প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ‘ইতিহাসের সেরা নির্বাচন’ হবে বলে বারবার বলেছেন। তবে নির্বাচন যখন ভোটারদের দরজায় কড়া নাড়ছে, তখন নির্বাচন নিয়ে অনিয়মের নানা আলামত প্রকাশিত হচ্ছে। ভোটে কারচুপি করার নানা অপতৎপরতাসহ নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। এতে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ‘ইতিহাসের সেরা নির্বাচন’ হওয়া নিয়ে নানা সন্দেহ ও সংশয়ের সৃষ্টি হয়েছে।
গতকাল একটি জাতীয় দৈনিকে ‘এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, হবিগঞ্জের চুনারুঘাট উপপজেলার বরমপুর গ্রামে অবস্থিত নামসর্বস্ব এই এনজিও বা বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টকে (পাশা) সবচেয়ে বেশি নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এবারের সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে নির্বাচন কমিশন থেকে অনুমতি পেয়েছে ৮১টি দেশি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন। এর মধ্যে শুধু পাশারই আছে ১০ হাজার ৫৫৯ জন, যা মোট দেশি পর্যবেক্ষকের ১৯ শতাংশ। পাশার নিজস্ব কোনো কর্মী না থাকলেও ১২৭টি আসনে নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেয়া হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় সংস্থাগুলো নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে পর্যবেক্ষণ সংস্থাকে ইসিতে নিবন্ধিত হতে হয়। বর্তমান ইসি আগে নিবন্ধিত সব কটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন করে নিবন্ধনের আবেদন আহ্বান করে গত বছরের ২৭ জুলাই। ৭ নভেম্বর প্রথম ধাপে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। সেখানে পাশার নাম ছিল না। ডিসেম্বরে পাশাসহ আরও ১৫টি সংস্থাকে নিবন্ধন দেয়া হয়। ৮ ডিসেম্বর নিবন্ধন পাওয়া মোট ৮১টি সংস্থার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভোটের দিন ভোটার ও নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তিরা ছাড়া কেউ ভোটকেন্দ্রে ঢুকতে পারেন না। অনুমোদিত হিসেবে পর্যবেক্ষকেরা ভোটকেন্দ্রে গোপন কক্ষ ছাড়া অন্য সব জায়গায় যাওয়ার সুযোগ পান। ভোট গণনার সময়ও তারা থাকতে পারেন। সার্বিকভাবে নির্বাচন কেমন হলো, তা পর্যবেক্ষণ করে নির্বাচন শেষে ইসিতে লিখিত প্রতিবেদন দিতে হয় সংস্থাগুলোকে। কী করে পাশা’র মতো একটি নামসর্বস্ব ও এক ব্যক্তিনির্ভর সংস্থা নিবন্ধিত হয়েছে, এ নিয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, নিবন্ধিত সংস্থাগুলোই পর্যবেক্ষক মোতায়েনের পরিকল্পনা দিয়েছে। এতে কোনো রকম ব্যত্যয় মনে হয়নি, সে জন্য তাদের অনুমোদন দেওয়া হয়েছে। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেছেন, পর্যবেক্ষক অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যেভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন ছিল, নির্বাচন কমিশন সেটা করেনি। কমিশন পক্ষপাতদুষ্ট কিছু সংগঠনকেও পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে বলে অভিযোগ আছে। কমিশন কোন বিবেচনায়, কীভাবে পর্যবেক্ষক অনুমোদন দিয়েছে, তা বোধগম্য নয়। এর আগে প্রার্থী বাছাইয়ে ও আপিলের ক্ষেত্রেও ইসি শৈথিল্য দেখিয়েছে। এসব ঘটনা ইসির সক্ষমতার ইতিবাচক প্রতিফলন নয়।
১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কিনা, এ নিয়ে সচেতন মহল ব্যাপক সন্দেহ পোষণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। নির্বাচনে কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য কোথায় কি ধরনের অপতৎপরতা চলছে, তাও অনেকে তুলে ধরছে। গত ৪ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরে তৈরি করা ৬টি ভোটার সিলসহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এক জামায়াত নেতার নির্দেশে সিলগুলো তৈরি করা হয়েছে বলে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছে। গত সপ্তাহে বরিশাল ও ফরিদপুরের জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও ভোটার সিল ও জাল ব্যালট পেপার ছাপা প্রসঙ্গে কথা বলেছেন। এমন গুরুতর অভিযোগের পরও নির্বাচন কমিশনকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ ও বক্তব্য দিতে দেখা যায়নি।
এর আগে মধ্যপ্রাচ্যে প্রাবাসী এক জামায়াত নেতার বাসায় পোস্টাল ব্যালট পেপার পাওয়া নিয়ে চরম অনিয়মের ঘটনা ঘটেছে। এই অনিয়মের ঘটনায় বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করার পর নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালট পেপার নিয়ে কোথাও কোনো অসঙ্গতি ঘটলে কাউকে ছাড় দেয়া হবেনা এবং কেউ চিহ্নিত হলে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা হবে। নির্বাচন কমিশন এটুকু লিপ সার্ভিস দিয়েই দায়িত্ব শেষ করেছে। এদিকে নির্বাচনে কারচুপি করার নানা আলামত পরিলক্ষিত হচ্ছে। নির্বাচনে গোলোযোগ করার মতো অপতৎপরতার আশংকা করা হচ্ছে। গত বুধবার রাজধানীর সূত্রাপুরে জামায়াতে ইসলামীর এক সদস্যের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে।
এর আগে মিরপুরেও এক বাসা থেকে কয়েকশ’ বাঁশের খ- আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে। এগুলো কী কাজে ব্যবহার করা হবে, তা বোধকরি ব্যাখ্যা করে বলার অবকাশ নেই। শুধু তাই নয়, জামায়াতে ইসলামীর কর্মীদের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর নেয়ার অভিযোগ উঠেছে। দেখা যাচ্ছে, নির্বাচনে কারচুপি, প্রভাবিত করা ও গ-গোল পাকানোর উদ্দেশ্যে এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, তার প্রায় সব ক্ষেত্রেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। জনমনে এই পারসেপশন জন্মেছে, দলটি নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিংসহ যত ধরনের পদক্ষেপ নেয়া দরকার, তা নিচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা ও উদ্বেগ পরিলক্ষিত হচ্ছে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অপতৎপরতা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। নির্বাচন কমিশনের এ নিয়ে স্পষ্ট বক্তব্য ও পদক্ষেপ থাকা জরুরি। তারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপর একটি দল বিশেষ করে জামায়াতে ইসলামীর ব্যাপক প্রভাব রয়েছে। দলটিকে ‘ছায়া সরকার’ হিসেবেও অভিহিত করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর জামায়াতের আমীর সরকারের ওপর তাদের প্রভাব রয়েছে বলেও সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মন্তব্য করেছিলেন। প্রশাসন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, ডিসি-এসপি, শিক্ষা প্রতিষ্ঠানস মসজিদ-মাদরাসায় দলটি তার অনুগত লোকজন বসিয়ে দিয়েছে। নির্বাচনে তাদের লোকজনই বেশি দায়িত্ব পালন করবে। এমতাবস্থায়, নির্বাচন প্রভাবিত হওয়া এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ও শঙ্কা থাকা অস্বাভাবিক নয়।
নির্বাচনী পরিবেশের সার্বিক দিক বিবেচনায়, আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের আন্তরিকতা ও সক্ষমতার ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। এমন হলে, প্রধান উপদেষ্টার ‘ইতিহাসের সেরা’ নির্বাচন কীভাবে নির্বাচন কমিশন উপহার দেবে, এ প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। অথচ দেশের ক্রান্তিকালে, গুরুত্বপূর্ণ বাঁকবদল এবং গণতন্ত্র উত্তরণকালে এ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য হওয়ার বিকল্প নেই। নির্বাচনের সময়ের শেষ প্রান্তে এসে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়া অনভিপ্রেত ও দুঃখজনক। আমরা মনে করি, এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে যেসব উদ্বেগজনক ঘটনা ঘটেছে এবং যা নিয়ে জনমনে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এমন সংশয় সৃষ্টি হয়েছে, তা দূর করতে নির্বাচন কমিশনকে অত্যন্ত কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। নামসর্বস্ব প্রতিষ্ঠান নির্বাচনী পর্যবেক্ষক কীভাবে হলো, এর পেছনে কারা রয়েছে, তাদের শনাক্ত করে যথাযথ পদক্ষেপ নিতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ করার উদ্যোগ নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী এবং সকল গোয়েন্দা সংস্থাকে অধিক সক্রিয় করতে হবে। যারা নির্বাচনকে প্রভাবিত, কারচুপি ও ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্রের অভিপ্রায়ে লিপ্ত তাদের শনাক্ত করে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
