়েছেন। দুষকৃতী ও দুর্বৃত্তরা এতটুকু অবকাশ পায়নি অপকর্মের। রাস্তাঘাটে দুর্ঘটনাও ঘটেনি। এজন্য মানুষের সচেতনতার যেমন ভূমিকা আছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের ভূমিকাও রয়েছে। জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভেনিউ ও আশপাশের সব প্রবেশপথে নেয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব ও আনসার মোতায়েন করা হয়। বিশেষ টহলে ছিলেন সেনাবাহিনীর সদস্যরাও। আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবহার করে এক হাজার বডিওর্ন ক্যামেরাসহ অত্যাধুনিক প্রযুক্তি। হাদির জানাজা ও দাফন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় জানাজায় অংশগ্রহণকারী জনমন্ডলী এবং আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। পরিশেষে কায়মনোবাক্যে আশা করবো, আল্লাহ রাব্বুল আলামীন তার বান্দা হাদিকে শহীদের মর্যাদা দান করে বেহেশতের উচ্চ মাকামে অধিষ্ঠিত করবেন।
