বৃহৎ স্বপ্ন লইয়া সৌদি আরব গিয়া বরিশালের এক তরুণী প্রায় এক বৎসর যেই দুঃসহ জীবন যাপনে বাধ্য হইয়াছেন উহা কেবল উদ্বেগজনকই নহে, প্রবাসী নারীকর্মীর প্রতি রাষ্ট্রের ভয়ংকর উদাসীনতাও উন্মোচন করিয়া দেয়। শুক্রবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিতে নিয়োগ দেওয়া হইবে বলিয়া সেই তরুণীকে যেই গৃহে নিযুক্ত করা হয়, সেইখানে যথাযথ খাদ্যই মিলিত না। বেতন চাহিলে মিলিত শারীরিক নির্যাতন। উপরন্তু চারবার পাচার চক্রের খপ্পরে পড়িয়াছেন তিনি। সৌদি পুলিশের আশ্রয় প্রত্যাশা করিলে অন্তঃসত্ত্বা অবস্থায় পাঁচ মাস বন্দি থাকিতে হয় কারাগারে। এই পরিস্থিতিতে একজন বাংলাদেশি নারী কীভাবে দেশে ফিরিতে সক্ষম হইলেন– উহাও বিস্ময়কর বটে! প্রবাসী নারী কর্মীর এই দুঃখগাথার দায় লইবে কে?
বস্তুত বরিশালের এই তরুণী একা নন, আরও অনেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনুরূপ নির্যাতন ও অনিরাপদ পরিস্থিতি হইতে রক্ষা পাইতে কোনো প্রকারে প্রাণ হাতে লইয়া দেশে ফিরিতে বাধ্য হন। অভিবাসীকর্মী উন্নয়ন কর্মসূচির সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়াছে, দেশে ফিরিয়া আসা ৯৪ শতাংশ নারী নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। ৪৭ শতাংশ নারী যৌন হয়রানির কথা প্রকাশ করেন। ৯৭ শতাংশ নারী চিকিৎসা এবং ৮০ শতাংশ নারী পর্যাপ্ত খাবার পান নাই। ৮২ শতাংশ নারীকে ভোর হইতে মধ্যরাত্রি পর্যন্ত কর্ম করিতে হয়। ৯৭ শতাংশকে সাপ্তাহিক ছুটি দেওয়া হয় নাই। ইতোমধ্যে প্রবাসী নারী শ্রমিকের এহেন দুর্দশার প্রভাব নারী শ্রমিক অভিবাসনের উপর পড়িয়াছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাম্প্রতিক পরিসংখ্যানমতে, ২০১৬ সালে নারী অভিবাসীর সংখ্যা ছিল লক্ষাধিক। কিন্তু ২০২৪ সালে বিদেশে গিয়াছে ৬১ সহস্র নারী কর্মী, আর গত বৎসরের মে মাস পর্যন্ত সংখ্যাটি ছিল ২৪ সহস্রের কিছু বেশি। অথচ প্রান্তিক নারীদের কর্মসংস্থান, তৎসহিত বৈদেশিক মুদ্রা অর্জনে এহেন অভিবাসন এক দশক পূর্বেও ছিল সম্ভাবনাময়।
দুঃখজনক হইল, এই সকল চিত্র প্রতিনিয়ত সংবাদমাধ্যমে প্রচার হইলেও রাষ্ট্র কার্যকর প্রতিকার বা প্রতিরোধমূলক তৎপরতা চালাইতেছে না। বিশেষত বাংলাদেশি নারী কর্মীদের পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণের ক্ষেত্রে কূটনীতি শক্তিশালী নয় বলিয়া বহুদিন ধরিয়া অভিযোগ উঠিতেছে। অধিকাংশ নারী কর্মীর গন্তব্যস্থল মধ্যপ্রাচ্যের দেশসমূহে একদিকে আন্তর্জাতিক শ্রম আইন কার্যকর নহে, অন্যদিকে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিও অনেকাংশে বৈরী। এই কারণেই আলোচ্য তরুণী প্রতারণা ও শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হইবার পরও সৌদি পুলিশের সহায়তা পান নাই। এমতাবস্থায় সংশ্লিষ্ট দেশে যদি শ্রম কর্মকর্তা না থাকেন অথবা থাকিলেও দায়িত্বহীন আচরণ করেন তাহা হইলে ভুক্তভোগীর দুর্দশা দাঁড়ায় বহু গুণে। বিদেশের মাটিতে বিপুল সংখ্যক নারী কর্মী কর্ম করিলেও তাহাদের সমস্যা নিরসন এবং সহযোগিতার জন্য খুব কম দেশেই শেল্টার হোম এবং দ্রুত সহযোগিতা পাওয়ার জন্য হটলাইন রহিয়াছে বলিয়া জানা যায়। প্রসংগত, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ইত্যাদি দেশ হইতেও নারী গৃহশ্রমিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায় কার্যোপলক্ষে। তাহাদের নিরাপত্তার ব্যাপারে দেশসমূহের সরকার অধিকতর যত্নশীল। সর্বোপরি, চুক্তিপত্রে এই দেশসমূহের পক্ষ হইতে যথেষ্ট কঠোরতা প্রদর্শন করা হয়, যাহা বাংলাদেশে বেশ শিথিল।
বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষে সমকালকে যথার্থই বলা হইয়াছে, নিয়োগ কর্তৃপক্ষ ও নির্যাতনের সহিত সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না লইয়া নির্যাতনের শিকার তরুণীদের দেশে ফেরত পাঠানো অনাকাঙ্ক্ষিত। তৎসহিত দেশে প্রত্যাবর্তনের পর তাহাদের পার্শ্বে দাঁড়াইবার ন্যায় রাষ্ট্রীয় কাঠামো দাঁড়ায় নাই। আমাদের প্রত্যাশা, নূতন সরকার সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের সহিত পরামর্শক্রমে বিদেশে নারীকর্মীদের অভিযোগগুলির প্রতিকারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করিবে। মধ্যপ্রাচ্য ছাড়াও নারী কর্মীদের জন্য নূতন বাজার অন্বেষণ করা হইবে।
