গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলের হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং ৫২ জন আহত হয়েছেন। হামলায় হাসপাতালের সার্জারি বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ঘটনাস্থলে থাকা সহকর্মীরা জানিয়েছেন। হাসপাতালটির পরিচালক রায়েদ আল-দাহশান জানান, একটি ক্ষেপণাস্ত্র ভবনের ওপরের দিক থেকে আঘাত হেনে কয়েকটি তলা ভেদ করে নিচে চলে যায়। এতে হাসপাতালের বিভিন্ন অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। বিশেষ করে সার্জারি বিভাগ ও আইসিইউর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। আহতদের অবস্থা বিবেচনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন হাসপাতাল পরিচালক। তিনি বলেন, নাসের মেডিকেল কমপ্লেক্স প্রায় ১০ লাখ মানুষের চিকিৎসাসেবা দিয়ে থাকে। এটিই একমাত্র কমপ্লেক্স, যেখানে অস্ত্রোপচার করা হয়। আল-দাহশান আরও বলেন, গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের (সিভিল ডিফেন্স) সক্ষমতার ৮৫ শতাংশ ধ্বংস হয়ে গেছে। ক্রমাবনতিশীল মানবিক পরিস্থিতির মধ্যেও উদ্ধারকর্মীরা খালি হাতে কাজ চালিয়ে যাচ্ছেন। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ইসরাইলি হামলায় শল্যচিকিৎসক ডা. রিজক আবু শাইরা নিহত হয়েছেন।