তিন দফা দাবির আন্দোলনে শনিবার রাজধানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের উপর পুলিশের চড়াও হইবার ঘটনা নিন্দনীয়। কেবল এইবারই প্রথম নহে; সাম্প্রতিক অতীতেও শিক্ষকগণের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী হামলা করিয়াছে।

প্রাথমিকের সহকারী শিক্ষকগণ যে বৈষম্যের শিকার– উহা বলিবার অপেক্ষা রাখে না। তাহাদের পদমর্যাদা ও বেতন-ভাতা উভয়ই কম। শিক্ষকদের তৃতীয় শ্রেণির করিয়া রাখিবার পরও তাহারা যখন আন্দোলনে নামেন তখন নিপীড়নমূলক পদক্ষেপ বেদনাদায়ক।

সৈয়দ মুজতবা আলীর ‘পাদটীকা’ গল্পের বিষয়বস্তু আমরা জানি। তিনি তুলিয়া ধরিয়াছেন, বিদ্যালয় পরিদর্শনে আগত লাট সাহেবের ত্রি-পদবিশিষ্ট কুকুরের প্রতিটা পদের পশ্চাতে ব্যয় হইত ২৫ টাকা। সেই সময় পণ্ডিত মশাই তথা শিক্ষকের বেতন ছিল ২৫ টাকা এবং এই অর্থ দিয়াই ঐ সময়ে তাঁহাকে অষ্ট-মানবসমষ্টির পরিবারের ব্যয় নির্বাহ করিতে হইত। ইহার পর শত বৎসর অতিক্রান্ত; কিন্তু শিক্ষকদের পরিস্থিতির উন্নতি হয় নাই; বিশেষত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদিগের জন্য ইহা সকরুণ সত্য। অথচ বর্তমানে স্নাতক ব্যতিরেকে কেহই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হইতে পারেন না। একই শিক্ষাগত যোগ্যতা লইয়া বিভিন্ন মন্ত্রণালয়ের নিম্ন পর্যায়ের পদগুলিতে অনেকেই ১০ম গ্রেডে চাকুরি করিতেছেন।

বস্তুত প্রাথমিকের শিক্ষকগণ দীর্ঘ সময় ধরিয়া এ বৈষম্য নিরসনে আন্দোলন- সংগ্রামে ব্যাপৃত। অস্বীকার করা যাইবে না, আন্দোলনের কারণেই ২০২০ সালে প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন ১৫তম গ্রেড হইতে ১৩তম গ্রেডে উন্নীত হইয়াছে। আমরা মনে করি, ঐ সময়েই তাহাদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় ভূষিত করা উচিত ছিল।

২০১৯ সালের নিয়োগবিধি অনুযায়ী এই সকল শিক্ষকের ন্যূনতম যোগ্যতা যখন স্নাতক করা হয়, তখনই ইহা জরুরি ছিল। এমনকি ২০১৪ সালে রাষ্ট্রের প্রধানের তরফ হইতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ঘোষণা করিলেও অদ্যাবধি উহা বাস্তবায়ন হয় নাই।

তবে চলতি বৎসর ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম হইতে ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীতকরণের সিদ্ধান্ত লইলেও উহাতে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকগণ। প্রধান শিক্ষকগণ যেইখানে ১০ম গ্রেডে বেতন পাইতেছেন সেইখানে সহকারী শিক্ষকদের ১২তম গ্রেড কেন? যদিও সম্প্রতি সরকার প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণের সিদ্ধান্ত লইয়াছে। তখনই সহকারী প্রধান শিক্ষকদের বিষয়টা চূড়ান্ত করিলে তাহাদের হয়তো আন্দোলনে সম্পৃক্ত হইবার প্রয়োজন পড়িত না।

প্রাথমিক শিক্ষা হইল শিক্ষার ভিত্তি স্তর। এই সময়ে দেশের ভবিষ্যৎ তথা শিশুদের গড়িয়া তুলিবার দায়িত্ব যাহাদের হস্তে, তাহাদের অবশ্যই যোগ্য ও দক্ষ হইতে হইবে। তজ্জন্য তাহাদের বেতন-ভাতাও আকর্ষণীয় হওয়া বাঞ্ছনীয়। উন্নত বিশ্ব এমনকি প্রতিবেশী দেশগুলিতেও আমরা সেই চিত্র দেখি। উহার বিপরীতে আমাদের প্রাথমিক শিক্ষকদের বর্তমান ভাতা ও পদমর্যাদা বিসদৃশ। যেই কারণে অনেকে নিয়োগপ্রাপ্ত হইয়াও যোগদানে অনীহ।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড অবশ্যই দেওয়া উচিত। তবে শিক্ষকদের এইবারের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলিয়াছেন, সহকারী শিক্ষকগণ যাহাতে ১১তম গ্রেড পাইতে পারেন, তজ্জন্য তাহারা ব্যবস্থা লইতেছেন। আমরা প্রত্যাশা করি, অনতিবিলম্বে আন্দোলনরত শিক্ষকদের সহিত বৈঠকে বিষয়টির সুরাহা হইবে। অন্যথায় শিক্ষকদের কর্মবিরতিতে এক কোটি শিক্ষার্থীর যদ্রূপ গুরুত্বপূর্ণ শিক্ষাঘণ্টার অপচয় হইবে, তদ্রূপ আগত বার্ষিক পরীক্ষায়ও উহার নেতিবাচক প্রভাব পড়িবে। শিক্ষকদেরও উচিত হইবে শিক্ষার্থীদের স্বার্থ আমলে লইয়া প্রশাসনের সঙ্গে বসিয়া দ্রুত আন্দোলনের ইতি টানা। শিক্ষকদের উপর হামলার ঘটনায় তদন্ত-সাপেক্ষে দোষীদের শাস্তির ব্যবস্থা করিতে হইবে নাগরিক অধিকারের প্রশ্নেই।