বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে গতকাল বৃহস্পতিবার ভারতজুড়ে ‘বনধ’ কর্মসূচি পালন করেছে দেশটির কৃষক-শ্রমিকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের স্বাক্ষরিত বাণিজ্যচুক্তির কারণে দেশটির আপেল চাষিসহ বিভিন্ন ফল ও ফসল উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে। ফলে কৃষকরা এই চুক্তির বিরুদ্ধে প্রতিবাদে কর্মসূচি পালন করেছে। অপরদিকে দেশটির শিল্পকারখানার সংশ্লিষ্টদের আশঙ্কা, এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন শিল্পপণ্য দেশটিতে সহজেই প্রবেশ করবে। আর এতে চ্যালেঞ্জের মুখে পড়বে তাদের দেশীয় শিল্পকারখানাগুলো। ফলস্বরূপ তাদের দেশীয় পণ্যের বাজার সংকুচিত হবে এবং সংকটে পড়বে শিল্পশ্রমিকরাও। তাই, শ্রমিকরা এর প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে একই ধরনের বাণিজ্য চুক্তি করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও। গত ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এই চুক্তির ফলে বাংলাদেশ বেশ লাভবান হবে বলেই জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। চুক্তির বিস্তারিত প্রকাশ না করেই বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে পাল্টা শুল্ক দিতে হবে না। পর্যবেক্ষকদের অভিমত হচ্ছে, বাংলাদেশের রপ্তানি আয়ের যেহেতু ৮৪ শতাংশই আসে পোশাক খাত থেকে, আর এই পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, অতএব এই চুক্তি আমাদের তৈরী পোশাক খাতের বিকাশে সহায়তা করবে। আমাদের ভঙ্গুর অর্থনীতিতেও ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। সাম্প্রতিক সময়ে যেখানে শত শত পোশাক কারখানা বন্ধ হচ্ছিল, বেকার হচ্ছিল হাজার হাজার শ্রমিক, চুক্তির ফলে সেই প্রবণতা বন্ধ হবে। বন্ধ কারখানাগুলো চালু হওয়ার পাশাপাশি নতুন নতুন কারখানা গড়ে উঠবে। কর্মসংস্থান হবে বিপুল সংখ্যক মানুষের। চুক্তির ফলে সার্বিকভাবে এক শতাংশ হারে শুল্ক কমায় এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কাঁচামালের তৈরি পোশাক রপ্তানিতে পাল্টা শুল্ক মুক্ত সুবিধা পাওয়ার বিষয়টিকে খুবই ইতিবাচক বলে মনে করছেন সে দেশে পোশাক রপ্তানির সঙ্গে যুক্ত শীর্ষ রপ্তানিকারকরা। তারা বলছেন, চুক্তির ফলে যে সুবিধা পাওয়া গেছে, তা ভালোভাবে কাজে লাগাতে পারলে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্কহার কমানো হয়েছে ১ শতাংশ, যা এখন দাঁড়িয়েছে ১৯ শতাংশে। গত সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় এই চুক্তি ভার্চ্যুয়ালি সই করে উভয় দেশ। বাংলাদেশ এখন মোট তুলার ১০ শতাংশ আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে। চুক্তির পর সেই হার অনেকটা বাড়বে। এতে ভারতের তুলার ওপর নির্ভরশীলতা কমবে। এদিকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির আওতায় থাকা বিভিন্ন শ্রেণির পণ্যের তালিকা প্রকাশ করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। যেখানে দেড় হাজারের বেশি পণ্য আছে, যেগুলো বাংলাদেশের বাজারে ঢুকবে শুল্কমুক্ত সুবিধায়। যুক্তরাষ্ট্র এই পণ্যগুলোর ওপর শুল্কমুক্ত সুবিধা পাবে চুক্তি কার্যকর হওয়ার দিন থেকে।

চুক্তি অনুযায়ী এসব কৃষিপণ্যের মোট আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩৫০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪২ হাজার কোটি টাকার বেশি। কৃষিপণ্যের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- আগামী পাঁচ বছরে প্রতি বছর কমপক্ষে ৭ লাখ মেট্রিক টন গম আমদানি। পাশাপাশি এক বছরের মধ্যে সর্বোচ্চ ১২৫ কোটি বিলিয়ন ডলার মূল্যের সয়াবিন ও সয়াজাত পণ্য আমদানির। বাংলাদেশ মার্কিন উড়োজাহাজ, জ্বালানি এবং সামরিক সরঞ্জাম ক্রয় বাড়ানোর উদ্যোগ নিতেও সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির তৈরি ১৪টি বেসামরিক উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। দীর্ঘমেয়াদি চুক্তিসহ ১৫ বছরে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানি পণ্য কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিরক্ষা খাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বাড়ানোর বিষয়ে প্রচেষ্টা চালাবে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নির্দিষ্ট কিছু দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ সীমিত রাখার কথাও চুক্তিতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দেশের পোশাক খাতের জন্য যে ইতিবাচক হবে, সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। আর এটা আমাদের অর্থনীতির জন্য যে ইতিবাচক হবে, তাতেও কোনো সন্দেহ নেই। তবে শর্ত হিসেবে আরো যেসব পণ্য ও সরঞ্জাম আমদানির প্রতিশ্রুতি বাংলাদেশের পক্ষ থেকে দেয়া হয়েছে, সেগুলো কতটা হিসাব-নিকাশ করে দেয়া হয়েছে সে সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। বিশেষ করে, যখন প্রতিবেশী দেশ ভারতের কৃষক-শ্রমিকরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি তাদের কৃষি ও শিল্পখাতের জন্য ক্ষতিকর মনে করছে। শুধু তাই নয়, চুক্তির বিরুদ্ধে ‘বনধ’-এর কর্মসূচি পালন করছে, সেখানে একই ধরনের চুক্তি আমাদের জন্য কতটা স্বার্থানুকূল সেটা ভেবে দেখতে হবে।

যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানি করায় যদি আমাদের কৃষক ও কৃষি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার জন্য ভবিষ্যতে খেসারত দিতে হতে পারে। তাছাড়া, যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি এবং বোয়িং কেনা আমাদের জন্য কতটা লাভজনক হবে সেটা নিয়েও নানা প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। তবে আশঙ্কার বিষয় হচ্ছে প্রতিরক্ষা খাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বাড়ানোর পাশাপাশি নির্দিষ্ট কিছু দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ সীমিত রাখার কথাও চুক্তিতে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীর উল্লেখযোগ্য সরঞ্জাম ক্রয় করা হয় চীন থেকে। চীনের সামরিক সরঞ্জাম আমাদের সামরিক বাহিনীর জন্য যতটা সাশ্রয়ী, সহজলভ্য এবং কৌশলগত দিক থেকে সুবিধাজনক যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেটি তেমন হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন যুক্তরাষ্ট্র যদি ‘নির্দিষ্ট দেশ’ হিসেবে চীনকেই ইঙ্গিত করে থাকে, তাহলে এটি আমাদের সামরিক বাহিনীর বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়ে উঠতে পারে। চুক্তির খুঁটিনাটি প্রকাশ হওয়ার পূর্ব পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তাই, পর্যবেক্ষক মহলের অভিমত হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির খুঁটিনাটি সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। তাই, অবিলম্বে পূর্ণাঙ্গ চুক্তি সরকারের পক্ষ থেকে প্রকাশ করতে হবে। চুক্তিতে থাকা ইতিবাচক বিষয়গুলিকে দেশের স্বার্থে কাজে লাগাতে হবে। একই সঙ্গে আমাদের জন্য নেতিবাচক যেসব দিক আছে তা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় কার্যব্যবস্থা দ্রুত গ্রহণ করতে হবে।