প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদপত্র মালিকগণের সংগঠন নোয়াব এবং সম্পাদক পরিষদের যৌথ সভা ও মানববন্ধনে বক্তাগণ সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা লইয়া যেই উদ্বেগ প্রকাশ করিয়াছেন, উহা যথার্থ। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বৃহস্পতিবার রাতে হামলাকালে কর্মরত তাঁহার প্রতিষ্ঠানের কর্মীদের ভয়ংকর অভিজ্ঞতা প্রকাশ করিতে গিয়া বলিয়াছেন, এখন মতপ্রকাশের স্বাধীনতার দাবি অতিক্রান্ত; সংবাদকর্মীদের নিরাপত্তার প্রশ্নটিই বড় হইয়া উঠিয়াছে। আমরা দেখিয়াছি, সেই রাত্রে দুর্বৃত্তরা শুধু সংবাদপত্র দুইটির ভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করিয়াই ক্ষান্ত হয় নাই; ডেইলি স্টার ভবনের অগ্নিনির্বাপণে অগ্রগামী ফায়ার ব্রিগেডের গাড়িকেও বাধা দিয়াছে। ফলে ভবনটিতে আটকাপড়া সাংবাদিকদের দগ্ধ ও প্রাণহানির শঙ্কা সৃষ্টি হইয়াছিল। বিষয়টির এইখানেই সমাপ্তি ঘটে নাই। মাহফুজ আনাম সামাজিক মাধ্যমে ছড়াইয়া পড়া একটি ভিডিওর সূত্র ধরিয়া যদ্রূপ বলিয়াছেন, শুক্রবার প্রথম আলোর সংবাদকর্মীরা যখন পূর্ব রাত্রের হামলার প্রতিবাদে কারওয়ান বাজারস্থ কার্যালয়ের সম্মুখে মানববন্ধন করিতেছিলেন, তখন এক দল মানুষ উহাতে বাধা প্রদান করে এবং এই দুই পত্রিকার সাংবাদিকদের বাড়িতে গিয়া পদপিষ্ট করিয়া হত্যা করা প্রয়োজন বলিয়া মন্তব্য করে। স্বাধীন সাংবাদিকতা তো বটেই; সাংবাদিকদের জীবন এতটা হুমকির মুখে পড়িতে পারে– অন্তত নিকট অতীতে দেখা যায় নাই।

আলোচ্য সভায় বক্তাগণ সরকারের ভূমিকা লইয়া যেই ক্ষোভ-বিক্ষোভ প্রকাশ করিয়াছেন তাহাও বলিয়া দেয়– কেন সাংবাদিকদের জীবন এই সময়ে এতটা অনিরাপদ হইল। আক্রান্ত দুই সংবাদপত্রের সম্পাদক উক্ত আক্রমণ চলাকালে সরকারের বিভিন্ন উপদেষ্টা, উচ্চপদস্থ কর্মকর্তা, এমনকি প্রধান উপদেষ্টাকেও সাহায্য কামনা করিয়া বারংবার ফোন করিয়াছেন বলিয়া সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর জানাইয়াছেন। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিপন্ন সম্পাদকদের উক্ত আবেদনে কোনো সাড়া দেন নাই। ইহার পরিপ্রেক্ষিতে নূরুল কবীর মন্তব্য করিয়াছেন, তিনি মনে করেন, সরকারের একটি অংশ অথবা সমগ্র সরকার ঐ ন্যক্কারজনক ঘটনা ঘটিতে দিয়াছেন।

যাহা হতাশাজনক, সংবাদপত্রের উপর ঐ নজিরবিহীন হামলা প্রতিহতকরণে অন্তর্বর্তী সরকারের এহেন ব্যর্থতা ও উদাসীনতা এমন সময়ে প্রদর্শিত হইল যখন দেশ ও জাতি নূতনভাবে গণতন্ত্রে উত্তরণে আশার বীজ বপন করিতেছে। সরকারও ইতিহাসের সুন্দরতম নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়াছে। স্মরণ করা যাইতে পারে, গত বৎসর সংঘটিত গণঅভ্যুত্থানের অন্যতম উদ্দেশ্য ছিল বাক ও সংবাদমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধার। বিগত সময়ে সংবাদমাধ্যমের উপর আক্রমণ যদ্রূপ সরকারের পক্ষ হইতে ছিল, তদ্রূপ সরকার সমর্থিত বিভিন্ন সংগঠনও এহেন অপকর্মে লিপ্ত ছিল। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করিয়াই নাগরিকদের জানমালের নিরাপত্তা এবং মতপ্রকাশের অধিকার নিশ্চিতকরণের অঙ্গীকার করিয়াছিল। শুধু উহাই নহে, খোদ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে প্রদত্ত তাঁহার প্রথম ভাষণে সকলকে উদারভাবে সরকারের দোষ-ত্রুটি লইয়া আলোচনা-সমালোচনার পরামর্শ দিয়াছিলেন। অথচ আজিকে তাহাদের সম্মুখেই একাদিক্রমে সাংবাদিক নিগৃহীত হইতেছেন। এমনকি সংবাদপত্রের কার্যালয় অবধি জ্বালাইয়া দেওয়া হইতেছে। বস্তুত সাম্প্রতিক মাসগুলিতে সরকারের নিষ্ক্রিয়তা বা প্রশ্রয়ের হেতু রাজধানীসহ সমগ্র দেশের যেই মব সহিংসতার বিস্তার ঘটিয়াছে, বৃহস্পতিবারের হামলা উহা হইতে বিচ্ছিন্ন নহে।

আমরা মনে করি, এহেন পরিস্থিতি কেবল সংবাদমাধ্যম নহে; গণতন্ত্র ও মানবাধিকারের জন্যও অংশনিসংকেত। গণতন্ত্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি। তবে মতপ্রকাশের অধিকার তথা সংবাদমাধ্যমের স্বাধীনতা ব্যতীত তাহা কার্যকর হয় না। এই কারণেই এই দেশে অদ্যাবধি গণতন্ত্রের জন্য যত সংগ্রাম হইয়াছে, তাহার সকল অনুষঙ্গে সংবাদমাধ্যম ও সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ অবদান রাখিয়াছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কেবল সম্পাদক ও সাংবাদিকদের দায়িত্ব নহে; সমাজের সর্বস্তরের মানুষকে সেইখানে ভূমিকা রাখিতে হইবে। সেই কারণে উক্ত সভায় সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার্থে যেই দীর্ঘ সংগ্রাম পরিচালনার অঙ্গীকার করা হইয়াছে, উহাতে সমাজের সকল মানুষের অংশগ্রহণ অপরিহার্য। শ্রেণি-পেশা নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে রুখিয়া দাঁড়াইলে মব সন্ত্রাসীরা পালাইবার পথ পাইবে না।