গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কয়েকজন পুলিশকে মারধরের যেই অভিযোগ উঠিয়াছে এক জামায়াত নেতার বিরুদ্ধে, তাহা নিন্দনীয় তো বটেই, যথেষ্ট উদ্বেগজনকও। শুক্রবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুসারে, স্থানীয় কালীবাড়ি হাটের একটা সরকারি দোকান ভাড়া দেওয়াকে কেন্দ্র করিয়া পলাশবাড়ী যুব জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে একদল যুবক ২৫ মার্চ বুধবার রাত্রি সাড়ে ৯টার দিকে থানার ভিতরে গিয়া ওসির উপর হামলা চালায়। ওসিকে বাঁচাইতে অন্য পুলিশ সদস্যরা আসিলে তাহারাও হামলার শিকার হন। হামলাকারীদের দাবি মানিয়া ওসি উক্ত দোকান বন্ধ করিতে রাজি না হওয়ায় এই হামলা হয়। ইহাতে ওসিসহ আট পুলিশ সদস্য আহত হইয়াছেন। আমরা জানি, স্থানীয় সংসদ সদস্য হইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আরেক নেতা। সম্ভবত তাঁহারই প্রভাবে বলীয়ান হইয়া মাহমুদুল হাসান উক্ত অপকর্মে লিপ্ত হইয়াছেন। এই ঘটনা প্রমাণ করে বিশেষত পুলিশের মাঠ প্রশাসন এখনও কতটা রাজনৈতিক চাপের মধ্যে রহিয়াছে, অর্থাৎ প্রভাবশালী রাজনৈতিক শক্তির সম্মুখে পুলিশ অসহায়। ইহা সত্য, বর্তমানে রাষ্ট্রক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জামায়াত রহিয়াছে বিরোধী দলে। কিন্তু ইহাও স্পষ্ট, বিরোধী দলে থাকিয়াই উক্ত জামায়াত নেতা সরকারি সম্পত্তি দখলের আপাত ব্যর্থ চেষ্টা চালাইয়াছেন। যথায় বিরোধী দলের দায়িত্ব সরকার ও সরকারি দলের যেই কোনো ভুল বা অন্যায় প্রতিরোধে নিয়ম মানিয়া সক্রিয় হওয়া, তথায় জামায়াত নেতার এহেন অপকর্মের ব্যাখ্যা কী হইতে পারে?
পরিহাসজনক হইল, এই ন্যক্কারজনক হামলা এমন সময়ে ঘটিল যখন গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে প্রদত্ত দলীয় ইশতেহারে জামায়াতে ইসলামী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণে ‘নৈতিক অনুশাসন’ যুক্ত করিবার প্রস্তাব করিয়াছে। উপরন্তু, অপরাধ রিপোর্টের জন্য অ্যাপ চালু করিয়া ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে। নিজেরাই যখন অনৈতিক উপায়ে সরকারি সম্পত্তি দখলের প্রয়াস চালায়, তখন পুলিশের ঐ নৈতিক প্রশিক্ষণের মূল্য কতটা থাকে? আর উক্ত অ্যাপ চালুর প্রস্তাব কতটা আন্তরিকতাপূর্ণ, সেই প্রশ্নও উঠিতে পারে। হ্যাঁ, সরকার গঠন করিতে প্রয়োজনীয় জনসমর্থন না পাওয়ায় জামায়াতের উক্ত ইশতেহার বাস্তবায়নের আশু দায় হয়তো নাই। কিন্তু বিরোধী দলে থাকিয়াও এমন আচরণ করা যায় না, যাহা সরকারের জন্য করণীয় বলিয়া নিজেরই প্রস্তাবের বিরুদ্ধে যায়। তদুপরি ‘আপনি আচরি ধর্ম পরেরে শিখাও’ কথাটা তো ভুল নহে, ভবিষ্যতে ক্ষমতায় যাইতে হইলেও জামায়াত নেতাদের তাহা স্মরণে রাখিতে হইবে।
আলোচ্য ঘটনায় জনমনে এই শঙ্কাই জাঁকিয়া বসিতে পারে যে আইন উহার নিজস্ব ধারায় এখনও চলিতে পারিতেছে না, ফলে আইনের শাসন প্রতিষ্ঠার স্বপ্নও সুদূরপরাহতই থাকিয়া যাইতেছে। এই ক্ষেত্রে সরকারের দায়ও কম নহে, বরং অধিক। দেশের সর্বত্র অপরাধকর্ম প্রতিরোধের দায়িত্ব প্রধানত সরকারের। কিন্তু পলাশবাড়ীর ঘটনায় তাহার ব্যত্যয় ঘটিয়াছে মনে করা যায়। সর্বোপরি যেই পুলিশের মাধ্যমে উক্ত অপরাধবৃত্তি প্রতিরোধ হইবার কথা, সেই পুলিশ নিজেই যখন অপরাধীদের দৌরাত্ম্যের মুখে অসহায় হইয়া পড়ে তখন সরকারের জনগণের জানমালের নিরাপত্তা বিধানের হাতিয়াটির কার্যকারিতা লইয়াও প্রশ্ন উঠে।
এই পরিস্থিতিতে সরকারকে শুধু উক্ত হামলাকারীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি নিশ্চিত করিলেই চলিবে না, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধীদের বিরুদ্ধে ত্বরিত পদক্ষেপ গ্রহণের সক্ষমতা লইয়াও ভাবিতে হইবে। ২০২৪ সালের আগস্টে বিশেষত পুলিশ বাহিনীর উপর সমগ্র দেশে যেই অনাকাঙ্ক্ষিত হামলা, এমনকি হত্যাযজ্ঞ চলিয়াছে, তাহাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রধান বাহিনীটির মনোবল সম্পূর্ণ ভাঙিয়া পড়িয়াছিল, ইহা আমরা জানি। সেই মনোবল ফিরাইয়া আনিতে যথেষ্ট কাজ হইয়াছে অদ্যাবধি, এই দাবি করা যায় না। অন্যদিকে নিয়মতান্ত্রিক বিরোধী দল হিসাবে জামায়াতে ইসলামীকেও উক্ত অভিযুক্ত নেতাকর্মীর বিরুদ্ধে উপযুক্ত তদন্তসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই বিষয়ে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করিতে হইবে।
